• ই-পেপার

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘গডজিলা’ অভিনেত্রী

আমির খানের সৎ ভাইয়ের নিজের ঘর নেই

অনলাইন ডেস্ক
আমির খানের সৎ ভাইয়ের নিজের ঘর নেই
সংগৃহীত ছবি

বলিউডের সুপারস্টার আমির খান। এই মি. পারফেকশনিস্টের সম্পদের পরিমাণ ১৮০০ কোটি রুপিরও বেশি। কিন্তু তার সৎ ভাই হায়দার আলী খানের থাকার জন্য কোনো ঘর নেই। হায়দার আলী খানের সাবেক স্ত্রী অভিনেত্রী ইভা গ্রোভার সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সাবেক স্বামীর দুঃহ জীবনের কথা তুলে ধরেছেন।

কাতার এয়ারওয়েজের সাবেক কেবিন ক্রু হায়দারেরও একসময় স্বচ্ছল, আলো ঝলমলে জীবন ছিল। কিন্তু বন্ধু-বান্ধব নিয়ে উশৃঙ্খল জীবনযাপন, তীব্র অ্যালকোহল আসক্তি আর জটিল মানসিক ব্যাধি সিজোফ্রেনিয়ায় সব হারিয়েছেন হায়দার।

ইভা জানিয়েছেন, হায়দারের কোনো স্থায়ী ঘর নেই, খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় তাকে। বর্তমানে তিনি একটি চালে (মুম্বাইয়ে থাকার ঘিঞ্জি ছোট ঘর) বাস করছেন। এমনও সময় গেছে যখন হায়দার না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যেতেন, যা তার আর্থিক এবং ব্যক্তিগত সংকটের ভয়াবহতা ফুটিয়ে তোলে।

তাদের অশান্ত বিবাহিত জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে ইভা স্মরণ করেন, মাত্র ১৮ দিনের পরিচয়ে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ২০০০ সালে তিনি হায়দারকে বিয়ে করেছিলেন। পরিচয়ের সময় হায়দারকে অত্যন্ত ভদ্র, শান্ত এবং যত্নশীল মনে হয়েছিল ইভার। বিয়ের পরই সবকিছু বদলে যায়, যা তাকে স্তব্ধ ও বিভ্রান্ত করে দিয়েছিল। বিয়ের তৃতীয় দিনেই ইভা হায়দারের চরিত্রের অন্য একটি রূপ দেখতে পান। ইভা ভাবতেই পারেননি তাদের সম্পর্ক এতটা কঠিন মোড় নেবে। ৫ বছর পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। বিয়ের সময় সিজোফ্রেনিয়া সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইভার।

হায়দারের সাথে সম্পর্কের কথা বলতে হিয়ে ইভা জানান, ‘তার সিজোফ্রেনিয়া ছিল। ওই সময়ে আমি আসলে বুঝতাম না সিজোফ্রেনিয়া মানে কী। সে কেবিন ক্রু ছিল এবং এই পেশার মানুষ সাধারণত অত্যন্ত মার্জিত আচরণের হয়। পরবর্তীতে এই রোগটি সম্পর্কে অনেক পড়ার পর আমি জানতে পারি যে, একজন ব্যক্তি বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক দেখাতে পারেন, অথচ ভেতরে ভেতরে মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করতে পারেন। এটি এমন মনে হতে পারে যেন তারা নিজেদের দুটি ভিন্ন রূপ সামলাচ্ছেন। একটি যা তারা দুনিয়াকে দেখায় এবং অন্যটি যা লুকিয়ে থাকে। তার সঙ্গে কাটানো ১৮ দিনে আমি কেবল তার ভদ্র এবং ভালো আচরণটুকুই দেখেছিলাম।’

ইভা বলেন, ‘অবশ্যই আমি বিশ্বাস করি আমার প্রতি তার অনুভূতি ছিল। আমি বলছি না যে ছিল না। সে হাঁটু গেঁড়ে বসে আমাকে প্রস্তাব দিয়েছিল এবং বলেছিল সে আমাকে বিয়ে করতে চায়। তাই আমি মেনে নিচ্ছি, সেখানে ভালোবাসা বা অন্তত সত্যিকারের অনুভূতি ছিল। কিন্তু আমি যা কখনোই বুঝতে পারিনি তা হলো, আমাদের বিয়ের তৃতীয় দিনেই কী এমন বদলে গেল। সে হঠাৎ আমাকে মারধর এবং শারীরিক নির্যাতন করা শুরু করে। সেই সময়ে আমি বুঝতে পারছিলাম না কেন এমনটা হচ্ছিল।’

ইভা জানান, যখন তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছিল, তখনই হায়দার হিংস্র হয়ে উঠেছিল।

হায়দার আলী খান আমির খানের বাবা তাহির হুসেনের দ্বিতীয় স্ত্রী শাহনাজ খানের প্রথম পক্ষের সন্তান। শাহনাজ খান তাহির হুসেনকে বিয়ের পর হায়দার খান পরিবারের সঙ্গে যুক্ত হন। তবে আমির খান তার বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি। তাই সৎ ভাই হায়দার আলী খানের সঙ্গে শুরু থেকেই আমির খানের কোনো পারিবারিক যোগাযোগ নেই। বিয়ের আগে আমির খানও ইভাকে বার্তা পাঠিয়ে হায়দারকে বিয়ে করতে বারণ করেছিলেন। কিন্তু প্রেমে অন্ধ ইভা কারো কথাই কানে তোলেননি।

আবারও ফিরছেন তাহসান

বিনোদন প্রতিবেদক
আবারও ফিরছেন তাহসান
সংগৃহীত ছবি

অভিনয় থেকে বিরতি নেওয়া এবং নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে এবার তিনি অভিনয়ে নয়, ফিরছেন উপস্থাপক হিসেবে। 

আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি।

প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।

ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে।

বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।

আজ বুধবার (২২ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান এবং পাঁচ বিচারককে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।

নতুন এ অনুষ্ঠানের প্রস্তুতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন তাহসান। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সফরকালে রোহিঙ্গা তরুণদের সঙ্গে তাদের আশা-আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এই শিল্পী।

এবার লিসবন মাতাবেন জেমস

বিনোদন প্রতিবেদক
এবার লিসবন মাতাবেন জেমস
সংগৃহীত ছবি

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ বাংলা সংগীতানুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস। 

একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। এই প্রথমবারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন।

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমস তাঁর কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন। পাশাপাশি জায়েদ খানের পরিবেশনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবে বলেও আশা করছেন তারা।

এই কনসার্টের আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। ইতোমধ্যে লিসবনের প্রবাসী বাঙালিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

বিনোদন ডেস্ক
কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড
সংগৃহীত ছবি

রাত পোহালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার ও তামিলনাডুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়ে আলোচনায় এসেছে ছবিটি।

চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিং হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামীকাল ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘জন নয়াগণ’। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই বিজয়ের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং দ্রুত বাড়তে শুরু করে। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বৃদ্ধি পায়।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে।

রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি।

পরিসংখ্যান বলছে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে জন নয়াগণ এখন বিজয়ের আগের দুই সফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়বে। তাদের পূর্বাভাস, ভারতে প্রথম দিনেই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে। শেষ মুহূর্তের বুকিং প্রত্যাশা ছাড়িয়ে গেলে সেই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের রেকর্ড গড়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের নতুন নজিরও স্থাপন করতে পারে বিজয়ের বিদায়ী এই চলচ্চিত্র।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।