• ই-পেপার

জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

সালমানের পক্ষে আদালতের নির্দেশ, সরাতে হবে ‘কালা হিরণ’-এর টিজার

বিনোদন ডেস্ক
সালমানের পক্ষে আদালতের নির্দেশ, সরাতে হবে ‘কালা হিরণ’-এর টিজার
সালমান খানকে ঘিরে ১৯৯৮ সালের কৃষ্ণসার (ব্ল্যাকবাক) শিকার মামলার সঙ্গে কথিত যোগসূত্র এবং এ-সংক্রান্ত আইনি লড়াইকে কেন্দ্র করে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ আলোচনায় এসেছে।

ভারতের দিল্লি হাইকোর্ট অভিনেতা সালমান খানের অভিযোগের পর ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ চলচ্চিত্রের টিজার ও অন্যান্য প্রচারসামগ্রী সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিচারপতি জ্যোতি সিং নির্মাতাদের টিজারটি অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। নির্দেশ না মানলে এক্স (সাবেক টুইটার) ও ইউটিউবসহ সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমকে কনটেন্টটি অপসারণের নির্দেশ দেওয়া হবে।

আদালতে দায়ের করা আবেদনে সালমান খান দাবি করেন, ছবিটির টিজার ও প্রচারসামগ্রীতে তার নাম উল্লেখ না থাকলেও তাকেই ইঙ্গিত করা হয়েছে। তার অভিযোগ, এতে তার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং এটি মানহানিকর।

আদালতে টিজারটি দেখার পর বিচারপতি জ্যোতি সিং বলেন, এটি যতক্ষণ জনসমক্ষে থাকবে, ততক্ষণ সালমান খানের সুনামের ক্ষতি হবে। তিনি মন্তব্য করেন, এভাবে একজন সাধারণ মানুষের সঙ্গেও আচরণ করা যায় না। একই সঙ্গে তিনি বলেন, একজন মানুষের সুনাম গড়ে তুলতে অনেক সময় লাগে, কিন্তু তা নষ্ট হতে বেশি সময় লাগে না।

‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবিটি ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার (ব্ল্যাকবাক) শিকার মামলার সঙ্গে সালমান খানের কথিত সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। টিজারে সালমান খানের মতো দেখতে একটি চরিত্র এবং তার পরিচিত নীল ব্রেসলেটের মতো একটি ব্রেসলেট দেখানো হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

সালমান খান আরো দাবি করেন, মামলাটি এখনও বিচারাধীন থাকায় এ ধরনের চলচ্চিত্র তার ন্যায্য বিচার পাওয়ার অধিকারকে প্রভাবিত করতে পারে।

এদিকে ছবিটির অভিনেতা গোবিন্দ নামদেব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ছবির প্রকৃত কাহিনি সম্পর্কে তিনি আগে জানতেন না। ট্রেলার দেখার পর তিনি বুঝতে পারেন, তাকে যে গল্প জানানো হয়েছিল, নির্মিত ছবির বিষয়বস্তু তার থেকে ভিন্ন। তার দাবি, সালমান খানের মতো দেখতে একটি চরিত্র তৈরি করা হবে—এ বিষয়েও তাকে আগে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে কৃষ্ণসার শিকারের অভিযোগে সালমান খানের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন ধরে চলা সেই মামলার আইনি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ শেষ হয়নি।

‘খুব বেশি সুন্দর’ হওয়ায় চরিত্র থেকে বাদ পড়েছিলেন কৃতি শ্যানন

অনলাইন ডেস্ক
‘খুব বেশি সুন্দর’ হওয়ায় চরিত্র থেকে বাদ পড়েছিলেন কৃতি শ্যানন

বলিউডের বর্তমান সময়ের শীর্ষ তারকা কৃতি শ্যানন। সাফল্য আজ তাকে হাতছানি দিলেও, ক্যারিয়ারের শুরুটা ছিল চরম প্রত্যাখ্যান ও অদ্ভুত সব তিক্ত অভিজ্ঞতায় ভরা। সম্প্রতি নিজের জন্মদিনে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি জানান, এক পরিচালক তাকে রূপের কারণেই চরিত্র থেকে বাদ দিয়েছিলেন।

ইঞ্জিনিয়ারিংয়ের পড়া শেষ করে হাতে চাকরির সুযোগ থাকা সত্ত্বেও রূপালী পর্দার টানে মুম্বাই পাড়ি দিয়েছিলেন কৃতি। কিন্তু কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকায় পদে পদে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে তাকে। কাজ না পেয়ে হতাশায় কেঁদে ফেলার স্মৃতিচারণ করে কৃতি বলেন, অনেকেই বলতেন আমার মধ্যে নাকি কোনো একটা খামতি আছে। একজন তো সরাসরি বলেছিলেন— ‘তুমি খুব বেশি সুন্দর। পর্দায় চরিত্রকে বাস্তব করে তুলতে গেলে চেহারায় কিছুটা অপূর্ণতা থাকা দরকার।’

