বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ শুক্রবার সড়কপথ দিয়ে ঢাকায় পৌঁছাবেন। কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল সীমান্তে পৌঁছাবেন। তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী মিনাল ত্রিবেদী। তাঁর আগমন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে৷
এদিকে বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর আগমনের আগেই দুই দেশের টানাপোড়েন কাটিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সু সম্পর্কের বার্তা দেন তিনি। গতকাল বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশে নিযুক্ত এই নতুন হাইকমিশনার। বাংলাদেশ ও ভারতের সীমান্ত যেমন অভিন্ন, তেমনি স্বপ্নও অভিন্ন- তাই ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই-বোন। আমি আগেই বলেছি, আমাদের অভিন্ন লক্ষ্য সীমান্ত নয়, স্বপ্ন। আর সেই স্বপ্নও অভিন্ন। (বাংলায় তিনি বলেন) একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা। তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব।’
গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লেটার্স অব ক্রিডেনশিয়ালস (পত্রাধিকার) গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের আইনি ও কূটনৈতিক অনুমোদন লাভ করেন। এপ্রিল মাসে নিয়োগ ঘোষণার পর থেকে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং এখন ঢাকায় এসে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্রিডেনশিয়ালস উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে মিশন শুরু করবেন।








