• ই-পেপার

ইসরায়েলি কারাগারে নিপীড়নের ভয়াবহ তথ্য জানালেন জার্মান অধিকারকর্মী

একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো

অনলাইন ডেস্ক
একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো
সংগৃহীত ছবি

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো থেকে বিজ্ঞানী ও প্রকৌশলীদের দলে দলে চাকরি ছাড়ার ঘটনা বেড়েই চলছে। এ অবস্থায় কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির মহাকাশ বিভাগ (ডিপার্টমেন্ট অব স্পেস)।

সম্প্রতি জারি করা এক নির্দেশনায় ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (ইউআরএসসি), বিক্রম সারাভাই স্পেস সেন্টারসহ (ভিএসএসসি) ইসরোর প্রধান গবেষণা কেন্দ্রগুলোকে বলা হয়েছে, মহাকাশযান ও মানব মহাকাশ অভিযান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনের সঙ্গে যুক্ত গ্রুপ-এ বৈজ্ঞানিক ও কারিগরি কর্মকর্তাদের স্বেচ্ছা অবসর বা পদত্যাগের আবেদন নিয়মিতভাবে গ্রহণ করা যাবে না।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ইসরোর গ্রুপ-এ বৈজ্ঞানিক ও কারিগরি কর্মকর্তাদের, বিশেষ করে গগনযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত কর্মীদের স্বেচ্ছা অবসর ও পদত্যাগের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ফলে এখন থেকে এসব প্রকল্পের সঙ্গে যুক্ত বৈজ্ঞানিক ও কারিগরি কর্মকর্তাদের স্বেচ্ছা অবসর ও পদত্যাগের আবেদন আর নিয়মিতভাবে গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিজ্ঞানী ও প্রকৌশলী পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে এ ধরনের আবেদন এলে সংশ্লিষ্ট কেন্দ্রের পরিচালকের সুস্পষ্ট সুপারিশসহ তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মহাকাশ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ২০২০ সালে করা প্রশাসনিক পরিবর্তন কার্যত বাতিল করা হয়েছে। ওই পরিবর্তনের ফলে ইসরোর বিভিন্ন কেন্দ্রের পরিচালকরা বিজ্ঞানী/প্রকৌশলী-এসজি পদমর্যাদা পর্যন্ত গ্রুপ-এ বৈজ্ঞানিক ও কারিগরি কর্মকর্তাদের পদত্যাগ ও স্বেচ্ছা অবসরের আবেদন অনুমোদনের ক্ষমতা পেয়েছিলেন।

নতুন নির্দেশনাটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার, স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক এবং মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটিসহ একাধিক কেন্দ্রে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসরো ছেড়ে কোথায় যাচ্ছেন বিজ্ঞানীরা?

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ১০০ জনের বেশি কর্মী ইসরো ছেড়েছেন। এর মধ্যে বেঙ্গালুরুর ইউআরএসসি এবং তিরুবনন্তপুরমের ভিএসএসসিতে সবচেয়ে বেশি পদত্যাগের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ভিক্টর জোসেফ টি নামে একজন জ্যেষ্ঠ বিজ্ঞানীও রয়েছেন। তিনি ভিএসএসসিতে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এমকে-থ্রি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গগনযান অভিযানে ব্যবহৃত হতে যাওয়া এলভিএম-৩ উৎক্ষেপণযানের প্রকল্পপ্রধান হিসেবে প্রায় ১৩ মাস দায়িত্ব পালনের পর তিনি গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন।

ধারণা করা হচ্ছে, ইসরো ছেড়ে যাওয়া অনেক বিজ্ঞানী বর্তমানে বেসরকারি মহাকাশ স্টার্টআপে যোগ দিচ্ছেন। পদত্যাগ করা কয়েকজন বিজ্ঞানী ২০২০ সালে বেসরকারি খাতের জন্য মহাকাশ খাত উন্মুক্ত করার পর গড়ে ওঠা বিভিন্ন মহাকাশ স্টার্টআপে যোগ দিয়েছেন বলে জানা গেছে। ২০২৩ সালে ভারতের মহাকাশ নীতি চালুর পর এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে।

