• ই-পেপার

অভিনয়ে ফিরতে চান পপ তারকা মাইলি সাইরাস

গান ও ছবি ফাঁসের অভিযোগে মামলা করলেন আরিয়ানা গ্রান্ডে

অনলাইন ডেস্ক
গান ও ছবি ফাঁসের অভিযোগে মামলা করলেন আরিয়ানা গ্রান্ডে
সংগৃহীত ছবি

ডিজিটাল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে অপ্রকাশিত গান, মিউজিক ভিডিওর ফুটেজ এবং ছবি চুরি ও ফাঁসের অভিযোগে বেনামী হ্যাকার চক্রের বিরুদ্ধে মামলা করেছেন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে সোমবার (২৭ জুলাই) মামলাটি দায়ের করা হয়।

ভ্যারাইটির প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে একদল অজ্ঞাত ব্যক্তি ফিশিং স্ক্যাম ও হ্যাকিংয়ের মাধ্যমে গায়িকার সাথে যুক্ত সহকর্মীদের ডিভাইস এবং অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে মূল্যবান এই ডিজিটাল সম্পদগুলো চুরি করে আসছে। মামলার তথ্য অনুযায়ী, হ্যাকাররা সরাসরি গায়িকার ডিভাইস হ্যাক করার পাশাপাশি তার সহযোগী প্রযোজক, ফটোগ্রাফার ও ডিজিটাল টেকনিশিয়ানদের ব্যক্তিগত ড্রপবক্স ও গুগল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করে। পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে ‘ব্যাকডোর’ তৈরি করে এসব অপ্রকাশিত ডেটা বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়। মামলার তথ্যে আরো উঠে এসেছে, ২০১১ সালে আরিয়ানার আত্মপ্রকাশের পর থেকে এ পর্যন্ত তার শত শত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। 

আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে পপ তারকার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার মূল উদ্দেশ্য হলো অজ্ঞাত ও দায়িত্বজ্ঞানহীন অপরাধীদের আসল পরিচয় উন্মোচন করা এবং তাদের আইনের আওতায় আনা। নিজের ও বিনোদন জগতের অন্যান্য শিল্পীদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

শুটিংয়ে আহত রামচরণ, হয়েছে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক
শুটিংয়ে আহত রামচরণ, হয়েছে অস্ত্রোপচার
সংগৃহীত ছবি

শুটিং চলাকালে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। কব্জিতে আঘাত পাওয়ার পরও কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারই ছিল একমাত্র উপায়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার কোয়েম্বাটুরের একটি হাসপাতালে রামচরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় তিনি আহত হলেও ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

রবিবারই হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি। 

জানা গেছে, কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা যায়, চোটটি জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বর্তমানে রাম চরণকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরতে পারবেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রাম চরণের কব্জির চোট অনেকের নজরে এসেছিল। তবে তখনও তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যান।

এদিকে রাম চরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’-এর প্রস্তুতি চলছে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সুকুমার। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। রাম চরণ পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই শুরু হবে সিনেমাটির শুটিং।

এবার অভিনয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিনোদন ডেস্ক
এবার অভিনয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সংগৃহীত ছবি

নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে অভিনয় করতে দেখা যাবে একটি ব্রিটিশ টেলিভিশন সিরিজে। শুধু তাই নয়, এতে প্রযোজক হিসেবেও যুক্ত থাকবেন এই পর্তুগিজ ফুটবল তারকা। সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। ইতিমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।  

সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলকে ঘিরে আগ্রহ আরো বেড়েছে। সেই প্রেক্ষাপটেই নির্মিত হচ্ছে ‘ডে ওয়ানস’। তবে এটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’–এর মতো নয়; বরং এটি মূলত একটি নাটকীয় গল্প, যেখানে হাস্যরসের কিছু উপাদান থাকলেও কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবল ব্যবসা, সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতি।

জানা গেছে, সিরিজের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’ সিরিজ খ্যাত হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। রোনালদোর পাশাপাশি সিরিজটিতে উপস্থিত থাকবেন ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তাঁর বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা।

‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস। চলতি বছরই এই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রোনালদো ও ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন। রোনালদো তার এই নতুন যাত্রা প্রসঙ্গে বলেন, ‘এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগ নিয়ে আমি আশাবাদী।’

বলা দরকার, ‘ডে ওয়ানস’ সিরিজে রোনালদো ছাড়া আরো অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটি কবে এবং কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই সিরিজ নিয়ে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা  যাচ্ছে।  

হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’

বিনোদন প্রতিবেদক
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
সংগৃহীত ছবি

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ৩১ জুলাই। তবে বিশ্বব্যাপী মুক্তির এক দিন আগেই সিনেমাটি উপভোগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। আগামী ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে বহুল আলোচিত এই সুপারহিরো সিনেমা।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং স্পাইডারম্যান সিরিজের চতুর্থ কিস্তি ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। 

আগের মতোই স্পাইডারম্যান তথা পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া, আর নেডের ভূমিকায় দেখা যাবে জ্যাকব ব্যাটালনকে। পাশাপাশি ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে আবারও পর্দায় হাজির হবেন মার্ক রাফালো।

এবারের কিস্তিতে যোগ হয়েছে বেশ কয়েকজন নতুন অভিনেতা। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী স্যাডি সিঙ্ককে দেখা যাবে একটি রহস্যময় চরিত্রে। তবে ভক্তদের সবচেয়ে বড় চমক হিসেবে ফিরছেন জন বার্নথাল। তিনি আবারও ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় উপস্থিত হচ্ছেন।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর পিটার পার্কারের নতুন জীবন। ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। নিজের পরিচয় গোপন রেখেই নিউ ইয়র্ককে রক্ষা করতে থাকে স্পাইডার-ম্যান। কিন্তু একাকীত্ব, মানসিক চাপ এবং নতুন এক শক্তিশালী শত্রুর আবির্ভাব তাকে আরও কঠিন এক লড়াইয়ের মুখোমুখি করে। একই সঙ্গে তার অতিমানবীয় শক্তিতেও দেখা দেয় অপ্রত্যাশিত পরিবর্তন, যা নতুন চ্যালেঞ্জ তৈরি করে।

নির্মাতাদের দাবি, আগের চলচ্চিত্রগুলোর তুলনায় এবার আরও পরিণত, দায়িত্বশীল এবং আত্মনির্ভরশীল পিটার পার্কারকে দেখতে পাবেন দর্শকরা। ফলে চরিত্রের মানসিক বিকাশ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

শুধু গল্প নয়, প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা পুরোপুরি ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগে নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। 

ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউয়ে সিনেমা উপভোগ করতে পারবেন, যা প্রচলিত সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত ও রোমাঞ্চকর করে তুলবে।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে, যেখানে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।