ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। চার বছর দায়িত্ব থাকার পর বরখাস্ত হলেন এই সাবেক নিউজিল্যান্ডের তারকা ওপেনার। রবিবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঠিক দুই সপ্তাহ আগেই বেন স্টোকস সবাইকে চমকে দিয়ে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। আর এবার ম্যাককালামের এই বিদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যবনিকা ঘটল ইংল্যান্ড ক্রিকেটের বহুল আলোচিত ‘বাজবল’ অধ্যায়ের।
তবে কিউই এই কিংবদন্তি টেস্টের দায়িত্ব হারালেও ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন।
মূলত সাম্প্রতিক সময়ে টেস্ট দলের টানা ব্যর্থতা এবং মাঠের বাইরের কিছু অনাকাঙ্ক্ষিত বিতর্কের জের ধরেই টেস্ট দল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবশ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকরা পুরুষ দলের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নিলেও, নিজের পজিশন ধরে রাখছেন ক্রিকেট ডিরেক্টর রব কি।
বিদায়ের পর ম্যাককালাম বলেন, ‘টেস্ট দলকে কোচিং করানো আমি ভীষণ উপভোগ করেছি এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। অনেক অসাধারণ মুহূর্ত ছিল, আবার কিছু কঠিন সময়ও গেছে। অবশ্যই আমি হতাশ যে দায়িত্ব চালিয়ে যেতে পারছি না, তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের দলগুলোকে আরও এগিয়ে নেওয়ার দিকে।’
ইংল্যান্ড শেষ নয়টি টেস্টের মধ্যে সাতটিতেই হেরেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ হেরেছে ৪-১ ব্যবধানে। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার ছিল মরার উপর খাঁড়ার ঘা! নিউজিল্যান্ডের কাছে এই হার ছিল ইংল্যান্ডের ১৪ বছরের মধ্যে ঘরের মাঠে অন্তত তিন ম্যাচের সিরিজে প্রথম পরাজয়।




