• ই-পেপার

তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’খ্যাত পল ওয়েসলি

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪৪তম মঞ্চায়ন

অনলাইন ডেস্ক
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪৪তম মঞ্চায়ন
সংগৃহীত ছবি

ঢাকার অন্যতম নাটকের দল ঢাকা পদাতিক। দলটির ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্য সেন’। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার দলে নাটকটির ৪৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক। নাটকটির রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।

প্রয়োজন অনুযায়ী, নাটকটির কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন তিনি। নাটকটি মঞ্চপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঐতিহাসিক প্রেক্ষাপট, শক্তিশালী সংলাপ এবং নির্মাণশৈলীর কারণে এটি বর্তমানে নাট্যাঙ্গনের আলোচিত প্রযোজনাগুলোর অন্যতম।

এরই মধ্যে ভারতের দিল্লিতে নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে দর্শক ও নাট্যসমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।

নবনির্দেশনার অভিজ্ঞতা তুলে ধরে নাদের চৌধুরী বলেন, ‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ ভাই। তার প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।’ 

প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো-সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিল।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ, শ্যামল হাসান, রবিউল মিলটন, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাকসুদ, জাহিদ প্রমুখ।

নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন শ্যামল হাসান।

বলে রাখা ভালো, ২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্য সেন’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর দেশ-বিদেশে একাধিক সফল মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটি ইতিহাসভিত্তিক নাট্যপ্রযোজনার অন্যতম আলোচিত সংযোজন হিসেবে দর্শকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

দ্বিতীয় সন্তানের আগমনে পিতৃত্বকালীন ছুটিতে রণবীর সিং

বিনোদন ডেস্ক
দ্বিতীয় সন্তানের আগমনে পিতৃত্বকালীন ছুটিতে রণবীর সিং
দ্বিতীয় সন্তানের আগমনে পিতৃত্বকালীন ছুটিতে রণবীর সিং ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। নতুন অতিথিকে স্বাগত জানানোর এই সময়ে পরিবারের পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। আসন্ন সিনেমা ‘প্রলয়’-এর ব্যস্ততার মধ্যেও স্ত্রী ও সন্তানের জন্য সময় বের করতে চান এই অভিনেতা।

দীপিকা পাড়ুকোন প্রথম সন্তান দুয়ার জন্মের পর মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। কন্যার সঙ্গে সময় কাটানোর জন্য তিনি কাজের সময়ও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেই সময়ে রণবীর ব্যস্ত ছিলেন তার সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং নিয়ে। এবার দ্বিতীয় সন্তানের জন্মের সময় পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পাশে থাকতে চান রণবীর।

জানা গেছে, রণবীর আগামী আগস্ট থেকে পরিচালক জয় মেহতার ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু করবেন। ছবিটির প্রথম ধাপের কাজ দীপাবলি পর্যন্ত চলবে। এরপর কিছুদিনের জন্য শুটিং বন্ধ রেখে পিতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি।

সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে পৃথিবীতে আসতে পারে। এই সময়টায় স্ত্রী দীপিকা ও পরিবারের সঙ্গে থাকতে চান রণবীর। এরপর ২০২৭ সালে আবারও ‘প্রলয়’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথম সন্তানের জন্মের সময় দীপিকা যেমন পরিবারের জন্য সময় বের করেছিলেন, এবার দ্বিতীয় সন্তানের আগমনে একইভাবে দায়িত্ব ভাগ করে নিতে চান রণবীরও। তাই দীর্ঘ বিরতিতে গিয়ে নতুন সদস্যকে সময় দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

এদিকে রণবীরের ক্যারিয়ারেও চলছে ব্যস্ত সময়। সম্প্রতি তিনি ‘ধুরন্ধর’ সিনেমার কাজ শেষ করেছেন এবং ছবিটির সাফল্য উপভোগ করছেন। পাশাপাশি ‘ডন ৩’ নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেতা। এর মধ্যেই নতুন সিনেমা 'প্রলয়'-এর প্রস্তুতি শুরু করেছেন তিনি।

‘প্রলয়’ পরিচালনা করছেন জয় মেহতা। এটি একটি জোম্বি থ্রিলার ঘরানার সিনেমা। এই ধরনের চরিত্রে রণবীরকে প্রথমবার দেখা যাবে। ছবির গল্প ও নির্মাণ পরিকল্পনা বড় পরিসরের হওয়ায় চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জানা গেছে, সিনেমাটির বড় একটি অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সেখানে দীর্ঘ সময় ধরে শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। চরিত্রের প্রয়োজনে রণবীরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিতে হচ্ছে।

প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হতে যাওয়া ‘প্রলয়’ রণবীরের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। ক্যারিয়ারের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন রণবীর-দীপিকা। দ্বিতীয় সন্তানের আগমন ঘিরে তাদের ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

বিশ্বকাপের অদ্ভুত সময় ও অন্যায্য সিদ্ধান্তের সমালোচনা করলেন অমিতাভ

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের অদ্ভুত সময় ও অন্যায্য সিদ্ধান্তের সমালোচনা করলেন অমিতাভ
সংগৃহীত ছবি

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে নিজের ব্লগে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। সেখানে তিনি বিশ্বকাপের ম্যাচগুলোর অদ্ভুত সময়সূচি নিয়ে হালকা রসিকতা করার পাশাপাশি টুর্নামেন্টের অন্যায্য রেফারিং ও নতুন দলগুলোর চমকপ্রদ পারফরম্যান্সের আলোচনা করেছেন।

