• ই-পেপার

শাহরুখের ‘মান্নাত’ সংস্কার নিয়ে মামলা খারিজ

‘এসব সহ্য করব না’, ফটোগ্রাফারদের জারিন খানের কড়া বার্তা

অনলাইন ডেস্ক
‘এসব সহ্য করব না’, ফটোগ্রাফারদের জারিন খানের কড়া বার্তা
সংগৃহীত ছবি

এক অনুষ্ঠানে ফটোগ্রাফারের অপ্রাসঙ্গিক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী জারিন খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এসব সহ্য করব না, সবাই সীমার মধ্যে থাকুন।’

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানায়।

মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জারিন। সেখানে তিনি একটি ডেনিম জ্যাকেট ও একটি পোশাক হাতে নিয়ে ক্যামেরার সামনে ছবি তুলছিলেন।

এ সময় একজন ফটোগ্রাফার তাকে বলেন, ‘ড্রেসটি পরে দেখান।’ মন্তব্যটি শুনেই বিরক্ত হন জারিন।

তিনি সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘সবার সামনে? সেটা হবে না। আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না। আমি এসব সহ্য করব না। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই জারিনের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন জারিন খান। তিনি অভিযোগ করেছিলেন, নতুন কোনো ছবি বা পোস্ট দিলেই কিছু মানুষ অশোভন মন্তব্য ও আপত্তিকর ইমোজি দিয়ে ভরে ফেলেন মন্তব্যের ঘর। এসব আচরণের কড়া সমালোচনা করেছিলেন তিনি। 

তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’খ্যাত পল ওয়েসলি

বিনোদন ডেস্ক
তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’খ্যাত পল ওয়েসলি
পল ওয়েসলি তার দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন।

ভক্তদের চমক দিয়ে নতুন জীবনের অধ্যায় শুরু করলেন হলিউড অভিনেতা পল ওয়েসলি। জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর স্টিফান সালভাতোর চরিত্রে পরিচিত এই অভিনেতা দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন।

চার বছরের সম্পর্কের পর ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পল ও নাটালি। একেবারেই ব্যক্তিগত এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু একজন ধর্মযাজক এবং তাদের পোষা কুকুর গ্রেগ। বিয়েতে গ্রেগকে দেওয়া হয়েছিল ‘বেস্ট বয়’-এর বিশেষ দায়িত্ব।

বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে খবরটি জানান নাটালি। ১৩ জুলাই দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মিস্টার... এবং মিসেস ও বেস্ট বয় গ্রেগ।’

বিয়ের আয়োজন ছোট হলেও সাজপোশাকে ছিল বিশেষ চমক। ২৬ বছর বয়সী নাটালি পরেছিলেন সাদা রঙের একটি সুন্দর ওয়েডিং গাউন। অন্যদিকে ৪৩ বছর বয়সী পল ওয়েসলিকে দেখা গেছে নীল রঙের স্যুট ও কালো টাইয়ে।

পল ওয়েসলি ও নাটালি ২০২২ সালে ইতালি ভ্রমণের সময় তাদের বাগদানের খবর জানিয়েছিলেন। সে সময় নাটালি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে শুধু লিখেছিলেন, ‘হ্যাঁ’। সেই ছবিতে দেখা গিয়েছিল তার বাগদানের আংটি।

অভিনেতা পল ওয়েসলি বিশ্বজুড়ে পরিচিতি পান ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ সিরিজে স্টিফান সালভাতোর চরিত্রে অভিনয় করে। পরে তাকে দেখা যায় ‘স্টার ট্রেক : স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস’ সিরিজে জেমস টি. কার্ক চরিত্রে।

উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪৪তম মঞ্চায়ন

অনলাইন ডেস্ক
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪৪তম মঞ্চায়ন
সংগৃহীত ছবি

ঢাকার অন্যতম নাটকের দল ঢাকা পদাতিক। দলটির ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্য সেন’। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার দলে নাটকটির ৪৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক। নাটকটির রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।

প্রয়োজন অনুযায়ী, নাটকটির কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন তিনি। নাটকটি মঞ্চপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঐতিহাসিক প্রেক্ষাপট, শক্তিশালী সংলাপ এবং নির্মাণশৈলীর কারণে এটি বর্তমানে নাট্যাঙ্গনের আলোচিত প্রযোজনাগুলোর অন্যতম।

