নারায়ণগঞ্জের রূপগঞ্জে এতিম শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখা। গতকাল শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর রূপগঞ্জের একটি এতিমখানায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে শুভসংঘের সদস্যরা এতিম শিশুদের সঙ্গে একই কাতারে বসে খাবার গ্রহণ করেন।
পাশাপাশি তাদের খোঁজখবর নেন, সময় কাটান এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন সদস্যরা। এ আয়োজনে এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। শুধু আর্থিক সহায়তা নয়, তাদের সঙ্গে সময় কাটানো, ভালোবাসা ভাগ করে নেওয়া এবং আপন করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক দিকনির্দেশনায় এবং বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক ও সাধারণ সম্পাদক রিমন রহমানের নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
এ সময় আবদুল হান্নান মিলটন বলেন, ‘এতিম শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তবে একটি মানবিক, সহমর্মিতাপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। শুভসংঘ সেই মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’
রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক বলেন, ‘আমরা চাই এতিম শিশুরা যেন কখনো নিজেদের একা মনে না করে। তাদের পাশে সমাজের মানুষ রয়েছে—এই অনুভূতি তৈরি করাই আমাদের এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা শাখার সহসভাপতি ইয়াছিন মিয়া, সহ-সাধারণ সম্পাদক লিনা, সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল, ধর্মবিষয়ক সম্পাদক ওহিদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাগরিকা, সদস্য আব্দুলসহ বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখার অন্য সদস্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।









