• ই-পেপার

ওপেনএআইয়ের প্রথম হার্ডওয়্যার পণ্য হবে স্মার্ট স্পিকার: ব্লুমবার্গ

মন্দার কারণে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম হীরা খনিতে উৎপাদন বন্ধ করল ডি বিয়ার্স

অনলাইন ডেস্ক
মন্দার কারণে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম হীরা খনিতে উৎপাদন বন্ধ করল ডি বিয়ার্স

বিশ্ববাজারে মন্দার কারণে দক্ষিণ আফ্রিকার বৃহত্তম হীরার খনিতে আগামী দুই বছরের জন্য উৎপাদন স্থগিত ঘোষণা করেছে খনি জায়ান্ট ডি বিয়ার্স। মূলত হীরা বিক্রি কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে রত্নপাথরের দাম পতন ও ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম হীরার সাথে তীব্র প্রতিযোগিতার মুখে লোকসান এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সুদূর উত্তরে অবস্থিত ‘ভেনেটিয়া’ নামক এই খনিটি থেকে দেশটির মোট হীরা উৎপাদনের ৪০ শতাংশেরও বেশি আসে। এখানে প্রায় ৪ হাজার কর্মী কর্মরত আছেন। ডি বিয়ার্স জানিয়েছে, বিশ্বব্যাপী হীরার বাজারে মন্দা চলায় তাদের খরচ কমানো এবং কার্যক্রম সুবিন্যস্ত করার জন্য এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দুই বছরের এই বিরতিতে তারা খনির অবকাঠামোকে আরো উন্নত করবে, যাতে বাজার পরিস্থিতি ভালো হলে আবার পুরোদমে এবং আরো দক্ষ উপায়ে উৎপাদন শুরু করা যায়।

১৯৪৭ সালে ‘হীরা চিরন্তন’ (এ ডায়মন্ড ইজ ফরএভার) স্লোগান দিয়ে হীরার আংটিকে বিয়ের অপরিহার্য অংশ হিসেবে জনপ্রিয় করে তুলেছিল ডি বিয়ার্স। কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০২২ সাল থেকে অপরিশোধিত হীরার মূল্য সূচক প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিশেষ করে খনি শ্রমিকদের কাজের পরিবেশ ও পরিবেশগত ক্ষতির বিষয়টি চিন্তা করে অনেক তরুণ ক্রেতা এখন খনির প্রাকৃতিক হীরার চেয়ে ল্যাবরেটরিতে তৈরি সস্তা হীরার দিকে ঝুঁকছেন। এই বাজার পরিবর্তনের প্রভাব পড়েছে ডি বিয়ার্সের ব্যবসায়। ডি বিয়ার্সের সংখ্যাগরিষ্ঠ মালিকানা রয়েছে ‘অ্যাংলো আমেরিকান’ নামের একটি প্রতিষ্ঠানের কাছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের কারণে তামার চাহিদা ব্যাপক বেড়েছে। ফলে অ্যাংলো আমেরিকান এখন তামার খাতের দিকে বেশি মনোযোগ দিতে ডি বিয়ার্সকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

১৮৭১ সালে বিতর্কিত ইংরেজ উপনিবেশবাদী সেসিল রোডসের হাত ধরে ডি বিয়ার্স প্রতিষ্ঠিত হয়েছিল। রোডসের রেখে যাওয়া বিপুল সম্পদ ও বর্ণবাদী ইতিহাসের কারণে কোম্পানিটি এবং তার প্রতিষ্ঠিত স্কলারশিপগুলো (যেমন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ) এখনো প্রায়ই নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এবার শত বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি ইতিহাসের চেয়ে বড় সংকটে পড়েছে বৈশ্বিক বাজারের আধুনিক রূপান্তরের কারণে।

প্রক্সি গোষ্ঠীর হামলার অভিযোগে ইরানের শীর্ষ কূটনীতিককে তলব ব্রিটেনের

অনলাইন ডেস্ক
প্রক্সি গোষ্ঠীর হামলার অভিযোগে ইরানের শীর্ষ কূটনীতিককে তলব ব্রিটেনের
সংগৃহীত ছবি

