• ই-পেপার

সিরাজগঞ্জ

কারাগারে অসুস্থ যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু

সিরাজগঞ্জে খালে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

অনলাইন প্রতিবেদক
সিরাজগঞ্জে খালে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসলে নেমে আরাফাত হোসেন (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরাফাত ওই গ্রামের নুর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে আরাফাত খালের পানিতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধারের পর রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নিল বোয়ালখালীর মনীশ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নিল বোয়ালখালীর মনীশ
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের বোয়ালখালীর মেধাবী শিক্ষার্থী মনীশ ক্ষেত্র চৌধুরী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর একক অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক ও সম্মাননা গ্রহণ করেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করে মনীশ।

এর আগে গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের সাতজন প্রতিযোগীকে পেছনে ফেলে একক অভিনয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সে।
মনীশ বোয়ালখালী উপজেলার শাকপুরা সওদাগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জনের পর জাতীয় পর্যায়েও সেরা হওয়ার গৌরব অর্জন করে সে।

পুরস্কার গ্রহণের পর মনীশ বলেছে, ‘প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই অর্জনের পেছনে আমার মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে আরো ভালো কাজ করে দেশ ও বিদ্যালয়ের সুনাম বাড়াতে চাই।’

এ বছর দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেওয়া হয়।

পানি নিষ্কাশন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে : ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
পানি নিষ্কাশন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে : ত্রাণমন্ত্রী
সংগৃহীত ছবি

চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দরনগরী বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, পাহাড়, নদী, সমুদ্র, সমতলসমৃদ্ধ এ নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

 

আসাদুল হাবিব দুলু জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সব রকম কার্যক্রম বাস্তবায়ন করবে।

এ সময় আরো বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া প্রমুখ।

রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত, চালকসহ আটক ২

অনলাইন ডেস্ক
রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত, চালকসহ আটক ২

রংপুরে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় অরুণ বালা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের তর বাসুর স্ত্রী। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মডার্ন মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক পাড় হচ্ছিলেন অরুণ বালা। একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যান চালক মোরসালিন মিয়া ও হেলপার আবু বক্করকে আটক করেছে।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক জানান, রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।