• ই-পেপার

পিএইচডিধারীদের ২ মাসের কাজ এআই করে ২ ঘণ্টায়!

টিকটকের শিশু নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
টিকটকের শিশু নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখছে যুক্তরাজ্য
ছবি : রয়টার্স

যুক্তরাজ্যে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অফকম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টিকটকের যুক্তরাজ্য শাখা শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে কি না, তা খতিয়ে দেখবে অফকম।

তদন্তে টিকটক কীভাবে কোনো ব্যবহারকারী শিশু কি না, তা শনাক্ত করে—সেটিও দেখা হবে। পাশাপাশি শিশুদের ক্ষতিকর কনটেন্ট দেখা ঠেকাতে প্ল্যাটফর্মটির পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না, তা যাচাই করবে সংস্থাটি।

এর আগে মে মাসে অফকম জানিয়েছিল, ব্রিটিশ শিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট থেকে রক্ষায় টিকটক যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেয়নি।

তবে তদন্ত শুরু হওয়া মানেই টিকটক আইন ভেঙেছে—এমন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি অফকম।

টিকটক অবশ্য কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বয়স অনুযায়ী ব্যবহারকারীদের জন্য নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা বিভিন্ন প্রযুক্তি ও নীতিমালা ব্যবহার করে।

এদিকে এক মাস আগে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সরকার।

অ্যামাজনের ক্লাউড বিভাগে নতুন দায়িত্বে ডেভ ট্রেডওয়েল

অনলাইন ডেস্ক
অ্যামাজনের ক্লাউড বিভাগে নতুন দায়িত্বে ডেভ ট্রেডওয়েল
ছবি : রয়টার্স

প্রায় ১৮ বছর পর অ্যামাজন ছাড়ছেন প্রতিষ্ঠানটির ক্লাউড বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভ ব্রাউন। তার জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যামাজনের ই-কমার্স বিভাগের শীর্ষ নির্বাহী ডেভ ট্রেডওয়েল।

বুধবার অ্যামাজন এ তথ্য জানায়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেভ ব্রাউন চলতি মাসের শেষ দিকে প্রতিষ্ঠান ছাড়বেন। কম্পানির বাইরে নতুন একটি দায়িত্ব নিতে তিনি অ্যামাজন ছাড়ছেন।

ব্রাউনের জায়গায় দায়িত্ব নেওয়া ডেভ ট্রেডওয়েল অ্যামাজনের ই-কমার্স বিভাগের গুরুত্বপূর্ণ নির্বাহী। ক্লাউড বিভাগে তার নিয়োগকে অ্যামাজনের বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের শুরুর দিকের দলের সদস্য ছিলেন ব্রাউন। ২০০০-এর দশকে দক্ষিণ আফ্রিকায় অ্যামাজন ওয়েব সার্ভিসেসের গুরুত্বপূর্ণ সেবা ইসি২ তৈরিতে কাজ করেন তিনি।

ইসি২-এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান অ্যামাজনের সার্ভারের ভার্চুয়াল অংশ ভাড়া নিয়ে অ্যাপ ও ওয়েবসাইট চালাতে পারে।

সাম্প্রতিক সময়ে এডব্লিউএসের কম্পিউটিং ও মেশিন লার্নিং সেবার দায়িত্বেও ছিলেন ব্রাউন। বেডরক ও সেজমেকারের মতো এআই সেবাও তার দায়িত্বের মধ্যে ছিল।

এ ছাড়া অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসির গুরুত্বপূর্ণ ২৮ সদস্যের ‘এস-টিম’-এরও সদস্য ছিলেন ব্রাউন।

ব্রাউন বলেন, নতুন অধ্যায় শুরু করার জন্য এখনই উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন।

এদিকে এআই সেবার চাহিদা বাড়ায় অ্যামাজনের ক্লাউড ব্যবসা ভালো করছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এডব্লিউএসের আয় ২৮ শতাংশ বেড়েছে।

