• ই-পেপার

বন্যায় কোনো মানুষ খাবারের অভাবে কষ্ট পাবে না : ডিসি ফরিদা

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের ১২৮টি স্থানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশের উদ্যোগে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। ৯ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হবে রাজধানীর স্বামীবাগ আশ্রমে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে। 

সোমবার (১৩ জুলাই) স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

প্রথম দিন সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর দুপুরের পর স্বামীবাগ আশ্রম থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হবে। যা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা একই পথে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে এসে শেষ হবে।

ডেমরায় মাদরাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
ডেমরায় মাদরাসায় বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

ঢাকার ডেমরার একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ডেমরা পূর্ব বক্সনগর এলাকার 'দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা'র ষষ্ঠ তলায় সোমবার বিকেল ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল। সেখানের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।’

আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আহত শিক্ষার্থীরা ১২ থেকে ১৫ বছর বয়সী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোয়ান নামের একজনের অবস্থা গুরুতর।

ওই মাদরাসা শিক্ষার্থী মো. আকাশ জানিয়েছে, ষষ্ঠ তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে পড়ে।

শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার সময় ওই কক্ষে শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। ঘুমে থাকা শিক্ষার্থীরাই আহত হয়েছে। অন্যরা দ্রুত কক্ষ থেকে বের হয়ে যায়।

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

অনলাইন ডেস্ক
ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে গণ্য করা হয়। সে হিসাবে গত এক দিনে ঢাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। রবিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটির বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাসে ১ থেকে ১০ মিলিমিটারকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটারকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটারকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

১ হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে হত্যা, আটক ২

নিজস্ব প্রতিবেদক
১ হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে হত্যা, আটক ২

রাজধানীর লালবাগ থানার আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার পাওনা ১ হাজার টাকাকে কেন্দ্র করে স্বপন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের ৮১ নম্বর ফ্ল্যাটের সামনে ও সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন মাদারীপুর জেলার শিবচর থানার তাহের ফকিরকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মান্নান। তিনি পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী। বর্তমানে তিনি ও তার ভাই রাজা মোহাম্মদ সেলিম আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের নিচতলার একটি কক্ষে ৬ হাজার টাকা ভাড়ায় বসবাস করছিলেন।

নিহতের ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, আমার ভাই স্বপন অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। কারো সঙ্গে কখনো কোনো বিরোধে জড়াতেন না। আমরা দুই ভাই এখানে সাবলেটে (ভাড়ায়) থাকতাম। অভিযুক্ত রিজভী মাস শেষ হওয়ার আগেই আমাদের কাছে ভাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা চাইলে আমরা বলি, দু-এক দিনের মধ্যে পরিশোধ করে দেব। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। আজ ভোর আনুমানিক ৪টার দিকে রিজভী এবং তার চাচাতো ভাই রোহান তাদের রুমের সামনে এসে চড়াও হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে বাধা দিতে গেলে তারা সেলিমকে লাথি মেরে ফেলে দেয়। এরপর বৃদ্ধ স্বপনকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি লাথি ও বুকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করা হয়।

মারধরের একপর্যায়ে স্বপন অচেতন ও মুমূর্ষু হয়ে পড়লে অভিযুক্তরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে ঘটনাস্থল থেকে সটকে পড়ার চেষ্টা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার পরপরই তৎপরতা চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় জানানো হয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান।