• ই-পেপার

হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’

এবার অভিনয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিনোদন ডেস্ক
এবার অভিনয়ে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
সংগৃহীত ছবি

নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে অভিনয় করতে দেখা যাবে একটি ব্রিটিশ টেলিভিশন সিরিজে। শুধু তাই নয়, এতে প্রযোজক হিসেবেও যুক্ত থাকবেন এই পর্তুগিজ ফুটবল তারকা। সিরিজটির নাম ‘ডে ওয়ানস’। ইতিমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।  

সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলকে ঘিরে আগ্রহ আরো বেড়েছে। সেই প্রেক্ষাপটেই নির্মিত হচ্ছে ‘ডে ওয়ানস’। তবে এটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’–এর মতো নয়; বরং এটি মূলত একটি নাটকীয় গল্প, যেখানে হাস্যরসের কিছু উপাদান থাকলেও কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবল ব্যবসা, সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতি।

জানা গেছে, সিরিজের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’ সিরিজ খ্যাত হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। রোনালদোর পাশাপাশি সিরিজটিতে উপস্থিত থাকবেন ফরাসি কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তাঁর বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই সিরিজটির গল্পের সূচনা।

‘ডে ওয়ানস’ নির্মাণ করছে ইউআর মার্ভ স্টুডিওস। চলতি বছরই এই প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রোনালদো ও ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন। রোনালদো তার এই নতুন যাত্রা প্রসঙ্গে বলেন, ‘এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগ নিয়ে আমি আশাবাদী।’

বলা দরকার, ‘ডে ওয়ানস’ সিরিজে রোনালদো ছাড়া আরো অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটি কবে এবং কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই সিরিজ নিয়ে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা  যাচ্ছে।  

শিক্ষিকার ভাইরাল রিলস নিয়ে যা বললেন সেই গানের শিল্পী

বিনোদন প্রতিবেদক
শিক্ষিকার ভাইরাল রিলস নিয়ে যা বললেন সেই গানের শিল্পী
সংগৃহীত ছবি

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ধারা...’ তিন দশকেরও বেশি সময় আগে প্রকাশিত এই জনপ্রিয় গানটি সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিলস ভিডিওকে ঘিরে বিতর্কের পর গানটির শিল্পী ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রধান ভোকাল মেজবাহ রহমান বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। 

তার মতে, ভিডিওটিতে নেতিবাচক কিছু নেই এবং ঘটনাটি নমনীয়ভাবে দেখা উচিত।

গণমাধ্যমকে মেজবাহ রহমান বলেন, ‘এই গানটা আমরা সব সময়ই গাই। এটা চিরন্তন বৃষ্টির গান, বর্ষার গান, প্রকৃতির গান। ১৯৮৯ সালে গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন একটুও কমেনি। সাম্প্রতিক সময়ে এটি সামাজিক মাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাও এক ধরনের ভিন্ন অনুভূতি।’

সম্প্রতি ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল এই গান ব্যবহার করে একটি রিল ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পায়। তবে এরই মধ্যে তার সহকর্মীসহ দেশের বিভিন্ন অঞ্চলের অনেক শিক্ষক একই গান ব্যবহার করে রিল তৈরি করে তার প্রতি সংহতি প্রকাশ করেছেন।

বিউটি পালকে ঘিরে চলা বিতর্ক প্রসঙ্গে মেজবাহ রহমান বলেন, ‘আমরা সব সময়ই মা-বাবার পরে শিক্ষকদের স্থান দিই। শিক্ষকদের অবশ্যই কিছু বিষয় শিক্ষার্থীদের জন্য মেনে চলতে হয়। তবে এই রিল ভিডিও নিয়ে যেটা করা হচ্ছে, সেটা মোটেও কাম্য নয়। আমার কাছে এতে নেতিবাচক কিছু মনে হয়নি। এখানে একটি শ্রেণি কী অনৈতিক বিষয় খুঁজে পেল, আমি বুঝতে পারছি না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ‘সামাজিক মাধ্যমকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। প্রয়োজনেই সবাই এর দ্বারস্থ হয়। তাই একটি দিক দেখে কাউকে দোষারোপ করা ঠিক নয়।’

এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এই ঘটনায় শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছেন মেজবাহ রহমান। তিনি বলেন, ‘এটা নিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে সেটি ঠিক হবে না। আমার মনে হয়, বিষয়টি নমনীয়ভাবে দেখা উচিত। কারণ এটি কোনো নেতিবাচক ভিডিও ছিল না।’

