দীর্ঘদিন পর ওটিটিতে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এই প্রত্যাবর্তনে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কেয়া পায়েলকে। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর মাধ্যমে নতুন এই জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক।
নির্মাতা জানান, সমকালীন জীবনের নানা জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’।
রোমান্টিক-কমেডি ঘরানার এই চলচ্চিত্রে সম্পর্ক, আবেগ এবং বর্তমান প্রজন্মের মানসিক বাস্তবতাকে তুলে ধরা হয়েছে ভিন্ন আঙ্গিকে।
ফিল্মটিতে আরিফিন শুভ অভিনয় করেছেন আনিস চরিত্রে। সাধারণত অ্যাকশনধর্মী কিংবা দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন চরিত্রে দেখা গেলেও এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন রূপে। স্বাধীনচেতা, আত্মনির্ভরশীল এবং একাকী জীবনযাপনে অভ্যস্ত এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘রম–কম ঘরানার কাজ এটা। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে কাজ করিনি। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। অর্থাৎ কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টারাইজেশন না এটা।’
তিনি আরো বলেন, ‘আমার চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবী জুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’
অন্যদিকে, কেয়া পায়েলকে দেখা যাবে অনামিকা চরিত্রে। উচ্চবিত্ত শহুরে জীবনের আবহে বেড়ে ওঠা এই তরুণীর জীবন ঘিরে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল দুনিয়ার মোহ। গল্পে আনিস ও অনামিকার দুই ভিন্ন জগতের সংঘাত এবং সম্পর্কের বিকাশই মূল আকর্ষণ হয়ে উঠবে।
নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। আর আমার অভিনয়ের অনেকগুলো লেয়ার আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে, দর্শক আমাকে অনেকভাবেই দেখেছেন, আবারও একটু ভিন্নভাবে দেখবেন।’
জানা গেছে, এই ওয়েব ফিল্মটি খুব শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।




