যুক্তরাজ্যে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অফকম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টিকটকের যুক্তরাজ্য শাখা শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে কি না, তা খতিয়ে দেখবে অফকম।
তদন্তে টিকটক কীভাবে কোনো ব্যবহারকারী শিশু কি না, তা শনাক্ত করে—সেটিও দেখা হবে। পাশাপাশি শিশুদের ক্ষতিকর কনটেন্ট দেখা ঠেকাতে প্ল্যাটফর্মটির পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না, তা যাচাই করবে সংস্থাটি।
এর আগে মে মাসে অফকম জানিয়েছিল, ব্রিটিশ শিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট থেকে রক্ষায় টিকটক যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেয়নি।
তবে তদন্ত শুরু হওয়া মানেই টিকটক আইন ভেঙেছে—এমন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি অফকম।
টিকটক অবশ্য কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বয়স অনুযায়ী ব্যবহারকারীদের জন্য নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা বিভিন্ন প্রযুক্তি ও নীতিমালা ব্যবহার করে।
এদিকে এক মাস আগে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সরকার।





