• ই-পেপার

আয়ুষ্মানের প্রস্তাব ২৫ বার ফিরিয়ে দিয়েছিলেন রিয়া!

‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্ক
‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান
সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’-এর প্রচারণায় প্রথমবারের মতো ভারতে এলেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। শুক্রবার (১০ জুলাই) মুম্বাইয়ে আয়োজিত ছবিটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন হলিউড তারকা টম হল্যান্ড ও ম্যাট ডেমন।

ছবির প্রদর্শনী শেষে ভারতীয় দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় মুগ্ধ হন নোলান। মঞ্চে উঠে তিনি বলেন, ভারত বিশ্বের অন্যতম প্রাণবন্ত এবং চলচ্চিত্র সম্পর্কে সবচেয়ে সচেতন দর্শকদের দেশ।

নোলানের ভাষায়, ভারতীয় দর্শকরা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সিনেমাপ্রেমীদের মধ্যে অন্যতম।

তিনি আরো বলেন, ভারতীয় দর্শকদের সামনে তাঁর নতুন সিনেমার বিশেষ প্রদর্শনী করতে পেরে তিনি আনন্দিত। কারণ, ‘দ্য ওডিসি’ প্রথমবারের মতো মুম্বাইয়ের দর্শকদের সামনেই প্রদর্শিত হয়েছে এবং তাঁদের প্রতিক্রিয়া তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

First time launching a film here': Christopher Nolan on 'The ...

ভারতের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি। নোলান জানান, এর আগে দুইবার ভারতে শুটিং করেছেন—একবার রাজস্থানের জোধপুরে এবং আরেকবার মুম্বাইয়ে। 

সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবারই ভারতে এলে এক আলাদা অনুভূতি হয়।

প্রদর্শনী শেষে দর্শকদের উদ্দেশে ছবিটি কেমন লেগেছে জানতে চান নোলান। জবাবে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রেক্ষাগৃহ।

নোলানের পর অভিনেতা টম হল্যান্ডও ভারতীয় দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, ভারতের মতো এত প্রাণবন্ত দর্শক আমি খুব কমই দেখেছি। আপনাদের মতো এনার্জি আর কোথাও পাইনি।

হলিউড অভিনেতা ম্যাট ডেমনও ভারতীয় দর্শকদের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, এই অভিজ্ঞতা তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’-তে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। ছবিতে আরও রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, লুপিটা নিয়ঙ্গ'ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা।

বিশ্বের বিভিন্ন দেশে আইম্যাক্স প্রযুক্তিতে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। দর্শক ও সমালোচকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকা ‘দ্য ওডিসি’-কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই চলছে ব্যাপক আলোচনা।
 

জয়া-চূর্ণীর অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রথম দিনেই হাউজফুল ‘আজও অর্ধাঙ্গিনী’

বিনোদন প্রতিবেদক
জয়া-চূর্ণীর অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রথম দিনেই হাউজফুল ‘আজও অর্ধাঙ্গিনী’
সংগৃহীত ছবি

মুক্তির প্রথম দিনেই দর্শক-সমালোচক উভয় মহলের প্রশংসায় ভাসছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই একাধিক প্রদর্শনীতে হাউজফুল হওয়ার খবর মিলেছে। একই সঙ্গে সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনেক দর্শক।

মুক্তির দিন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ প্রদর্শনী ও দর্শক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন তারা।

সিনেমা শেষ হওয়ার পর অনেক দর্শক আবেগ ধরে রাখতে পারেননি। কেউ চোখের জল মুছেছেন, কেউ আবার প্রিয় অভিনয়শিল্পীদের জড়িয়ে ধরে ছবিটি তাদের কতটা স্পর্শ করেছে, সেই অনুভূতি প্রকাশ করেছেন। দর্শকদের এই আবেগঘন প্রতিক্রিয়াকে ছবিটির সাফল্যের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন নির্মাতা ইন্দ্রনীল রায়। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত দুই দশক ধরে কৌশিক গাঙ্গুলী বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমী মানবিক সম্পর্কের গল্প তুলে ধরেছেন। তবে তাঁর মতে, ‘আজও অর্ধাঙ্গিনী’ সেই ধারাকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে।

ইন্দ্রনীল রায়ের কথায়, ছবিটি যেমন বাণিজ্যিকভাবে সফল হওয়ার সব সম্ভাবনা রাখে, তেমনি সমালোচকদের কাছেও সমানভাবে প্রশংসিত হওয়ার যোগ্য। অম্বরীশ, কৌশিক সেন ও ইন্দ্রাশিসসহ প্রতিটি শিল্পীর অভিনয় ছিল সংযত, পরিণত এবং চরিত্রনির্ভর।

ওপারে জয়ার 'আজও অর্ধাঙ্গিনী', অবশেষে মুক্তির খবর

তিনি আরো বলেন, চিত্রগ্রাহক গোপী ভগত, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সম্পাদক অমিত চট্টোপাধ্যায় এবং অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তীর সংগীত পুরো চলচ্চিত্রজুড়ে এমন এক আবহ তৈরি করেছে, যার প্রভাব শেষ দৃশ্যের পরও দর্শকের মনে রয়ে যায়।

তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন ছবির দুই প্রধান অভিনেত্রী জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী। 

ইন্দ্রনীল রায়ের মতে, এই দুই অভিনেত্রীর অভিনয়ই ছবিটির সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে চূর্ণী গাঙ্গুলীর অভিনয়কে তিনি ‘মাস্টারক্লাস’ বলে উল্লেখ করেছেন।

বর্তমান সময়ে অভিনয় নিয়ে সহজেই নানা বিশেষণ ব্যবহারের প্রবণতার সমালোচনা করে ইন্দ্রনীল রায় বলেন, ‘আজও অর্ধাঙ্গিনী’ এবং এর দুই প্রধান অভিনেত্রীর অভিনয়ই দর্শকদের মনে করিয়ে দেবে, অসাধারণ অভিনয়ের প্রকৃত মানদণ্ড আসলে কী।

সম্পর্ক, বিচ্ছেদ, স্মৃতি ও মানুষের আবেগের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী।

কিয়ারার সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে কী বলেছিলেন অভিনেত্রীর স্বামী?