বর্তমানে ভারতে নিবন্ধিত মহাকাশ স্টার্টআপের সংখ্যা ৪০০-এর বেশি। এসব প্রতিষ্ঠান মোট ৫০ কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছে, যার মধ্যে শুধু ২০২৫ সালেই এসেছে প্রায় ১৫ কোটি ডলার। পিক্সেল, ধ্রুবা স্পেস, স্কাইরুট অ্যারোস্পেস, অগ্নিকুল কসমস এবং বেলাট্রিক্স অ্যারোস্পেসের মতো প্রতিষ্ঠানগুলো এই খাতের শীর্ষে রয়েছে।

একাধিক ধাক্কা ও চ্যালেঞ্জ

এদিকে বিজ্ঞানীদের পদত্যাগের পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিক মহাকাশ অভিযানে ব্যর্থতার মুখেও পড়েছে ইসরো। সংস্থাটির নির্ভরযোগ্য উৎক্ষেপণযান হিসেবে পরিচিত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) এক বছরের মধ্যে টানা দুটি উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে।

তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও গগনযান, চন্দ্রযান-৪, ভারতীয় মহাকাশ স্টেশন (বিএএস) এবং মঙ্গলযান-২ এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে মনোযোগ ধরে রেখেছে ইসরো।

চলতি বছরের জানুয়ারিতে পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণের সময় তৃতীয় ধাপের শেষে ত্রুটির কারণে রকেটটি নির্ধারিত পথ থেকে সরে যায়। এর আগে গত বছরের মে মাসে পিএসএলভি-সি৬১/ইওএস-০৯ (রিস্যাট-১বি) মিশনও ব্যর্থ হয়। তৃতীয় ধাপে চেম্বারের চাপ হঠাৎ কমে যাওয়ায় রকেটটি নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি এবং রাডার স্যাটেলাইটটি হারিয়ে যায়।

এসব চ্যালেঞ্জের মধ্যেও ইসরো আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মহাকাশযান, যার মাধ্যমে ভারত নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠানো বিশ্বের চতুর্থ দেশ হতে চায়।

এছাড়া চন্দ্রযান-৪, যার লক্ষ্য চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা; ভারতীয় অন্তরীক্ষ স্টেশন ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (বিএএস) নির্মাণ এবং মঙ্গলযান-২ মিশনের প্রস্তুতিও এগিয়ে চলছে।

ইরানের হুমকির পর নড়েচড়ে বসেছে উপসাগরীয় দেশগুলো

অনলাইন ডেস্ক
ইরানের হুমকির পর নড়েচড়ে বসেছে উপসাগরীয় দেশগুলো
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান অনিশ্চয়তা ও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে। এই সিদ্ধান্তের কিছু সময় আগে ইরানের সশস্ত্র বাহিনীর সতর্ক করেছে, ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে এই অঞ্চলের অবশিষ্ট সমস্ত অবকাঠামো নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল সেন্ট্রাল কমান্ড খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন,  ‘নির্বোধ শত্রুর জেনে রাখা উচিত, আমাদের জন্য এই মহাকাব্যিক মুহূর্তটি এড়িয়ে যাওয়ার মুহূর্ত নয়। ইরানের বিরুদ্ধে কোনো হামলার জবাব সমান মাত্রায় হবে না, বরং আরো শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হবে।’

হরমুজ প্রণালিকে ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন উল্লেখ করে তিনি বলেন, ‘যদি ফাঁপা ও অন্তঃসারশূন্য মার্কিন প্রেসিডেন্টের ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সাম্প্রতিক হুমকি কার্যকর করা হয়, তাহলে ইরানের সংযমের কারণে যা কিছু অবশিষ্ট আছে (উপসাগরীয় অঞ্চলের সমস্ত অবকাঠামো) তা ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতে এমনভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে যে তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। এমনকি মনে হবে, যেন এগুলোর কোনো অস্তিত্বই ছিল না।’

