• ই-পেপার

হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে

ম্যারাডোনার হাত দিয়ে করা সেই গোল কেন বাতিল হয়নি?

অনলাইন ডেস্ক
ম্যারাডোনার হাত দিয়ে করা সেই গোল কেন বাতিল হয়নি?

ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোলগুলোর একটি ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বাঁ হাত দিয়ে করা সেই গোলটি আজও আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন ওঠে—স্পষ্ট হ্যান্ডবল হওয়া সত্ত্বেও কেন গোলটি বাতিল করা হয়নি?

এর সহজ উত্তর, ম্যাচের রেফারি আলী বিন নাসের এবং সহকারী রেফারি বোগদান দোচেভ—দুজনেরই নজর এড়িয়ে গিয়েছিল ঘটনাটি।

ফকল্যান্ড যুদ্ধের চার বছর পর অনুষ্ঠিত হওয়ায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি ছিল রাজনৈতিক ও আবেগঘন উত্তেজনায় ভরপুর। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৫১তম মিনিটে ইংল্যান্ডের ডিফেন্ডার স্টিভ হজের ভুল ক্লিয়ারেন্স থেকে বল উঠে যায় পেনাল্টি এলাকায়। গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের জন্য লাফিয়ে ওঠেন ম্যারাডোনা। উচ্চতার ঘাটতি পুষিয়ে নিতে বাঁ হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি।

ইংল্যান্ডের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানালেও রেফারি গোলের বাঁশি বাজান। পরে ম্যারাডোনা নিজেই এই গোলকে আখ্যা দেন ‘হ্যান্ড অব গড’—অর্থাৎ ‘ঈশ্বরের হাত’।

বিতর্কিত সেই গোলের মাত্র চার মিনিট পরই ম্যারাডোনা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলটি করেন। নিজের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করে জালে বল জড়ান। গোলটি পরে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়।

ম্যাচের শেষ দিকে গ্যারি লিনেকার একটি গোল শোধ করলেও ২-১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে বেলজিয়াম ও পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করে দলটি।

বহু বছর পর রেফারি আলী বিন নাসের জানান, ঘটনাটি তার দৃষ্টিসীমার বাইরে ছিল।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাসের বলেছিলেন, ‘ইংলিশ ডিফেন্ডারের কাছে বল ছিল, তিনি সেটি পেছনে পাঠান এবং ম্যারাডোনা পিটার শিলটনের সঙ্গে শূন্যে লাফিয়ে ওঠেন। তখন তারা দুজনেই আমার উল্টো দিকে মুখ করে ছিল। তাদের মুখ ছিল আমার সহকারী রেফারি বুলগেরিয়ার বোগদান দোচেভের দিকে। প্রথমে আমি কিছুটা দ্বিধায় ছিলাম। আমি দোচেভের দিকে তাকালাম। তিনি মাঠের মাঝখানের দিকে হেঁটে যাচ্ছিলেন এবং গোলটি নিশ্চিত করছিলেন। তিনি হ্যান্ডবলের কোনো সংকেত দেননি।’

তবে ২০১৭ সালে মারা যাওয়া দোচেভ বলেছিলেন যে, তার হাত বাঁধা (রূপক অর্থে) ছিল। গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি বুলগেরিয়ান সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘যদিও আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম যে কিছু একটা অনিয়ম হয়েছে। কিন্তু তৎকালীন সময়ে ফিফা সহকারীদের রেফারির সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার অনুমতি দিতো না।’

২০১৫ সালে নাসেরকে ম্যারাডোনা একটি আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছিলেন, তাতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল ‘আলীর জন্য, আমার চিরকালের বন্ধু।’

ফাইনালে যাদের প্রতিপক্ষ হিসেবে চান স্কালোনির ‘গুরু’ স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক
ফাইনালে যাদের প্রতিপক্ষ হিসেবে চান স্কালোনির ‘গুরু’ স্পেন কোচ
সংগৃহীত ছবি

মাঠজুড়ে নিখুঁত নিয়ন্ত্রণ আর চোখধাঁধানো ছন্দের প্রদর্শনীতে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের বিশ্বসেরা আক্রমণভাগকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ফ্রান্স-বাধা পেরিয়ে শিরোপার মঞ্চে ওঠা স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এখন অপেক্ষা করছেন ফাইনালের প্রতিপক্ষের। তবে মনে মনে স্প্যানিশ এই মাস্টারমাইন্ড ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাচ্ছেন আর্জেন্টিনাকে। কারণটা আর কিছু নয়, ডাগআউটে গুরু-শিষ্যের এক মহাকাব্যিক লড়াইয়ের আকাঙ্ক্ষা।

