ডান পায়ের সোলিয়াস পেশির চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালেরদি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বালেরদির স্থলাভিষিক্ত হিসেবে আলবিসেলেস্তেদের ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি।
বিশ্বকাপের লড়াই শুরুর আগেই চোটের ধাক্কা খেল আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বালেরদির দ্রুত সুস্থতা কামনা করে আর্জেন্টিনা দল জানায়, ‘ডিফেন্ডার লিওনার্দো বালেরদি ডান পায়ের সোলিয়াস পেশিতে আঘাত পেয়েছেন। যার ফলে বিশ্বকাপের স্কোয়াডে তার থাকা সম্ভব হচ্ছে না। বালেরদি, দ্রুত সুস্থ হয়ে ওঠো!’
আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ স্কোয়াডের শেষ সদস্য নির্বাচনের জন্য গত মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচকে বেছে নিয়েছিলেন। ম্যাচ শেষে স্ক্যালোনি বলেছিলেন, ‘আজকের পরীক্ষাটি আমাকে সন্তুষ্ট করেছে এবং দলের ঘাটতি নিয়ে আমার অনেক দ্বিধা দূর হয়েছে। বালেরদির বদলি খেলোয়াড় ঘোষণা করতে হয়তো আরো এক বা দুই দিন সময় নিতে পারি।’
ইতালীয় বংশোদ্ভূত হওয়ার কারণে মার্কোস সেনেসির সামনে সুযোগ ছিল আজ্জুরিদের হয়ে খেলার। তবে তিনি সেই সুযোগ প্রত্যাখ্যান করে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন। ২০২২ ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলের ডাক পাওয়া এই ডিফেন্ডার এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক করেন। গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ৯০ মিনিট খেলা ছাড়াও, গত ২৭ মার্চ মৌরিতানিয়ার বিপক্ষে লা বোমবোনেরায় আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।
বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি ব্যক্তিগত ক্যারিয়ারেও বড় খবর পেয়েছেন সেনেসি। আগামী ১ জুলাই বোর্নমাউথের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারে ফ্রি ট্রান্সফারে যোগ দেবেন। এর ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরোর ক্লাব সতীর্থ হিসেবেও দেখা যাবে তাকে।
মার্কোস সেনেসি বর্তমানে মিসৌরির কানসাস সিটিতে দলের সঙ্গে যোগ দেওয়ার পথে আছেন। আর্জেন্টিনার গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে আর্জেন্টিনা।