যুলফাগারি আরো সতর্ক করে বলেন, ‘অপরাধী আমেরিকা এই অঞ্চলে তার আইনশৃঙ্খলাহীনতা ও অস্থিতিশীলতা অব্যাহত রেখেছে। কোনো অবস্থাতেই ইরান একটি বিদেশি ও বহিঃআঞ্চলিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেবে না।’

কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরা বলছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো বিমান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী, সামরিক প্রস্তুতি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা আরো কঠোর করেছে।

নিরাপত্তা জোরদার করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে তেল ও গ্যাস স্থাপনা, বিমানবন্দর এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট।

এদিকে বাহরাইন জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পাশাপাশি বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশও একই ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে।

তবে বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী বা আরো বিস্তৃত সংঘাত শুরু হলে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই দীর্ঘ সময় কার্যকরভাবে সব হামলা ঠেকিয়ে রাখতে পারবে না। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বিশ্ব অর্থনীতিকেও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে। এই কারণেই উপসাগরীয় দেশগুলো সংঘাতে জড়িত সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে যুদ্ধের অবসান এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে সব কিছু করুন, সরকারকে হাইকোর্টের নির্দেশ

কালের কণ্ঠ ডেস্ক
সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে সব কিছু করুন, সরকারকে হাইকোর্টের নির্দেশ
ছবি : রয়টার্স

লাদাখের অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে প্রয়োজনীয় সব রকমের চিকিৎসাসংক্রান্ত পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ১৯ দিন ধরে দিল্লির যন্তর-মন্তরে আমরণ অনশন করছেন সোনম।

বুধবার করা একটি আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে দেওয়া আদেশে আদালত বলেন, ‘সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে প্রয়োজনীয় সব রকমের চিকিৎসা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমরা মনে করি যে কোনো নাগরিকের জীবনই মূল্যবান এবং সেটি বাঁচানোর জন্য কর্তৃপক্ষের সব রকমের প্রচেষ্টা করা উচিত।’

আদালতে দেওয়া আবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সী এই সমাজকর্মী যদি অনশন না ভাঙেন, তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মারা যেতে পারেন। আবেদনে সরকারের বিরুদ্ধে এই পরিস্থিতির প্রতি ‘সবচেয়ে কম চিন্তিত এবং অনুভূতিহীন’ থাকার অভিযোগ আনা হয়।

অনশনের পর থেকে তার ওজন সাড়ে ৮ কেজি কমে গেছে। ব্লাড প্রেসার ও ব্লাড সুগারও কমে গেছে। বুধবারের আবেদনে বলা হয়, ‘সহজ কাজটি হলো তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া এবং তরল আকারে হলেও মানবদেহের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, ভিটামিন ও খনিজ পদার্থ জোরপূর্বক খাওয়ানো।’

আবেদনে আরো যুক্তি দেওয়া হয়, ‘জনসমক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকদের একটি মৌলিক, গণতান্ত্রিক অধিকার হলেও ওয়াংচুক মারা গেলে তা দেশ তথা সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত লজ্জার বিষয় হবে।’

শুনানি চলাকালে আদালত সরকার পক্ষের কাছে জানতে চায়, কেন ওয়াংচুকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য কোনো তদারকি নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তবে চিকিৎসকরা সবসময় সরকারি প্রতিষ্ঠানের ছিলেন না। কখনো কখনো বেসরকারি চিকিৎসকরাও থাকেন।’

জবাবে আদালত বলেন, ‘আমরা চাই এই ব্যক্তি যেন সরকারি চিকিৎসকদের কাছ থেকে নিয়মিত এবং প্রতিদিনের মেডিক্যাল চেকআপ পান এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আর যদি কোনো ওষুধের প্রয়োজন হয়, তবে দয়া করে হস্তক্ষেপ করুন। প্রতিটি জীবনই মূল্যবান!’

