রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরীন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশে ঢালে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মুমূর্ষু অবস্থায় শিশু নওরীনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা মো. নাজিম জানান, তারা বেগুনবাড়িতে থাকেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তিনি পেশায় রিকশাচালক আর শিশুটির মা শিরিন আক্তার গৃহিণী। তাদের একমাত্র সন্তান নওরীন। বিকেলে বাবা-মা দুজনের হাত ধরে বাসার সামনে বের হয়েছিল। তখন বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয় শিশুটি। সঙ্গে সঙ্গে একটি অটোরিকশা এসে তাকে সজরে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়লে মাথায় গুরুতর আঘাত পায় সে।
তিনি আরো জানান, নওরীনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে।