এরই মধ্যে ভারতের দিল্লিতে নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে দর্শক ও নাট্যসমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।

নবনির্দেশনার অভিজ্ঞতা তুলে ধরে নাদের চৌধুরী বলেন, ‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তার প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।’ 

প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো-সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিল।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ, শ্যামল হাসান, রবিউল মিলটন, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাকসুদ, জাহিদ প্রমুখ।

নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন শ্যামল হাসান।

বলে রাখা ভালো, ২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্য সেন’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর দেশ-বিদেশে একাধিক সফল মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটি ইতিহাসভিত্তিক নাট্যপ্রযোজনার অন্যতম আলোচিত সংযোজন হিসেবে দর্শকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

দ্বিতীয় সন্তানের আগমনে পিতৃত্বকালীন ছুটিতে রণবীর সিং

বিনোদন ডেস্ক
দ্বিতীয় সন্তানের আগমনে পিতৃত্বকালীন ছুটিতে রণবীর সিং
দ্বিতীয় সন্তানের আগমনে পিতৃত্বকালীন ছুটিতে রণবীর সিং ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। নতুন অতিথিকে স্বাগত জানানোর এই সময়ে পরিবারের পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। আসন্ন সিনেমা ‘প্রলয়’-এর ব্যস্ততার মধ্যেও স্ত্রী ও সন্তানের জন্য সময় বের করতে চান এই অভিনেতা।

দীপিকা পাড়ুকোন প্রথম সন্তান দুয়ার জন্মের পর মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। কন্যার সঙ্গে সময় কাটানোর জন্য তিনি কাজের সময়ও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেই সময়ে রণবীর ব্যস্ত ছিলেন তার সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং নিয়ে। এবার দ্বিতীয় সন্তানের জন্মের সময় পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পাশে থাকতে চান রণবীর।

জানা গেছে, রণবীর আগামী আগস্ট থেকে পরিচালক জয় মেহতার ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু করবেন। ছবিটির প্রথম ধাপের কাজ দীপাবলি পর্যন্ত চলবে। এরপর কিছুদিনের জন্য শুটিং বন্ধ রেখে পিতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে পৃথিবীতে আসতে পারে। এই সময়টায় স্ত্রী দীপিকা ও পরিবারের সঙ্গে থাকতে চান রণবীর। এরপর ২০২৭ সালে আবারও ‘প্রলয়’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথম সন্তানের জন্মের সময় দীপিকা যেমন পরিবারের জন্য সময় বের করেছিলেন, এবার দ্বিতীয় সন্তানের আগমনে একইভাবে দায়িত্ব ভাগ করে নিতে চান রণবীরও। তাই দীর্ঘ বিরতিতে গিয়ে নতুন সদস্যকে সময় দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

এদিকে রণবীরের ক্যারিয়ারেও চলছে ব্যস্ত সময়। সম্প্রতি তিনি ‘ধুরন্ধর’ সিনেমার কাজ শেষ করেছেন এবং ছবিটির সাফল্য উপভোগ করছেন। পাশাপাশি ‘ডন ৩’ নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেতা। এর মধ্যেই নতুন সিনেমা 'প্রলয়'-এর প্রস্তুতি শুরু করেছেন তিনি।

‘প্রলয়’ পরিচালনা করছেন জয় মেহতা। এটি একটি জোম্বি থ্রিলার ঘরানার সিনেমা। এই ধরনের চরিত্রে রণবীরকে প্রথমবার দেখা যাবে। ছবির গল্প ও নির্মাণ পরিকল্পনা বড় পরিসরের হওয়ায় চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জানা গেছে, সিনেমাটির বড় একটি অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সেখানে দীর্ঘ সময় ধরে শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। চরিত্রের প্রয়োজনে রণবীরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিতে হচ্ছে।

প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হতে যাওয়া ‘প্রলয়’ রণবীরের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। ক্যারিয়ারের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন রণবীর-দীপিকা। দ্বিতীয় সন্তানের আগমন ঘিরে তাদের ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।