আর্জেন্টিনার ডাগআউটে থাকা লিওনেল স্কালোনির সঙ্গে স্প্যানিশ কোচ লা ফুয়েন্তের সম্পর্কটা দীর্ঘদিনের ও বেশ গভীর। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কোচিং কোর্সে স্কালোনি যখন ছাত্র, তখন তার শিক্ষক বা ট্রেইনার ছিলেন এই লা ফুয়েন্তেই। ফলে স্কালোনির ফুটবল দর্শনের অনেকটাই গড়ে উঠেছে এই স্প্যানিশ গুরুর হাত ধরে।

আজ বুধবার দিবাগত রাতে আটালান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দলই ফাইনালে লড়বে স্পেনের বিপক্ষে। দুই প্রতিপক্ষকে নিয়েই সমীহ ঝরেছে লা ফুয়েন্তের কণ্ঠে। তার মতে, এবারের সেমিফাইনাল দুটি ছিল আসলে ‘আগাম ফাইনাল’।

তবে প্রিয় শিষ্যের সঙ্গে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হতে পারলে যে বাড়তি আনন্দ পাবেন, তা লুকাতে চাননি স্প্যানিশ কোচ, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে দারুণ লাগবে। তবে ইংল্যান্ডও অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের সবাই এবার সেমিফাইনালে উঠেছে, যা এই লড়াইয়ের গভীরতা প্রমাণ করে।’

এদিকে গুরুর এমন আকাঙ্ক্ষার জবাবে কৃতজ্ঞতা ও ভালোবাসা ঝরেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও। ইংল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লুইসের (লা ফুয়েন্তে) জন্য আমি খুবই খুশি। তিনি এই সাফল্যের পুরোপুরি যোগ্য। লুইস অসাধারণ একজন মানুষ এবং ক্যারিয়ারের শুরু থেকেই তিনি সব সময় আমাকে সাহায্য করেছেন।’

ফাইনালে দেখা হলে তো কথাই নেই, তবে ম্যাচ শেষে গুরুকে ফোন করার ব্যাপারে মজার এক সমীকরণ দিয়েছেন কাতার বিশ্বকাপজয়ী এই কোচ, ‘(সেমিফাইনালে) যদি আমরা জিতি, তাহলে হয়তো ফাইনালের আগে তাকে ফোন করব না। আর যদি হেরে যাই, তবে হয়তো তার সাহায্য চাইব। তবে আমার আশা, ফাইনাল শেষ হওয়ার আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।’

মেসি-এমবাপ্পের গোল সমান হলে কে জিতবেন গোল্ডেন বুট?

ক্রীড়া ডেস্ক
মেসি-এমবাপ্পের গোল সমান হলে কে জিতবেন গোল্ডেন বুট?
ছবি : রয়টার্স

শেষের পথে এসে পৌঁছেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ মহোৎসব। ফ্রান্সের স্বপ্ন ভেঙে ইতিমধ্যে ফাইনালে পা রেখেছে স্পেন। তবে ফরাসিদের বিশ্বকাপ মিশন ট্র্যাজেডিতে শেষ হলেও দলটির অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সামনে এখনো সুযোগ থাকছে ব্যক্তিগত সর্বোচ্চ গৌরব ‘গোল্ডেন বুট’ নিজের করে নেওয়ার। আগামী ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। আর এই ম্যাচটিই এমবাপ্পেকে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের দ্বৈরথে একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছে।

বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৮টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন মেসি ও এমবাপ্পে। তবে আর্জেন্টিনা অধিনায়কের সামনে সুযোগটা একটু বেশি। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। অর্থাৎ, মেসি নিশ্চিতভাবেই আরো দুটি ম্যাচ (সেমিফাইনাল এবং ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী) খেলার সুযোগ পাচ্ছেন।

কিন্তু প্রশ্ন হলো—টুর্নামেন্ট শেষে যদি মেসি ও এমবাপ্পে উভয়ের গোলসংখ্যা সমান থাকে, তবে গোল্ডেন বুট কার হাতে উঠবে? ফিফার নিয়ম অনুযায়ী, এই পুরস্কার যৌথভাবে দেওয়ার কোনো সুযোগ নেই। বিজয়ী নির্ধারণে ব্যবহার করা হবে সূক্ষ্ম কিছু টাইব্রেকার মানদণ্ডে। 

গোল সমান হলে সবার আগে দেখা হবে অ্যাসিস্ট বা গোল করানোর সংখ্যা। এই জায়গায় বর্তমানে মেসির চেয়ে এগিয়ে আছেন এমবাপ্পে। ফরাসি তারকার অ্যাসিস্ট ৩টি, অন্যদিকে মেসির অ্যাসিস্ট ২টি। ফলে গোলসংখ্যা অপরিবর্তিত থাকলে বাজিমাত করবেন এমবাপ্পেই।