এই ধরনের মন্তব্য তাকে মানসিকভাবে ভেঙে ফেললেও দমে যাননি কৃতি। চরম হতাশার মাঝেও পরিবার ও কাছের কিছু মানুষের অটুট বিশ্বাস তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। সেই জেদ থেকেই একে একে কাজ করেন ‘মিমি’ ‘হিরোপান্তি’, ‘দিলওয়ালে’, ‘বারেলী কি বরফি’র মতো ছবিতে। যে কৃতিকে একসময় অযোগ্য ভেবে ফিরিয়ে দেওয়া হয়েছিল, ২০২১ সালে ‘মিমি’ ছবিতে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে তিনিই জিতে নেন সেরা অভিনেত্রী হিসেবে দেশের সর্বোচ্চ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। বর্তমানে অভিনয় ও ব্যবসা মিলিয়ে ১০০ কোটি টাকারও বেশি সম্পদের মালিক এই অভিনেত্রী।

অভিনয়ে ফিরতে চান পপ তারকা মাইলি সাইরাস

অনলাইন ডেস্ক
অভিনয়ে ফিরতে চান পপ তারকা মাইলি সাইরাস

জনপ্রিয় পপ তারকা ও ‘হানা মন্টানা’ খ্যাত প্রাক্তন অভিনেত্রী মাইলি সাইরাস আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় সিনেমা পরিচালনার কাজও যুক্ত রাখতে চান তিনি। ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী ড্যারিল হানার সঙ্গে আলাপকালে নিজের এই স্বপ্নের কথা জানান ৩৩ বছর বয়সী এই তারকা।

সাক্ষাৎকারে মাইলি বলেন, পছন্দের ও শ্রদ্ধেয় শিল্পীদের সঙ্গে কাজ করাই তার মূল লক্ষ্য। অভিনেত্রী ড্যারিল হানাকে উদ্দেশ্যে করে তিনি একসাথে কাজ করার প্রস্তাবও দেন। তবে ভক্তদের পর্দায় তার ফেরার জন্য কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ মাইলি বর্তমানে ব্যস্ত রয়েছেন তার দশম স্টুডিও অ্যালবামের কাজ নিয়ে

সংগীত জগতে মাইলির নতুন যাত্রার কথা নিশ্চিত করেছেন তার প্রতিনিধিরা। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে ‘কলাম্বিয়া রেকর্ডস’ ছেড়ে তিনি নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন ‘আটলান্টিক রেকর্ডস’ এর সঙ্গে। নিজের দশম স্টুডিও অ্যালবাম সম্পর্কে বলতে গিয়ে মাইলি জানান, নির্দিষ্ট একটি পরিকল্পনার ওপর ভিত্তি করে অত্যন্ত স্বাভাবিক গতিতে অ্যালবামটির কাজ এগোচ্ছে। মোট ১০টি গান নিয়ে সাজানো হবে এই অ্যালবাম। সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদত্তা মাইলি এই অ্যালবামটিকে একটি ‘প্রেমের গল্প’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, অ্যালবামের প্রতিটি গান তার বর্তমান জীবনেরই প্রতিচ্ছবি। তবে এবারের কাজের বিশেষত্ব হলো এটি কেবল অন্যকে ভালোবাসার কথা বলে না, বরং নিজের ভেতর খুঁজে পাওয়া ভালোবাসা ও শান্তির গল্প তুলে ধরে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মাইলি সাইরাস তার নবম স্টুডিও অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’ প্রকাশ করেছিলেন।

গান ও ছবি ফাঁসের অভিযোগে মামলা করলেন আরিয়ানা গ্রান্ডে

অনলাইন ডেস্ক
গান ও ছবি ফাঁসের অভিযোগে মামলা করলেন আরিয়ানা গ্রান্ডে
সংগৃহীত ছবি

ডিজিটাল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অপ্রকাশিত গান, মিউজিক ভিডিওর ফুটেজ এবং ছবি চুরি ও ফাঁসের অভিযোগে বেনামী হ্যাকার চক্রের বিরুদ্ধে মামলা করেছেন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে সোমবার (২৭ জুলাই) মামলাটি দায়ের করা হয়।

ভ্যারাইটির প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে একদল অজ্ঞাত ব্যক্তি ফিশিং স্ক্যাম ও হ্যাকিংয়ের মাধ্যমে গায়িকার সাথে যুক্ত সহকর্মীদের ডিভাইস এবং অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে মূল্যবান এই ডিজিটাল সম্পদগুলো চুরি করে আসছে। মামলার তথ্য অনুযায়ী, হ্যাকাররা সরাসরি গায়িকার ডিভাইস হ্যাক করার পাশাপাশি তার সহযোগী প্রযোজক, ফটোগ্রাফার ও ডিজিটাল টেকনিশিয়ানদের ব্যক্তিগত ড্রপবক্স ও গুগল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করে। পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে ‘ব্যাকডোর’ তৈরি করে এসব অপ্রকাশিত ডেটা বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়। মামলার তথ্যে আরো উঠে এসেছে, ২০১১ সালে আরিয়ানার আত্মপ্রকাশের পর থেকে এ পর্যন্ত তার শত শত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। 

আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে পপ তারকার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার মূল উদ্দেশ্য হলো অজ্ঞাত ও দায়িত্বজ্ঞানহীন অপরাধীদের আসল পরিচয় উন্মোচন করা এবং তাদের আইনের আওতায় আনা। নিজের ও বিনোদন জগতের অন্যান্য শিল্পীদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।