আদালতের এই আদেশের কয়েক ঘণ্টা আগে সোনম ওয়াংচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন। তিনি জোর দিয়ে বলেন, অনশনে থাকা একজন ব্যক্তির জন্য তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। প্রবীণ রাজনীতিবিদদের অনুরোধ সত্ত্বেও সরকারের কোনো প্রতিক্রিয়া ছাড়া অনশন ভাঙার বিষয়টি তিনি নাকচ করে দেন। তার মতে এটি একটি ভুল বার্তা পাঠাবে। 

তিনি বলেন, ‘পরিস্থিতি ততটা খারাপ নয়, তাই আমি এখনো অনেক দিন হাঁটতে পারব। হ্যাঁ, দুর্বলতা আছে, আমার পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ছে, তবে আমার হার্ট এবং শরীরের ভেতরের অংশ এখনো ঠিক আছে। তাই শুধু ‘অনশন ভাঙুন না বলে, আমি আপনাদের একটি ছোট পদক্ষেপ নেওয়ার অনুরোধ করব।’

আগামী ২০ জুলাই আপনারা বিপুল সংখ্যায় যন্তর-মন্তরে আসুন, যাতে সরকারের কাছে একটি বার্তা পৌঁছায়। ওয়াংচুক স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ পার্টি। সে আন্দোলনে সংহতি প্রকাশ করে গত ২৮ জুন থেকে আমরণ অনশন করছেন সোনম ওয়াংচুক।

২০০৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ’থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান অভিনীত ফুনশুখ ওয়াংড়ু চরিত্রটি লাদাখের বিখ্যাত প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষা সংস্কারক এবং পরিবেশবাদী সোনম ওয়াংচুকের বাস্তব জীবন থেকেই নেয়া হয়েছিল।

যুদ্ধকালীন তৃতীয় প্রধানমন্ত্রী পেল ইউক্রেন

অনলাইন ডেস্ক
যুদ্ধকালীন তৃতীয় প্রধানমন্ত্রী পেল ইউক্রেন
ছবি : রয়টার্স

ইউক্রেনের বৃহত্তম রাষ্ট্রীয় তেল ও গ্যাস প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষিত মন্ত্রিসভার পুনর্গঠনের অংশ হিসেবে তিনি যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

প্রথমবার সরকারি দায়িত্বে

৪৮ বছর বয়সী সের্গেই কোরেৎস্কি পেশায় একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। এর আগে তিনি কখনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সংশ্লিষ্টতা নেই।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া এবং দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিতি তার জন্য বড় সুবিধা। ইউক্রেনের পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কোর মতে, দক্ষ ব্যবস্থাপনা ও রাজনৈতিক নিরপেক্ষতার সমন্বয়ই কোরেৎস্কিকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে।

জ্বালানি খাতে দুই দশকের অভিজ্ঞতা

সের্গেই কোরেৎস্কির জ্বালানি খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি তেল উৎপাদন, পরিশোধন, খুচরা ও পাইকারি জ্বালানি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে কাজ করেছেন।

২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি ইউক্রেনের গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহের বড় অংশ পরিচালনা করে।

এর আগে তিনি ইউক্রেনের বৃহত্তম তেল প্রতিষ্ঠান ইউক্রনাফতার প্রধান ছিলেন। নাফতোগাজ গ্রুপের অংশ।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিয়াম গ্রুপ এবং ইউক্রেনের অন্যতম বৃহৎ জ্বালানি স্টেশন চেইন ডব্লিউজিওজির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

পশ্চিম ইউক্রেনের লুতস্ক শহরে জন্ম নেওয়া কোরেৎস্কি একটি কফি চেইন ব্যবসাও প্রতিষ্ঠা করেছিলেন।

বড় চ্যালেঞ্জ কী?

নতুন প্রধানমন্ত্রী হিসেবে কোরেৎস্কির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীতের জন্য ইউক্রেনকে প্রস্তুত করা। গত শীতে রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একই সময়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থারও ঘাটতি রয়েছে।

এ বিষয়ে বুধবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আসন্ন শীতের প্রস্তুতি নেওয়াই নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে।’