চীনে এআই সেবায় আলিবাবা-বাইদুর প্রযুক্তি নেবে অ্যাপল

অনলাইন ডেস্ক
চীনে এআই সেবায় আলিবাবা-বাইদুর প্রযুক্তি নেবে অ্যাপল
চীনের সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। ছবি : রয়টার্স

চীনে এআই সেবা দিতে আলিবাবা ও বাইদুর প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল। এই খবর প্রকাশের পর হংকংয়ের শেয়ারবাজারে প্রতিষ্ঠান দুটির শেয়ারের দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এদিন আলিবাবার শেয়ার প্রায় ৫ শতাংশ এবং বাইদুর শেয়ার ৪ শতাংশ বেড়ে যায়।

অন্যদিকে, চীনের সার্চ ইঞ্জিনের জন্য পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু চীনে আইফোনের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার তৈরিতে অ্যাপলের সঙ্গে কাজ করছে। ক্লাউড, ম্যাপিংসহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সেবাও রয়েছে প্রতিষ্ঠানটির। এই অংশীদারিত্বের খবর প্রকাশের পর বাইদুর শেয়ারের দামও বেড়েছে।

আলিবাবা জানিয়েছে, চীনে অ্যাপলের বিভিন্ন সেবায় তাদের কিউয়েন এআই মডেল যুক্ত হবে। এর মধ্যে থাকবে আইফোন, আইপ্যাড, ম্যাক ও ভিশন ওএসের এআই সুবিধা।

এর ফলে ব্যবহারকারীরা আলাদা অ্যাপ বা টুলে না গিয়েই লেখা ও ছবি বোঝা এবং তৈরির মতো এআই সুবিধা পাবেন।

অন্যদিকে চীনে আইফোনের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার তৈরিতে অ্যাপলের সঙ্গে কাজ করছে বাইদু। এই অংশীদারির খবর প্রকাশের পর বাইদুর শেয়ারের দামও বেড়েছে।

বুধবার চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপল ইন্টেলিজেন্সের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে।

অ্যাপল ইন্টেলিজেন্সসহ সাতটি স্মার্টফোনভিত্তিক এআই সেবাকে অনুমোদন দিয়েছে চীনা কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে হুয়াওয়েও রয়েছে।

এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। এআইয়ে আধিপত্য ধরে রাখতে দুই দেশই প্রযুক্তি খাতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে।

শিশুদের সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি, নিরাপত্তা ব্যবস্থা জানাল টিকটক

অনলাইন ডেস্ক
শিশুদের সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি, নিরাপত্তা ব্যবস্থা জানাল টিকটক
ছবিঃ রয়টার্স

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন সময় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিজেদের নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেছে টিকটক।

মঙ্গলবার (১৪ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টিকটকের নীতিবিষয়ক প্রধান আলি ল বলেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকটকে ৫০টিরও বেশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে এক ঘণ্টা পর স্ক্রিন টাইম কমানোর সতর্কবার্তা এবং রাত ১০টায় বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া ১৬ বছরের কম বয়সীদের সরাসরি মেসেজ পাঠানোর সুবিধা সীমিত করা হয়েছে। ১৮ বছরের কম বয়সীরা টিকটক শপে পণ্য বিক্রিও করতে পারে না।

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন নিয়ম আনার কথা ভাবছে। এমনকি সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য বয়সসীমা নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ইইউর অভিযোগ, টিকটকের অসীম স্ক্রল, অটোপ্লে ও বারবার নোটিফিকেশনের মতো কিছু ফিচার ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখে।

তবে টিকটকের আলি ল বলেন, তরুণদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে তারা গুরুত্ব দিচ্ছেন। গত বছর অনলাইন নিরাপত্তায় টিকটক ২ বিলিয়ন ডলার খরচ করেছে বলেও জানান তিনি।

এদিকে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ বাড়ছে। অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিস ও স্পেনও শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার বিষয়ে উদ্যোগ নিচ্ছে।