• ই-পেপার

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া অনুষ্ঠিত

পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন

নিজস্ব প্রতিবেদক
পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন

রাজধানীর পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিডি ক্লিন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরো প্রাতিষ্ঠানিক ও টেকসই করতে সংগঠনটির কার্যক্রম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে দুই সিটি করপোরেশন ও বিডি ক্লিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে বিডি ক্লিনের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারা সরবরাহ করা হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি আরো বলেন, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগলেও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

সভায় বিডি ক্লিনের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং এসব কার্যক্রম আরো বিস্তৃত করতে তিনি সরকারের সহযোগিতা চান।

স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ কখনোই বিনা ত্যাগে অর্জিত হয়নি : ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ কখনোই বিনা ত্যাগে অর্জিত হয়নি : ডিসি ফরিদা
বুধবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় কথা বলছেন ডিসি ফরিদা।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ‘স্বাধীনতা, ন্যয়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ কখনোই বিনা ত্যাগে অর্জিত হয়নি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ এ সময় তিনি এই আন্দোলনের অসংখ্য শহীদ, আহত এবং সংগ্রামী মানুষের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেন।

বুধবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত বীর যোদ্ধা, জুলাইযোদ্ধা, সুধীজন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘১৬ জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসে আত্মত্যাগ, সাহস ও নতুন অভিযাত্রার এক অনন্য দিন। ২০২৪ সালের এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যে আত্মত্যাগের নজির স্থাপন করেছিলেন, তা জাতির বিবেককে জাগ্রত করেছিল এবং গণ-অভ্যুত্থানে নতুন গতি এনে দিয়েছিল।

এ সময় তিনি শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরামসহ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ফরিদা খানম বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন, দমন-পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার সাহসী আন্দোলন দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সেই আন্দোলনকে নতুন শক্তি ও দিকনির্দেশনা দিয়েছিল।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘নতুন বাংলাদেশ শুধু গর্বের বিষয় নয়, এটি সবার জন্য একটি দায়িত্বও। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে ঢাকা জেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারির সঙ্গে কাজ করে যাবে। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও ন্যায়সংগত সরকারি সেবা পৌঁছে দেওয়াই হবে জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার।’

তিনি আরো বলেন, ‘শহীদদের আত্মত্যাগকে শুধু স্মরণ করলেই হবে না; তাঁদের আদর্শ, সাহস, দেশপ্রেম ও ন্যায়বোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে ধারণ করতে হবে। তাহলেই তাঁদের আত্মদান সত্যিকার অর্থে সার্থক হবে এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

আলোচনাসভা শেষে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক
উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত
সংগৃহীত ছবি

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর।

জানা গেছে, ম্যাচ দেখে মোটরসাইকেলে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার কারণ এবং জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭

অনলাইন ডেস্ক
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৭

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা করা হয়েছে। 

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

তিনি আরো বলেন, অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ২ হাজার ৫৬৬ ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ এবং ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।