জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে বড় অবদান ছিল তানজিদ হাসানের। বাঁহাতি ওপেনার সেটার পুরস্কার পেলেন র্যাকিংয়ে।
টানা দুই ফিফটিতে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। উন্নতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। তিনি ৯ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন।
সুখবর পেয়েছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেনও। টি-টোয়েন্টির বোলারদের র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মেহেদী। তিনি এখন ১৯তম স্থানে। রিশাদ ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে।
এদিকে, ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়ে এই সংস্করণে ব্যাটারদের র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে।
২০২০ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরলেন রুট। সিরিজজুড়ে ৯৬.৮৮ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি এবং জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কারও।
নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। চার ইনিংসে ৮৬ রান এবং ৮ উইকেট নিয়ে তিনি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন।
ওয়ানডের অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।




