মাঠজুড়ে নিখুঁত নিয়ন্ত্রণ আর চোখধাঁধানো ছন্দের প্রদর্শনীতে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের বিশ্বসেরা আক্রমণভাগকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ফ্রান্স-বাধা পেরিয়ে শিরোপার মঞ্চে ওঠা স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এখন অপেক্ষা করছেন ফাইনালের প্রতিপক্ষের। তবে মনে মনে স্প্যানিশ এই মাস্টারমাইন্ড ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাচ্ছেন আর্জেন্টিনাকে। কারণটা আর কিছু নয়, ডাগআউটে গুরু-শিষ্যের এক মহাকাব্যিক লড়াইয়ের আকাঙ্ক্ষা।
আর্জেন্টিনার ডাগআউটে থাকা লিওনেল স্কালোনির সঙ্গে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তের সম্পর্কটা দীর্ঘদিনের ও বেশ গভীর। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কোচিং কোর্সে স্কালোনি যখন ছাত্র, তখন তার শিক্ষক বা ট্রেইনার ছিলেন এই লা ফুয়েন্তেই। ফলে স্কালোনির ফুটবল দর্শনের অনেকটাই গড়ে উঠেছে এই স্প্যানিশ গুরুর হাত ধরে।
আজ বুধবার দিবাগত রাতে আটালান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দলই ফাইনালে লড়বে স্পেনের বিপক্ষে। দুই প্রতিপক্ষকে নিয়েই সমীহ ঝরেছে লা ফুয়েন্তের কণ্ঠে। তার মতে, এবারের সেমিফাইনাল দুটি ছিল আসলে ‘আগাম ফাইনাল’।
তবে প্রিয় শিষ্যের সঙ্গে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হতে পারলে যে বাড়তি আনন্দ পাবেন, তা লুকাতে চাননি স্প্যানিশ কোচ, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে দারুণ লাগবে। তবে ইংল্যান্ডও অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের সবাই এবার সেমিফাইনালে উঠেছে, যা এই লড়াইয়ের গভীরতা প্রমাণ করে।’
এদিকে গুরুর এমন আকাঙ্ক্ষার জবাবে কৃতজ্ঞতা ও ভালোবাসা ঝরেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও। ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লুইসের (লা ফুয়েন্তে) জন্য আমি খুবই খুশি। তিনি এই সাফল্যের পুরোপুরি যোগ্য। লুইস অসাধারণ একজন মানুষ এবং ক্যারিয়ারের শুরু থেকেই তিনি সব সময় আমাকে সাহায্য করেছেন।’
ফাইনালে দেখা হলে তো কথাই নেই, তবে ম্যাচ শেষে গুরুকে ফোন করার ব্যাপারে মজার এক সমীকরণ দিয়েছেন কাতার বিশ্বকাপজয়ী এই কোচ, ‘(সেমিফাইনালে) যদি আমরা জিতি, তাহলে হয়তো ফাইনালের আগে তাকে ফোন করব না। আর যদি হেরে যাই, তবে হয়তো তার সাহায্য চাইব। তবে আমার আশা, ফাইনাল শেষ হওয়ার আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।’