অ্যাসিস্টের সংখ্যাও যদি সমান হয়ে যায়, তবে দেখা হবে কে কত কম সময় মাঠে খেলেছেন। যিনি তুলনামূলক কম মিনিট খেলে সমান গোল ও অ্যাসিস্ট করেছেন, তিনিই পাবেন গোল্ডেন বুট।

সবকিছুতেই টাই হলে শেষ পর্যন্ত দেখা হবে পেনাল্টি ছাড়া মাঠের স্বাভাবিক খেলা (ওপেন প্লে) থেকে কার গোল বেশি। এই মানদণ্ডে আবার সুবিধাজনক অবস্থানে আছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে মেসি দুটি পেনাল্টি পেলেও অস্ট্রিয়া ও মিসরের গোলরক্ষকের নৈপুণ্যে তা জালে জড়াতে পারেননি। অর্থাৎ, তার ৮টি গোলের সবকটিই এসেছে ওপেন প্লে থেকে। বিপরীতে, এমবাপ্পে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেছেন। ফলে এই মানদণ্ড পর্যন্ত হিসাব গড়ালে ট্রফি যাবে মেসির শোকেসে।

মেসি-এমবাপ্পের রাজত্বে হানা দেওয়ার অপেক্ষায় আছেন আরো কয়েকজন তারকা। ৬টি করে গোল নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। সেমিফাইনাল ও পরবর্তী ম্যাচের পারফরম্যান্স তাদেরও বসিয়ে দিতে পারে সিংহাসনে। এ ছাড়া ৫টি করে গোল করা উসমান দেম্বেলে (ফ্রান্স) ও মিকেল ওয়ারসাবালের (স্পেন) সামনেও রয়েছে ব্যবধান ঘুচানোর সুযোগ।

তবে দুর্ভাগ্য আর্লিং হালান্ডের। ৭টি গোল করে তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও তার দল নরওয়ে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়ায় গোল্ডেন বুটের দৌড় থেকে ছিটকে গেছেন এই ম্যান সিটি তারকা। 

ফাইনালে উঠতে না পেরে রেফারিকে দুষলেন ফ্রান্সের কোচ

ক্রীড়া ডেস্ক
ফাইনালে উঠতে না পেরে রেফারিকে দুষলেন ফ্রান্সের কোচ
সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ছবি: ফিফা

টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলার হাতছানি ছিল ফ্রান্সের সামনে। তারকায় ঠাসা দলটার পক্ষে তা খুব কঠিন বলেও মনে হচ্ছিল না। 

কিন্তু ডালাসে আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে পাত্তাই দিল না স্পেন। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে স্প্যানিশরা জিতল ২-০ গোলে। 

এমবাপ্পে-ওলিসে-দেম্বেলেদের সামর্থ্যের ছিটেফোঁটাও আজ দেখা যায়নি মাঠে। স্পেনের জমাট রক্ষণভাগ তাদের এক রকম বোতলবন্দী করে রেখেছিল। তবে দল বাজে খেললেও হারের দায় রেফারিকে দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। 

এ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন এল সালভাদরের ইভান বার্তন, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও। বার্তনের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছেন দেশম।

ম্যাচ শেষে দেশম বলেছেন, ‘এই রেফারির (বার্তনের) কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনা করার যোগ্যতা আছে? এখন কিছু বললে মনে হবে হেরে গিয়ে কাঁদছি। তবে এটা শুধু পেনাল্টির বিষয় না; অনেকগুলো ভুল সিদ্ধান্তের সমষ্টি। উত্তরটা আমি না, আপনারাই দিন।’

Mbappe
রেফারি ইভান বার্তনের সঙ্গে তর্কে জড়ান ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছবি: ফিফা

ফ্রান্সের অধিনায়ক ও কোচ—উভয় ভূমিকায় অতীতে বিশ্বকাপ জেতা দেশমের মতে, ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত ছিল যা তার কাছে বোধগম্য হয়নি। বিশেষ করে কয়েকটি ফাউল ও শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তে তিনি প্রশ্ন তুলেছেন। 

৫৭ বছর বয়সী এই কোচের ভাষায়, ‘আমি রেফারির সব সিদ্ধান্ত বুঝতে পারিনি। কিছু পরিস্থিতিতে মনে হয়েছে সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে গেছে।’

তবে দেশম স্বীকার করেছেন, যোগ্য দল হিসেবেই স্পেন এই ম্যাচ জিতেছে, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা অনেক ভুল করেছি। বলের দখল ও কৌশলগত দিক থেকে তারা এগিয়ে ছিল।’

প্রথমার্ধে মিকেল ওইয়ারজাবালের পেনাল্টি থেকে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করেন। ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্প্যানিশরা। 

সেমিফাইনাল হেরে যাওয়া ফ্রান্স এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। আগামী শনিবার রাতের সেই ম্যাচই ফ্রান্সের কোচ হিসেবে দেশমের শেষ ম্যাচ হয়ে থাকবে।