• ই-পেপার

ঢাবির আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক সই

প্রশ্ন আমরা করিনি, বিগত সরকার করেছে : পদার্থবিজ্ঞানের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রশ্ন আমরা করিনি, বিগত সরকার করেছে : পদার্থবিজ্ঞানের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সংসদে জানিয়েছেন, প্রশ্নটি বর্তমান সরকার নয়, বিগত সরকারের সময় প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি জানেন যে প্রশ্ন মডারেট করতে হলে এই প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের যে মডারেটর ছিল তারাই এই প্রশ্ন করেছে।’ 

তিনি বলেন, ‘তবু আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি, ফিজিকসের (পদার্থবিজ্ঞান) ৬ ও ৭ নম্বর প্রশ্নে আমরা ফুল ক্রেডিট (পূর্ণ নম্বর) দিয়ে দেব।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন

অনলাইন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন
সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারে (১৬ জুলাই) অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি টু মাস্টার্স ও ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষর করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত তারিখ অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা হবে ১১ আগস্ট।

এ ছাড়া পূর্বঘোষিত অন্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত দেখুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে : প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে : প্রধানমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়ার অন্যতম চালিকাশক্তি। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উদ্যোক্তাদের জন্য এক ছাতার নিচে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগসহ বিভিন্ন সেবা নিশ্চিত করতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর ডিজিটাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নির্বাচিত স্টার্টআপ উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে নতুন উদ্যোক্তাদের সফলতার পথে চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবেলায় দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ওপর জোর দেন। নিজের জীবনের দীর্ঘ সংগ্রাম ও নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জীবনের লক্ষ্য অর্জনে ধৈর্য ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বাত্মক চেষ্টা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং সূচনা বক্তব্য দেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রত্যাশী না হয়ে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার এই যুগে তরুণদের নতুন দক্ষতা অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের কোনো বিকল্প নেই।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান জানান, নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করতে সরকার ইতিমধ্যে ৫০০ কোটি টাকার একটি পৃথক স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এই তহবিল দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গঠনে নতুন গতি সঞ্চার করবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও উদ্যোক্তা এই অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে সিনেট ভবনে আয়োজিত স্টার্টআপ প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। এই প্রদর্শনী বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

চট্টগ্রামে স্থগিত, অন্যান্য বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে স্থগিত, অন্যান্য বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এছাড়া বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন সভায় জানানো হয়েছে, সারা দেশে পরীক্ষা গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে। সোমবার (১৩ জুলাই) একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সভায় আরো জানানো হয়, কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা দেখা দিলে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে। এরই মধ্যে পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

কর্মকর্তারা জানান, একটি কেন্দ্রের ভিডিও বা পুরনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।