• ই-পেপার

আবারও ফিরছেন তাহসান

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘গডজিলা’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘গডজিলা’ অভিনেত্রী
সংগৃহীত ছবি

‘গডজিলা’ সিরিজের দুই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৮ বছর।

মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে গিয়ে একটি কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটির দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল।

দুর্ঘটনার পর তাঁকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেরিফের কার্যালয়ের ভাষ্যে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। সেখানে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন। জিয়া ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কং-এর সঙ্গে যোগাযোগ করতে পারত।

পরবর্তী সময়ে ‘গডজিলা ভার্সেস কং : দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কেলি।

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। তিনিও জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর আগে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এবার লিসবন মাতাবেন জেমস

বিনোদন প্রতিবেদক
এবার লিসবন মাতাবেন জেমস
সংগৃহীত ছবি

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ বাংলা সংগীতানুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস। 

একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। এই প্রথমবারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন।

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমস তাঁর কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন। পাশাপাশি জায়েদ খানের পরিবেশনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবে বলেও আশা করছেন তারা।

এই কনসার্টের আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। ইতোমধ্যে লিসবনের প্রবাসী বাঙালিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

বিনোদন ডেস্ক
কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড
সংগৃহীত ছবি

রাত পোহালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার ও তামিলনাডুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়ে আলোচনায় এসেছে ছবিটি।

চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিং হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামীকাল ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘জন নয়াগণ’। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই বিজয়ের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং দ্রুত বাড়তে শুরু করে। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বৃদ্ধি পায়।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে।

রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি।

পরিসংখ্যান বলছে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে জন নয়াগণ এখন বিজয়ের আগের দুই সফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়বে। তাদের পূর্বাভাস, ভারতে প্রথম দিনেই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে। শেষ মুহূর্তের বুকিং প্রত্যাশা ছাড়িয়ে গেলে সেই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের রেকর্ড গড়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের নতুন নজিরও স্থাপন করতে পারে বিজয়ের বিদায়ী এই চলচ্চিত্র।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আতঙ্কিত কঙ্গনা

বিনোদন ডেস্ক
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আতঙ্কিত কঙ্গনা
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আতঙ্কিত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তাজনিত কারণে ভবনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় দিল্লি পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘সিজেপি’। এতে কয়েক হাজার শিক্ষার্থী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনের অনেকেই পুলিশের পদক্ষেপের সমালোচনা করলেও কঙ্গনা রানাওয়াত ভিন্ন অবস্থান নেন।

কঙ্গনার দাবি, সংসদের অধিবেশন চলাকালে আন্দোলনকারীরা ভবনের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার স্বার্থে সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সে সময় প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন। বাইরে উত্তপ্ত পরিস্থিতি এবং নিরাপত্তাকর্মীদের তৎপরতায় ভেতরে উদ্বেগের পরিবেশ তৈরি হয় বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে ছিলাম। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাবে। দিল্লি পুলিশ সেদিন ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে।’

তিনি আরো বলেন, এ ধরনের আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে কঙ্গনা বলেন, ‘ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’

উল্লেখ্য, যন্তর মন্তরের ওই বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আয়োজন করা হয়। আন্দোলনকারীদের সংসদ অভিমুখে অগ্রযাত্রাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।