• ই-পেপার

এক মাসেও মেলেনি শামীমের মাথা, উদ্ধারের আশ্বাস পুলিশের

সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১৩
আটকদের একাংশ। ছবি : সংগৃহীত

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী সাতটি মোটরসাইকেল ও চারটি হায়েস গাড়ি, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন- চুয়াডাঙার দর্শনা থানার ছয় জেরিয়া গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে মো. সাগর (৪০), ভোলার সদর থানার ডাঙ্গা বসতপূর্ব গ্রামের মহীদ মন্ডলের ছেলে মোহাম্মদ আলী (৩৭), পাবনা জেলার ফরিদপুর থানার নেছড়াপাড়া গ্রামের সহিদ আলীর ছেলে ডাইভার রাজু আহম্মেদ (৩২), শেরপুর জেলার নালিতাবাড়ি থানার উত্তর চকপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ড্রাইভার মো. অলিল মিয়া (৪২), লালমনিরহাট জেলার সদর থানার পূর্ব ঢাকনাই গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. রাজিব সরকার (৩১), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মটপাড়া গ্রামের সুসান্ত কুন্ডুর ছেলে প্রদীপ কুন্ড (৩৫), ঢাকা জেলার হাজারীবাগ থানা এলাকার মৃত সফিউল্লাহর ছেলে মো. সহিদ হোসেন (৫৭), একই থানার ভাগলপুর লেন এলাকার সুভংকর রাজবংশীর ছেলে রতন রাজবংশী (১৫), ময়মনসিংহ জেলার সদর থানার চর বরভিলা গ্রামের মোকলেছ মিয়ার ছেলে মো. মোকসেদুর রহমান সোহাগ (১৮), বরিশাল জেলার মুলাদি থানার লক্ষিপুর গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে হৃদয় হোসেন (২২), শরিয়তপুর জেলার সখিপুর থানার উকিলকান্দি গ্রামের বাবুল বেপারীর ছেলে মো. জীবন (২০), ভোলা জেলার সদর থানার কানাইন্যার গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. মোকাম্মেল হোসেন পারভেজ (৩০) এবং কুমিল্লা জেলার হোমনা থানার নালাদশিন গ্রামের জীবন মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২৪)।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। একই সঙ্গে তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল ও চারটি হায়েস গাড়ি, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সাভার মডেল থানা মামলা দায়ের করে আটকদের দুপুরে আদালতে পাঠানো হবে।’

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষকের মরদেহ ভেসে উঠেছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীতে মরদেহটি ভেসে উঠে। 

মাসুক মিয়া মাধবপুর ইউপির হীরামতির গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে ধলাই নদী পারাপারের সময় অসাবধানতাবশত তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হন মাসুক মিয়া। তার নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। না কয়েকদিন ধরে নদীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে আজ বুধবার ভোরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১ কিলোমিটার ভাটিতে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা মরদেহটি মাসুক মিয়ার বলে শনাক্ত করেন। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, নিখোঁজের দিন থেকেই ফায়ার সার্ভিসের টিম উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল। চার দিন পর তার মরদেহটি ভেসে উঠেছে। স্থানীয়রা সকালে মরদেহটি নদী থেকে উদ্ধার করেছেন।

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অন্তত অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানাটির গোডাউনে আগুনের সূত্রপাত হয় এবং ৭ টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর রাতে হঠাৎ করে কারখানার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে আদমজী,কাঁচপুর, শিবু মার্কেট ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং ৯টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক  মো. ছালেহ উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে। অতিরিক্ত আরও দুইটি ইউনিট উপস্থিত ছিল। ইতোমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অল্প সময়ের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছি। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে।

আহতরা হলেন–বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার আবুল কালাম সিকদারের ছেলে মামুন (২৩) এবং কুড়িগ্রামের অলিপুর এলাকার নজির হোসেনের ছেলে আশরাফুল আলম (৩৬)। তারা উভয়েই ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড় এলাকার হলি ফেব্রিক্স ডাইং কারখানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, সস্তাপুর গাবতলা মোড়ে আঞ্জু মিয়া ও রেজাউল হকের মালিকানাধীন হলি ফেব্রিক্স ডাইং কারখানার বয়লার হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চারপাশের দেয়াল, টিনের চাল, দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া বয়লারের প্রায় ৮ ফুট লম্বা, ৪ ফুট প্রশস্ত এবং আনুমানিক ৭০ থেকে ৮০ কেজি ওজনের একটি লোহার প্লেট উড়ে পাশের আটতলা স্যামসন্স সুয়েটার গার্মেন্টসের ওপর দিয়ে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে মাসুম মিয়ার একটি আধাপাকা ঘরের টিনের চালে পড়ে। এতে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বহু বাড়ি ও প্রতিষ্ঠানের কাঁচের জানালা ভেঙে যায়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের ত্রুটির কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।’