বিশ্বকাপের কারণে তার দৈনন্দিন রুটিন কিভাবে ব্যাহত হচ্ছে, তা নিয়ে শুরুতেই কথা বলেন অমিতাভ বচ্চন। বিগ বি লিখেছেন, ‘খেলার অদ্ভুত সময়ের কারণে আমার দিন ও সময়ের ধারণা পুরো ওলট-পালট হয়ে গেছে। এই বিশ্বকাপ আমাদের দিনগুলোকে কিছুটা দুর্বিষহ করে তুলছে, তবুও আমরা খেলা দেখছি।’

মাঠের কিছু অন্যায্য সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘খেলা দেখতে দেখতে আমাদের যেমন উল্লাস হয়, তেমনি অনুশোচনাও হয়। আমরা চরম যন্ত্রণার সাথে দেখি কিভাবে একজনের জন্য অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর অন্যজনের জন্য নয়।’ এবারের বিশ্বকাপে ফুটবল বিশ্বের অনেক নামকরা ও শক্তিশালী দেশের আকস্মিক বিদায়ে অমিতাভ বচ্চন বিস্ময় প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, অধিকাংশ সুপরিচিত ফুটবল দেশ অত্যন্ত দুঃখের সাথে টুর্নামেন্ট থেকে হেরে বিদায় নিয়েছে, যা সত্যিই আশ্চর্যজনক। কিন্তু আমরা আনন্দিত যে, যেসব দেশ এতদূর আসবে তা কেউ কল্পনাও করেনি, তারা কঠোর লড়াই করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।

ক্রিকেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উদাহরণ টেনে অমিতাভ বচ্চন তরুণ ফুটবলারদের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, আইপিএলের মতোই ফুটবলাররা সারাবছর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্লাবের হয়ে একে অপরের বিরুদ্ধে খেলে। কিন্তু যখন তারা জাতীয় দলের জন্য একত্রিত হয়, তখন সব ভুলে এক হয়ে যায়। এর জন্য মনের জোর প্রয়োজন। তিনি আরো যোগ করেন, প্রতিটি বিশ্বকাপেই নতুন প্রতিভা ও কৌশলের বিকাশ ঘটে। আমরা অবাক হয়ে শিখি যে, মাত্র ১৭-১৮ বছর বয়সেই তরুণরা একটি গোটা দেশের প্রতিনিধিত্ব করছে।

পোস্টটি শেষ করার আগে অমিতাভ বচ্চন সময়ের পরিবর্তন নিয়ে তার জীবনবোধ প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘সময় ও বয়সের সাথে সাথে পৃথিবীও বদলায়। এখন নিয়মকানুন ও রীতিনীতিতে এমন সব পরিবর্তন আসছে যা আগে ভাবাই যেত না। আর আমাদের উত্তরসূরিরা এই নতুন নিয়মগুলোকে আপন করে নিচ্ছে।’

‘তুম্বাড় ২’-এ থাকছেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
‘তুম্বাড় ২’-এ থাকছেন আলিয়া ভাট
সংগৃহীত ছবি

বহু প্রতীক্ষিত সিনেমা ‘তুম্বাড় ২’-এ থাকছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মঙ্গলবার (১৪ জুলাই) সিনেমাটির অভিনেতা ও প্রযোজক সোহম শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর আনুষ্ঠানিকভাবে জানান।

ইনস্টাগ্রামে আলিয়া ভাটের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সোহম শাহ লিখেছেন, একটি নতুন অধ্যায়ের সূচনা। আলিয়া ভাটকে স্বাগত ‘তুম্বাড় ২’-এর জগতে। প্রলয় আসন্ন। দেখা হবে সিনেমা হলে।

আলিয়ার যুক্ত হওয়ার খবর প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরো বেড়েছে। এর আগে নির্মাতারা জানিয়েছিলেন, ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুম্বাড় ২’। মুক্তির তারিখ ঘোষণার আগে একটি মোশন পোস্টার এবং কয়েকটি রহস্যময় পোস্টের মাধ্যমে সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি করা হয়েছিল।

এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে সোহম শাহ লিখেছিলেন, ‘এক পাপপূর্ণ অতীত, এক অশুভ ভবিষ্যৎ। ক্ষুধা বাড়ছে; লোভের উত্তরাধিকার অব্যাহত।’ এর মাধ্যমে সিনেমাটির অন্ধকার ও রহস্যময় জগতের ইঙ্গিত দেওয়া হয়েছিল।

‘তুম্বাড় ২’ নিয়ে সোহম শাহ বলেন, ‘তুম্বাড়’ আমার কাছে সবসময়ই বিশেষ একটি সিনেমা। এর দ্বিতীয় পর্বে আমরা সেই জগতকে আরো গভীর ও বড় পরিসরে তুলে ধরতে চাই। দর্শকরা প্রথম সিনেমার যে পৌরাণিক আবহ ও পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেটিকে ভিত্তি করেই নতুন গল্প বলা হবে। পরিচিত অনুভূতি থাকলেও গল্প এগিয়ে নেওয়ার ধরন হবে সম্পূর্ণ নতুন।

‘তুম্বাড় ২’ পরিচালনা করছেন আদেশ প্রসাদ। সিনেমাটি প্রযোজনা করছে সোহম শাহ ফিল্মস, পেন স্টুডিওসের সহযোগিতায়। পরিবেশনার দায়িত্বে রয়েছে পেন মারুধর।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীও। আলিয়া ভাট ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর যুক্ত হওয়ার কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরো বেড়েছে।

'তুম্বাড় ২' মুক্তি পাবে ২০২৭ সালের ৩ ডিসেম্বর।