পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আমিন আলী (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে ১৩ জুলাই সোমবার দুপুরে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আমিন আলী ওই গ্রামের ফরহাদ আলীর ছেলে। কথা-কাটাকাটির একপর্যায়ে ধারাল দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজনের অভিযোগ।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেট কার চালাতেন। রবিবার তিনি ভাইয়ের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়িতে আসেন। কিন্তু পারিবারিক বিরোধে ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়ায় আমিন আলীও জড়িয়ে পড়েন।
এর জেরে রবিবার রাতেও আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। রাতে সেই ঝগড়া থামলেও সকালে আবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল ও ফারুকসহ ৬-৭ জন তাদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করে। এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলমান ছিল। সোমবার কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