‘পর্দা খুঁজে পেল আরো একজন তারকাকে’, পার্থ শেখের প্রশংসায় তৌসিফ

বিনোদন প্রতিবেদক
‘পর্দা খুঁজে পেল আরো একজন তারকাকে’, পার্থ শেখের প্রশংসায় তৌসিফ
সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় সাত মাস পর পর্দায় ফিরেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা পার্থ শেখ। তাঁর অভিনীত নতুন নাটক ‘অমর প্রেম’ মুক্তির পর থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেতা। নাটকটি প্রকাশের মাত্র এক দিনের মধ্যেই প্রায় ১৮ লাখের বেশি দর্শক দেখেছেন। 

জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘অমর প্রেম’ নাটকের মধ্য দিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করেছেন পার্থ শেখ। চলতি বছরের জানুয়ারিতে বিয়ের পর ব্যক্তিগত কারণে অভিনয় থেকে সাময়িক বিরতিতে ছিলেন তিনি। বিরতি শেষে নতুন উদ্যমে পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা।

আর এই সাফল্যের মধ্যেই পার্থ শেখকে নিয়ে প্রশংসা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

নিজের ফেসবুকে পার্থ শেখের একটি ছবি শেয়ার করে তৌসিফ মাহবুব লেখেন, ‘পর্দা খুঁজে পেল আরো একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।’

তৌসিফ মাহবুবের পাশাপাশি ছোট পর্দার আরো বেশ কয়েকজন নির্মাতা ও অভিনয়শিল্পীও পার্থ শেখের অভিনয়ের এবং তার ফেরার প্রশংসা করেছেন। সিনিয়রদের এমন উৎসাহ ও ভালোবাসাকে নিজের জন্য বড় প্রাপ্তি বলেই মনে করছেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে কালের কণ্ঠকে পার্থ শেখ বলেন, ‘সিনিয়র শিল্পীদের যেকোনো কথা বা প্রশংসা আমার জন্য অমূল্য। তৌসিফ ভাই বেশ আন্তরিক এবং ভালোবাসার মতোই একজন মানুষ। জুনিয়রদের প্রতি তার এই আন্তরিকতা এবং ভালোবাসা আমাদেরকে অনেক উৎসাহিত করে। আরো অনেক শিল্পী, নির্মাতারাই আমাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

দীর্ঘ বিরতির পর কাজে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘বিয়ের পর একটা ছোট বিরতি নিয়েছিলাম, প্রায় সাত মাস হয়ে গেল। এখন আবার কাজে ফিরেছি। ফিরেই সবার এত এত ভালোবাসা পাচ্ছি, যা অভাবনীয়। এখন শুধু মনযোগ দিয়ে আবার নিয়মিত কাজ করে যেতে চাই। ভুলত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।’

পার্থ শেখ জানান, ইতোমধ্যে নতুন কয়েকটি নাটকের কাজ নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি শিগগিরই নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।

বাড়িওয়ালারা প্লিজ একটু মানবিক হোন : মনিরা মিঠু

বিনোদন প্রতিবেদক
বাড়িওয়ালারা প্লিজ একটু মানবিক হোন : মনিরা মিঠু
সংগৃহীত ছবি

বাড়ি ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত সার্ভিস চার্জ এবং ভাড়াটিয়াদের প্রতি বাড়িওয়ালাদের আচরণ নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নগরজীবনের নানা বাস্তবতা তুলে ধরে বাড়িওয়ালাদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রসঙ্গ টেনে মনিরা মিঠু বলেন, ‘বছরে বছরে বাড়ি ভাড়া বাড়ছে, কিন্তু প্রতি বছর আমাদের আয় তো বাড়ছে না। বাড়ির মেইনটেন্যান্স কস্ট, সার্ভিস চার্জ কিন্তু আমাদেরকেই দিতে হয়।’

শুধু ভাড়া বৃদ্ধিই নয়, রাতের নির্দিষ্ট সময়ের পর বাড়ির গেট বন্ধ করে দেওয়ার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তাঁর মতে, বর্তমান সময়ে এমন বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই অযৌক্তিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ২০২৬ সালে এসেও রাত এগারোটায় গেট বন্ধ করে দেওয়া হয় ভাড়াটিয়াদের জন্য। এটা নাহয় বুঝলাম অনুমতি ছাড়া ভাড়াটিয়ারা ঢুকতে পারবে না। কিন্তু বাড়িতে চোর-ডাকাত কীভাবে ঢুকে, তখন এই নিয়মগুলো কোথায় থাকে?’

ভাড়াটিয়াদের প্রতি সহনশীল ও মানবিক আচরণের আহ্বান জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘আমি বাড়িওয়ালাদেরকে বলব, আপনারা প্লিজ একটু মানবিক হোন, ভাড়াটিয়াদের প্রতি সহনশীল হোন।’

অভিনেত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে নগরজীবনে ভাড়াটিয়াদের নানা ভোগান্তির বিষয়টি তুলে ধরেছেন।