ইউরোপে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে হামলার পরিকল্পনায় ইরানের জড়িত থাকার অভিযোগ তুলে দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ব্রিটেন। মঙ্গলবার লন্ডনে ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলি নাসিমফারকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে সরকারের উদ্বেগ জানানো হয়।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স চলতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য একটি প্রক্সি গোষ্ঠীকে নির্দেশ দিয়েছিল বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আলি নাসিমফারকে তলব করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই প্রক্সি গোষ্ঠীর নাম ‘ইসলামিক মুভমেন্ট অব দ্য কম্প্যানিয়নস অব দ্য রাইট’। ব্রিটিশ সরকারের ভাষ্য, এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, বহুবার সতর্ক করার পরও ইরানের গোয়েন্দা সংস্থাগুলো তাদের শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করেনি। বরং তারা ইউরোপে এসব কর্মকাণ্ড আরো বাড়ানোর চেষ্টা করেছে বলে যুক্তরাজ্যের অভিযোগ।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিয়মিত দাপ্তরিক সময় শেষ হয়ে যাওয়ায় লন্ডনে ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এর আগে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা বিদেশে হামলা চালাতে কোনো প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে না। এর এক দিন আগে, সোমবার, নতুন আইনি ক্ষমতা ব্যবহার করে আইআরজিসি এবং এর সঙ্গে যুক্ত একটি গোষ্ঠীকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করে ব্রিটিশ সরকার। সরকারের ভাষ্য, বিদেশি রাষ্ট্রগুলো যাতে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে নজরদারি, নাশকতা বা অন্য কোনো গোপন অভিযান চালাতে না পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিটেনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইরান। মঙ্গলবার ইরান জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দেশটির সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ। তাই একটি রাষ্ট্রীয় সামরিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এমন পদক্ষেপ নেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছে তারা। কুদস ফোর্স হলো আইআরজিসির বিশেষ শাখা, যা ইরানের বাইরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আগেই আইআরজিসিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ব্রিটেন ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক টানাপড়েন বেড়েছে। ইউরোপে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন অভিযোগ এবং ইরানের শীর্ষ কূটনীতিককে তলবের ঘটনাকে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

গাজায় পুলিশ পোস্টে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৭

অনলাইন ডেস্ক
গাজায় পুলিশ পোস্টে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৭
ছবি : রয়টার্স

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় একটি পুলিশ পোস্টে ইসরায়েলের বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, আরো কয়েকজন পুলিশ সদস্য এবং একজন নারী রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার জাবালিয়ার একটি ব্যস্ত বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইসরায়েলি ড্রোন থেকে পুলিশ পোস্টটি লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের মানুষ আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে স্থানীয় থানার প্রধান কর্নেল মোহাম্মদ মারওয়ান সালেম রয়েছেন। এ ছাড়া আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন। মন্ত্রণালয় এই ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কর্নেল মারওয়ান সালেম হামাসের সেন্ট্রাল জাবালিয়া ব্যাটালিয়নের সামরিক নিরাপত্তা প্রধান ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় তার সঙ্গে আরো তিনজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত অন্য তিনজন হলেন আবদুল মালিক আল-জাবিন, ঘাসান আল-দাকাস এবং ইয়ামান আবু ওবেইদা। সেনাবাহিনীর দাবি, প্রথম দুজন পুলিশ কর্মকর্তা হলেও তারা হামাসের সঙ্গে যুক্ত ছিলেন। হামলায় নিহত ও আহতদের গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিহত এক পুলিশ কর্মকর্তার চাচা মোহাম্মদ মুসা বলেন, তার ভাতিজা কোনো যোদ্ধা ছিলেন না, তিনি বেসামরিক পুলিশ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রয়টার্সকে তিনি বলেন, তার ভাতিজা একটি বেসামরিক গাড়িতে করে ফালুজাহ রাউন্ডঅ্যাবাউট এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। সেই সময় একটি নজরদারি ড্রোন তাকে লক্ষ্য করে হামলা চালায়। তিনি প্রশ্ন তোলেন, একজন বেসামরিক পুলিশ সদস্যকে কেন লক্ষ্য করে হামলা চালানো হলো। এদিকে একই দিনে দক্ষিণ গাজাতেও পৃথক হামলায় আরো দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলায় হামাসের একজন সদস্যকে লক্ষ্য করা হয়েছিল। অন্যদিকে রাফাহ এলাকায় ইসরায়েলি গুলিতে ১০ বছর বয়সী মুয়াতাজ আবু শার নামে এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শিশুটির ফুফু সুজান আবু শার বলেন, হামলার সময় মুয়াতাজ নিজের তাঁবুর ভেতরে কাপড় বদলাচ্ছিল। তার ভাষায়, ছেলেটি ছিল তার মায়ের একমাত্র ভরসা। তিনি বলেন, এখন গাজায় কোথাও নিরাপদ আশ্রয় নেই। সাধারণ মানুষ প্রতিদিন আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছে। তিনি যুদ্ধ বন্ধ এবং বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধের আহ্বান জানান।

