• ই-পেপার

ঢাকায় বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল

দাম্পত্য কলহ

তুরাগে আছাড় মেরে শিশুকন্যাকে হত্যা, বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
তুরাগে আছাড় মেরে শিশুকন্যাকে হত্যা, বাবা গ্রেপ্তার
নিহত রাফামণি।

তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশুকন্যা রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় কামারপাড়া সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাফাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর দিন বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাফার মৃত্যু হয়। 

কবির হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গুচ্ছ গ্রামের বাসিন্দা। বর্তমানে তুরাগের কামারপাড়ায় বসবাস করেন। 

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার উপপরিদর্শক এসআই মো. মেহেদী হাসান ফয়সাল বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা তার একমাত্র কন্যাসন্তান রাফামণিকে হত্যা করেছেন। 

নিহতের মা লিমা বেগম বলেন, ‘বুধবার বিকেলে পারিবারিক বিষয়াদি নিয়ে আমাকে মারধর করলে আমি সন্তানকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাই। পরে সন্ধ্যায় তিনি (কবির হোসেন) আমাদের বাসা আসেন। পরে তার সাথে বাসায় যাচ্ছিলাম। পথিমধ্যে এসব নিয়ে রাস্তায় কথা-কাটাকাটি হয়। এ সময় তিনি রাফামণিকে আমার কোল থেকে নিয়ে আছাড় মেরে ফেলে দেন।’

নিহত রাফার নানি বলেন, ‘কবির পেশায় রিকশাচালক। নেশা করত। ঠিকমতো কাজ করত না। বিভিন্ন অজুহাতে আমার মেয়েকে মারধর করত। সংসারে অভাব-অনটন লেগে থাকত।’

স্কুলের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে ছিল স্কুলছাত্র, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
স্কুলের টয়লেটে অজ্ঞান হয়ে আটকে ছিল স্কুলছাত্র, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বিদ্যালয়ের বাথরুমে অজ্ঞান হয়ে আটকে পড়া এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ এক নারীর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম নীরব বিশ্বাস (১৪)। সে উত্তর কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটে নিগার সুলতানা নামের এক কলার ডিএমপির যাত্রাবাড়ী থানার পোস্তগোলা এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন। 
তিনি জানান, উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের বাথরুমের দরজা দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে এক ছাত্র আটকা পড়েছে, কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলেও ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

৯৯৯ কল সেন্টার তাৎক্ষণিকভাবে বিষয়টি দ্রুত উদ্ধারের জন্য পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানায়। কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর এবং উদ্ধারকাজের সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ওই বিদ্যালয়ে পৌঁছায়। তারা বাথরুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় ভেতরে পড়ে থাকা শিক্ষার্থী নীরব বিশ্বাসকে উদ্ধার করে। পরে জানা যায়, সে বাথরুমের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল।

এ বিষয়ে উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার জানান, খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত দরজা ভেঙে ভেতরে থাকা শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হওয়ায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন

নিজস্ব প্রতিবেদক
পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন

রাজধানীর পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিডি ক্লিন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরো প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে সংগঠনটির কার্যক্রম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে দুই সিটি করপোরেশন ও বিডি ক্লিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে বিডি ক্লিনের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারা সরবরাহ করা হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি আরো বলেন, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগলেও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

সভায় বিডি ক্লিনের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং এসব কার্যক্রম আরো বিস্তৃত করতে তিনি সরকারের সহযোগিতা চান।

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এসব তথ্য জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. হারুনুর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।