দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত পটিয়া পৌরসভার ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পটিয়া পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।
অনুষ্ঠানে এমপি এনাম বলেন, দুর্যোগ মানুষকে দলীয় পরিচয়ে বিভক্ত করে না। তাই এই সংকট মোকাবিলায়ও কোনো রাজনৈতিক বিভাজন থাকা উচিত নয়। মানুষের জীবন ও জীবিকা রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালন করে যাচ্ছে এবং পটিয়ার কোনো মানুষ যেন খাদ্যকষ্টে না থাকেন, সে লক্ষ্যেই এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে সরকার রয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
এমপি এনাম স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের এই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি দায়িত্বশীল ও মানবিক সমাজ গড়ে ওঠে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পটিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, পৌর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম, বিএনপি নেতা মিসকাত আহমেদ, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, ইদ্রিস পানু, জাসাস নেতা নাছির উদ্দীন, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুবদল নেতা আল রায়হান সোহেল, বিএনপি নেতা মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