রাফায় শিশুটির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাস প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ করছে। উভয় পক্ষই বলছে, অপর পক্ষ যুদ্ধবিরতির শর্ত মানছে না। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ১১০ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, একই সময়ে ফিলিস্তিনি হামলায় তাদের চারজন সেনা নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে চালানো হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েল গাজায় বড় পরিসরের সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ২৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।


 

বিশেষ উপায়ে কেক বানিয়ে মহাকাশেই জন্মদিন পালন নভোচারীদের

অনলাইন ডেস্ক
বিশেষ উপায়ে কেক বানিয়ে মহাকাশেই জন্মদিন পালন নভোচারীদের
সংগৃহীত ছবি

পৃথিবী থেকে প্রায় ২৫০ মাইল উঁচুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) উদযাপিত হলো নাসা মহাকাশচারী জেসিকা মেয়ারের জন্মদিন। মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ শক্তিকে (মাইক্রোগ্র্যাভিটি) উপেক্ষা করে সহকর্মী নভোচারীরা তার জন্য তৈরি করেছেন এক বিশেষ স্পেস কেক। মহাকাশ স্টেশনে কেক বানানোর এই অবিশ্বাস্য ও মজার ভিডিওটি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।

মহাকাশে সাধারণত ওভেনের মাধ্যমে বেকিং করা সম্ভব নয়। কারণ সেখানে খাবারের গুঁড়ো বাতাসে ভেসে বেড়ালে তা মহাকাশ স্টেশনের সংবেদনশীল যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। তাই কেক তৈরিতে নভোচারীদের বেশ সৃজনশীল উপায় বেছে নিতে হয়েছে। রুশ নভোচারী আন্দ্রেই ফেদায়েভ পুরো কেকটি তৈরি করেন এবং এর প্রস্তুতপ্রণালী ক্যামেরাবন্দি করেন। কেকটির মূল উপকরণ ছিল মিষ্টি কনডেন্সড মিল্ক, হালকা মধু রুটির স্তর, দই ও পানিতে ভিজিয়ে রাখা বেরি ফল। বাতাসে যাতে উপাদানগুলো উড়ে না যায়, সে জন্য একটি বিশেষ প্লেটের ওপর আঠালোভাবে কেকের স্তরগুলো সাজানো হয়।

জন্মদিনের এই বিশেষ আয়োজনে উচ্ছ্বসিত জেসিকা মেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাদের সহকর্মীরা মহাকাশের রান্নাঘরে এতটাই পারদর্শী যে আমি পৃথিবীতে থাকার চেয়ে এখানে অনেক বেশি কেক খেয়েছি! আমার জন্মদিনকে এতটা বিশেষ করে তোলার জন্য এক্সপেডিশন ৭৪-এর সবাইকে ধন্যবাদ।’

ইউরোপীয় মহাকাশ সংস্থাও (ইএসএ) ভিডিওর কমেন্ট সেকশনে কেকটিকে ‘অত্যন্ত সুস্বাদু’ বলে মন্তব্য করেছে। ভিডিওটি অনলাইনে আসার পর মহাকাশে কিভাবে সব কিছু আটকে রইলো, তা নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে।