• ই-পেপার

হালান্ডকে মেসেজ পাঠিয়ে টম হল্যান্ডের অভিজ্ঞতা : ‘কোনো উত্তরই আসেনি’

‘ওমকারা’র শুটিংয়ে নিজেকে প্রথম প্রকৃত অভিনেতা মনে হয় সাইফের

অনলাইন ডেস্ক
‘ওমকারা’র শুটিংয়ে নিজেকে প্রথম প্রকৃত অভিনেতা মনে হয় সাইফের
সংগৃহীত ছবি

বিশাল ভরদ্বাজ পরিচালিত কালজয়ী সিনেমা ‘ওমকারা’ মুক্তির ২০ বছর পূর্ণ হলো। এই ছবিতে ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সাইফ আলি খান সম্প্রতি ছবিটির দুই দশক পূর্তিতে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। সাইফ জানান, এই সিনেমার সেটেই প্রথম তার নিজেকে একজন ‘প্রকৃত অভিনেতা’ বলে মনে হয়েছিল

সাইফ স্মরণ করেন, কিভাবে পরিচালক থিয়েটার ও মূলধারার সিনেমা জগতের সেরা প্রতিভাদের এক ছাদের নিচে এনেছিলেন। তিনি বলেন, বিশাল ভরদ্বাজ ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) দক্ষ অভিনেতাদের সঙ্গে মূলধারার তারকাদের এক সুতোয় বেঁধেছিলেন। অজয় দেবগন, কারিনা কাপুর, বিবেক ওবেরয়, বিপাশা বসু, নাসিরুদ্দিন শাহ ও দীপক ডোবরিয়ালের মতো সমৃদ্ধ কাস্টিং নিয়ে কাজ করার অভিজ্ঞতাকে একটি ‘জাদুকরী সময়’ হিসেবে উল্লেখ করেন সাইফ। তিনি জানান, প্রত্যেকেই তখন একটি ভালো সিনেমা উপহার দিতে চেয়েছিলেন।

ল্যাংড়া ত্যাগী চরিত্রের জন্য সাইফের ছোট করে ছাঁটা চুল সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তবে এই চুল কাটার সিদ্ধান্ত নেওয়াটা সাইফের জন্য সহজ ছিল না। তার মা-ও তাকে সতর্ক করে বলেছিলেন শুধু একটি সিনেমার কথায় নিজের সুন্দর চেহারা নষ্ট না করতে।

সাইফ চুল কাটার সিদ্ধান্তটি শেষ মুহূর্ত পর্যন্ত এড়াতে চেয়েছিলেন। অবশেষে শুটিংয়ের আগের দিন রাতে তার চুল কাটা হয়। সেদিন ছিল ঈদ। পরিচালক বিশাল ভরদ্বাজ তখন মজার ছলে সাইফকে বলেছিলেন, ‘চলো, কোরবানি করি। সিনেমার জন্য এটা করা যাক।’ দুই দশক পেরিয়ে গেলেও পুরো শুটিংয়ের অভিজ্ঞতা সাইফের মনে আজও একেবারে তাজা।

‘এসব সহ্য করব না’, ফটোগ্রাফারদের জারিন খানের কড়া বার্তা

অনলাইন ডেস্ক
‘এসব সহ্য করব না’, ফটোগ্রাফারদের জারিন খানের কড়া বার্তা
সংগৃহীত ছবি

এক অনুষ্ঠানে ফটোগ্রাফারের অপ্রাসঙ্গিক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী জারিন খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এসব সহ্য করব না, সবাই সীমার মধ্যে থাকুন।’

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানায়।

মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জারিন। সেখানে তিনি একটি ডেনিম জ্যাকেট ও একটি পোশাক হাতে নিয়ে ক্যামেরার সামনে ছবি তুলছিলেন।

এ সময় একজন ফটোগ্রাফার তাকে বলেন, ‘ড্রেসটি পরে দেখান।’ মন্তব্যটি শুনেই বিরক্ত হন জারিন।

তিনি সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘সবার সামনে? সেটা হবে না। আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না। আমি এসব সহ্য করব না। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই জারিনের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন জারিন খান। তিনি অভিযোগ করেছিলেন, নতুন কোনো ছবি বা পোস্ট দিলেই কিছু মানুষ অশোভন মন্তব্য ও আপত্তিকর ইমোজি দিয়ে ভরে ফেলেন মন্তব্যের ঘর। এসব আচরণের কড়া সমালোচনা করেছিলেন তিনি। 

শাহরুখের ‘মান্নাত’ সংস্কার নিয়ে মামলা খারিজ

অনলাইন ডেস্ক
শাহরুখের ‘মান্নাত’ সংস্কার নিয়ে মামলা খারিজ
সংগৃহীত ছবি

বলিউড তারকা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের বাড়ি ‘মান্নাত’ সংস্কার নিয়ে করা একটি আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুম্বাইয়ের এক ব্যক্তি অভিযোগ করেন, মান্নাতে সংস্কারকাজের অনুমতি দেওয়ার সময় পরিবেশসংক্রান্ত নিয়ম ঠিকভাবে মানা হয়নি। তাই তিনি আদালতে আবেদন করেন।

তবে সুপ্রিম কোর্ট তার আবেদন গ্রহণ করেনি।

আদালত বলেন, মান্নাত একটি ব্যক্তিগত বাড়ি। আইন মেনে বাড়ির মালিক চাইলে নিজের বাড়ি সংস্কার বা পরিবর্তন করতে পারেন। তাই শুধু সংস্কারকাজের কারণে তা বন্ধ করা যাবে না।

এছাড়াও আদালত জানায়, এই মামলার রায় দেওয়ার ক্ষেত্রে শাহরুখ খানের তারকা পরিচয় কোনো প্রভাব ফেলেনি।

এর আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)ও একই অভিযোগ খারিজ করেছিল। ট্রাইব্যুনাল জানায়, মান্নাত সংস্কারের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য গৌরী খান মান্নাতের পাশের ছয়তলা ভবনের ওপর আরও দুটি তলা নির্মাণের পরিকল্পনা করেছেন। এ পরিকল্পনাকে ঘিরেই বিতর্কের শুরু।

সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করায় এখন মান্নাতের সংস্কারকাজ চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা নেই।

তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’খ্যাত পল ওয়েসলি

বিনোদন ডেস্ক
তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’খ্যাত পল ওয়েসলি
পল ওয়েসলি তার দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন।

ভক্তদের চমক দিয়ে নতুন জীবনের অধ্যায় শুরু করলেন হলিউড অভিনেতা পল ওয়েসলি। জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর স্টিফান সালভাতোর চরিত্রে পরিচিত এই অভিনেতা দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন।

চার বছরের সম্পর্কের পর ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পল ও নাটালি। একেবারেই ব্যক্তিগত এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু একজন ধর্মযাজক এবং তাদের পোষা কুকুর গ্রেগ। বিয়েতে গ্রেগকে দেওয়া হয়েছিল ‘বেস্ট বয়’-এর বিশেষ দায়িত্ব।

বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে খবরটি জানান নাটালি। ১৩ জুলাই দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মিস্টার... এবং মিসেস ও বেস্ট বয় গ্রেগ।’

বিয়ের আয়োজন ছোট হলেও সাজপোশাকে ছিল বিশেষ চমক। ২৬ বছর বয়সী নাটালি পরেছিলেন সাদা রঙের একটি সুন্দর ওয়েডিং গাউন। অন্যদিকে ৪৩ বছর বয়সী পল ওয়েসলিকে দেখা গেছে নীল রঙের স্যুট ও কালো টাইয়ে।

পল ওয়েসলি ও নাটালি ২০২২ সালে ইতালি ভ্রমণের সময় তাদের বাগদানের খবর জানিয়েছিলেন। সে সময় নাটালি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে শুধু লিখেছিলেন, ‘হ্যাঁ’। সেই ছবিতে দেখা গিয়েছিল তার বাগদানের আংটি।

অভিনেতা পল ওয়েসলি বিশ্বজুড়ে পরিচিতি পান ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ সিরিজে স্টিফান সালভাতোর চরিত্রে অভিনয় করে। পরে তাকে দেখা যায় ‘স্টার ট্রেক : স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস’ সিরিজে জেমস টি. কার্ক চরিত্রে।

উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।