• ই-পেপার

ইসকনের মতবিনিময়

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

১৬ জুলাই ঢাকায় ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো’

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ঢাকায় ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো’

উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামী ১৬ জুলাই রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৬’। প্রথমবারের মতো এ আয়োজন করছে নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সেন্টার, ঢাকা।

রবিবার (১২ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক শিল্পী রানী দাস। এ সময় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জুনায়েদ জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে নিউজিল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ভর্তি ও ভিসা-সংক্রান্ত পরামর্শ, কোর্স নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত স্কলারশিপ বিষয়ে তথ্য জানার সুযোগ থাকবে।

এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানসহ আবেদন, ভিসা প্রত্যাখ্যাত আবেদন পুনর্মূল্যায়ন এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে পরামর্শ দেওয়া হবে।

ফাউন্ডেশন, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও মাস্টার্স পর্যায়ে পড়তে আগ্রহীদের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে। ১৬ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলবে।

বন্যায় কোনো মানুষ খাবারের অভাবে কষ্ট পাবে না : ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক
বন্যায় কোনো মানুষ খাবারের অভাবে কষ্ট পাবে না : ডিসি ফরিদা
ছবি: কালের কণ্ঠ

বন্যা পরিস্থিতিতে কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। সোমবার (১৩ জুলাই) রাজধানীর ভাষানটেক এলাকার ধামালকোট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘একটি মানুষকেও ক্ষুধার অভাবে মরতে দেওয়া যাবে না। সরকার বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। যাদের প্রয়োজন, তাদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের সব কর্মকর্তা নিরলসভাবে কাজ করছেন।’

তিনি বলেন, ‘বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কোনো এলাকায় ত্রাণের সংকট বা সহায়তা বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদা খানম আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চান। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ‘আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ, নিরাপদ সুপেয় পানি, স্যানিটেশন এবং শিশু, নারী ও বয়স্কদের বিশেষ প্রয়োজনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমানো সম্ভব।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, স্যানিটেশন ও শিশু খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো দুর্গত পরিবার যাতে সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে।’

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের ১২৮টি স্থানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশের উদ্যোগে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। ৯ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হবে রাজধানীর স্বামীবাগ আশ্রমে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে। 

সোমবার (১৩ জুলাই) স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

প্রথম দিন সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর দুপুরের পর স্বামীবাগ আশ্রম থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হবে। যা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা একই পথে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে এসে শেষ হবে।

ডেমরায় মাদরাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
ডেমরায় মাদরাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

ঢাকার ডেমরার একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ডেমরা পূর্ব বক্সনগর এলাকার 'দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা'র ষষ্ঠ তলায় সোমবার বিকেল ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল। সেখানের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।’

আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহত শিক্ষার্থীরা ১২ থেকে ১৫ বছর বয়সী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোয়ান নামের একজনের অবস্থা গুরুতর।

ওই মাদরাসা শিক্ষার্থী মো. আকাশ জানিয়েছে, ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে পড়ে।

শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার সময় ওই কক্ষে শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। ঘুমে থাকা শিক্ষার্থীরাই আহত হয়েছে। অন্যরা দ্রুত কক্ষ থেকে বের হয়ে যায়।