• ই-পেপার

পে-স্কেলের প্রতীক্ষা আরো বাড়ল

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ ডলার

অনলাইন ডেস্ক
জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ ডলার

জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ (১ দশমিক ২৬৬ বিলিয়ন) মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ (১১৫ মিলিয়ন) মার্কিন ডলার।

দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। একই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

অনলাইন ডেস্ক
নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগামী ১৫ দিন নতুন ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন নাগরিকরা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১৮ বছর পূর্ণকারীদের এ সুযোগ দিচ্ছে ইসি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। গতকাল ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। 

জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে ৯ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা। ওই তালিকা ইউনিয়ন পরিষদ/পৌরসভা এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে প্রদর্শনের জন্য রাখা হবে। এ তালিকা থেকে যদি কেউ বাদ পড়েন বা কোনো তথ্য ভুল থাকে তবে ২৪ আগস্টের মধ্যে ভোটার অন্তর্ভুক্তি বা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে তারা স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছেন। এ ক্ষেত্রে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে। 

বর্তমানে দেশে ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

জুলাই শহীদ দিবস আজ

অনলাইন ডেস্ক
জুলাই শহীদ দিবস আজ
শহীদ আবু সাঈদ

আজ ‘জুলাই শহীদ দিবস’। শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। একই দিন চট্টগ্রামে শহীদ হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। 

বৈষম্যবিরোধী এ আন্দোলনে প্রথমবারের মতো এক দিনে প্রাণ হারান ছয় সূর্যসন্তান। পরে দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হচ্ছে। 

আজ দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া জুলাই শহীদদের রুহের মাগফিরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 

দিবসের কর্মসূচির মধ্যে আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের বাড়িতে গিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং চট্টগ্রামের মুরাদপুরে শহীদ ওয়াসিমের শাহাদাতস্থলে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন যখন চলছিল ঠিক তখনই তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আন্দোলন দমাতে ছাত্রদের ওপর নির্বিচার গুলি চালায়। ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের বন্দুকের সামনে যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তা দেখে স্তম্ভিত হয়ে যায় পুরো বিশ্ব। তার মৃত্যুতে পাল্টে যায় আন্দোলনের গতিপথ। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সমর্থকদের হামলায় ১৬ জুলাই আবু সাঈদ, ছাত্রদলের ওয়াসিমের পাশাপাশি সারা দেশে শহীদ হন ছয়জন। আন্দোলনে শহীদ অন্য চারজনের মধ্যে দুইজন ঢাকার এবং বাকিরা চট্টগ্রামের। ঢাকায় শহীদ হন নিউমার্কেট এলাকার হকার মো. শাহজাহান এবং নীলফামারীর যুবক সবুজ আলী। চট্টগ্রামে এমইএস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমদ শান্ত এবং স্থানীয় ফার্নিচার দোকানের কর্মচারী মোহাম্মদ ফারুক। আহত হয় অসংখ্য ছাত্র-জনতা। 

জেলায় জেলায় সংঘর্ষ, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। একদিকে সমগ্র দেশের ছাত্র-জনতা, অন্যদিকে আওয়ামী সরকার, তাদের সমর্থক গোষ্ঠী ও প্রশাসন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এ দিন আন্দোলনে যোগ দেয়। অবস্থা বেগতিক দেখে এবং আন্দোলন দমাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হাসিনা সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশে মোতায়েন করে সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সরকারের এ দমনপীড়ন ঠেকাতে পারেনি আন্দোলনকারীদের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ছাত্র-জনতার সম্মিলিত এক দফা আন্দোলনে-স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।