বিনোদন ডেস্ক
কিয়ারার সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে কী বলেছিলেন অভিনেত্রীর স্বামী?
সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গত বৃহস্পতিবার গানটি মুক্তির পর একদিকে যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে কিয়ারা আদভানির সাহসী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে নানা প্রশ্ন।

এর আগে ছবিটির টিজার প্রকাশের সময়ও কিছু দৃশ্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই অভিযোগ করেছিলেন, সিনেমাটির উপস্থাপনায় অতিরিক্ত যৌন আবেদনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বিতর্কের মধ্যেই এবার যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।

বিয়ের পর এমন দৃশ্যে অভিনয় করায় কিয়ারাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। তবে এসব সমালোচনায় ভেঙে না পড়ে তিনি পেয়েছেন স্বামী ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পূর্ণ সমর্থন।

When an INSANELY SELFISH guy MADLY FELL FOR SOMEONE…  ❤️‍?❤️‍?❤️‍?????❤️✨???? #Tabaahi #Yash #KiaraAdvani #Toxic

নিউজ এইটিনের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, কাজের ক্ষেত্রে সিদ্ধার্থ সবসময় তাঁর পাশে থাকেন এবং নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেন।

সমালোচনার প্রসঙ্গে সিদ্ধার্থ তাঁকে বলেছিলেন, ‘দেখো, এ ধরনের নেতিবাচক মন্তব্য সব সময়ই থাকবে। তুমি কেন ওদের এত গুরুত্ব দিয়ে ঘরে বসে কান্নাকাটি করছ? তোমার সমস্যাটা কী? তুমি তাদের কাউকেই চেনো না। আর তারাও তোমাকে চেনে না। এসব ব্যাপারে কান দিয়ো না।’

স্বামীর সেই পরামর্শের প্রসঙ্গ টেনে কিয়ারা আরো বলেন, ‘সিদ্ধার্থ বুঝিয়েছিল, এই ভাবনা আমাদেরই বদলাতে হবে। যারা আমাদের সম্পর্কে ভালো কথা বলছে, তাদের দিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা নেতিবাচক মন্তব্য নিয়ে বেশি ভাবনাচিন্তা করি।’

গীতু মোহনদাস পরিচালিত ও যশের সঙ্গে যৌথভাবে লেখা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ অভিনয় করেছেন যশ, কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া।

আলোচনা ও বিতর্কের মধ্যেই আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

চার বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
চার বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি
সংগৃহীত ছবি

চার বছর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় উল্লেখ করে দীর্ঘ বক্তব্য দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত্র নায়িকা পরীমনি। 

তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাঁকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ একটি মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার প্রভাব আজও তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে বহন করতে হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা লেখেন এই অভিনেত্রী।

স্ট্যাটাসে র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পরীমনি জানান, সম্প্রতি একটি অনলাইন টক শোতে তাঁর দেওয়া বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছেন, বনানীর বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

সোনালি জামদানিতে যেভাবে সাজলেন পরীমনি

সেই ঘটনার স্মৃতিচারণা করে পরীমনি লেখেন, ‘আমার জীবনের একটি অধ্যায় আমাকে একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিল। সেই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন—সব কিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরো লেখেন, ‘পরবর্তী সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারো পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়।’

পরীমনির কথায়, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবেই জীবন কাটিয়ে যাচ্ছেন। 

কার অপেক্ষায় পরীমনি, ইঙ্গিত দিলেন পোস্টে!

তিনি লেখেন, ‘যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।’

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্নও ছুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?’

তবে প্রতিশোধ নয়, সত্য ও ন্যায়বিচারের প্রত্যাশার কথাই জানিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে অপমানও করতে চাই না। আমি শুধু চাই, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন।’

নতুন সিনেমার শুটিংয়ে পরীমনি

স্ট্যাটাসের শেষাংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

পরীমনি লেখেন, ‘আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং আমার দর্শকদের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই।’

বলা দরকার, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে নিজ বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়, অভিনেত্রীর বাসা থেকে বিদেশি মদ, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়েছে। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

এর আগে, ২০২১ সালের ৮ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 

পরীমনির আইনজীবীর তথ্য অনুযায়ী, মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে একই ঘটনার জেরে ২০২২ সালের ১৮ জুলাই পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। 

তাঁর অভিযোগ, বোট ক্লাবে অ্যালকোহল বিনা মূল্যে দিতে অস্বীকৃতি জানালে পরীমনি তাঁকে গালমন্দ করেন এবং গ্লাস ছুড়ে মারেন। মামলাটিও বর্তমানে বিচারাধীন।

আয়ুষ্মানের প্রস্তাব ২৫ বার ফিরিয়ে দিয়েছিলেন রিয়া! | কালের কণ্ঠ