• ই-পেপার

মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

মোহাম্মদপুরে বাড়ির গেটে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে বাড়ির গেটে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুজন রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে বাড়ির গেটে দুই বোনকে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া দুজন হলেন জুয়েল ওরফে সোর্স আরিফ এবং আনোয়ার হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ দুই আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই রানা রায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ৩১ মে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরেন দুই বোন। রিকশায় মোহাম্মদপুরের নূরজাহান রোডে নিজেদের বাসার গেটে পৌঁছে মালামাল নামানোর সময় একটি পিকআপে আসা তিন ব্যক্তি তাদের চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

এক পর্যায়ে ছিনতাইকারীরা একটি ট্রলি ব্যাগ, স্বর্ণালংকার, একটি হ্যান্ডব্যাগসহ আরো একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। পরে গতকাল নারায়ণগঞ্জ থেকে র‍্যাব-২ ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক
বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজায় মানুষের ঢল
সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজা ঢাকার বেরাইদে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেল ৪টায় বেরাইদ রহমতউল্লাহ স্টেডিয়াম ও বেরাইদ বড় মসজিদ মাঠে মানুষের ঢল নামে।

এর আগে বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে রহমতুল্লাহর মৃত্যু হয়। 

আরো পড়ুন
মাগুরার ভাবনহাটি গ্রামে ৭৫০ হাত লম্বা ব্রাজিলের পতাকা

মাগুরার ভাবনহাটি গ্রামে ৭৫০ হাত লম্বা ব্রাজিলের পতাকা

 

রহমতুল্লাহর পারিবারিক সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরো পড়ুন
সোহেল বললেন, ‘আমার সঙ্গে ডলার ছিল, তাকে আপনারা ধরেন’

সোহেল বললেন, ‘আমার সঙ্গে ডলার ছিল, তাকে আপনারা ধরেন’

 

বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
সংগৃহীত ছবি

তৃতীয় বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাশ্রয়ী, উপযোগী ও মানসম্মত সহায়ক প্রযুক্তির সহজপ্রাপ্যতা নিশ্চিত করার দাবিতে বুধবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাতে সহায়ক প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি, অধিকারকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

শোভাযাত্রাতে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং সহায়ক প্রযুক্তিনির্ভর মানুষের জন্য প্রয়োজনীয় সেবা ও উপকরণের অধিকার নিশ্চিত করার দাবি জানান। এসময় তাঁদের হাতে ছিল সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন।

আয়োজকেরা বলেন, বিশ্বব্যাপী সহায়ক প্রযুক্তির প্রয়োজন থাকা বিপুলসংখ্যক মানুষ এখনও এ সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণে তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। একই সঙ্গে কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হতে না পারায় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়।

তারা আরো বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সহায়ক প্রযুক্তিতে এক টাকা বিনিয়োগ করলে তার বহুগুণ সামাজিক ও অর্থনৈতিক সুফল পাওয়া যায়। তবু এ খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ প্রয়োজনের তুলনায় অনেক কম।

এদিন শোভাযাত্রার আয়োজক ছিল বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি), ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারস।

শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মো. মনিরুজ্জামান খান, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার আবদুর রাজ্জাক, ময়মনসিংহ ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. মোকাম্মেল হোসেন এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারসের নির্বাহী পরিচালক হাসিবা হাসান জয়া।

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা

অনলাইন ডেস্ক
সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মো. মামুনুর রশীদের সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) সকালে হাসপাতালে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে।

এ সময় ড্যাব-সমর্থিত চিকিৎসক ও নেতারা পরিচালকের নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে ‘স্বৈরাচারের লোক’ আখ্যা দেন। একপর্যায়ে এক নেতা বলেন, ‘আমরা এই মেডিক্যাল কলেজের ছাত্র, কর্মরত ডাক্তার, স্টাফ, নার্স, টেকনোলজিস্ট—জাতীয়তাবাদী আদর্শের কোনো সৈনিকই আপনাকে চায় না। কেউ আপনাকে চায় না।’

বক্তারা দাবি করেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. মামুনুর রশীদকে গত ২১ মে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ওই দিনই দায়িত্ব গ্রহণ করেন। তবে তার নিয়োগ নিয়ে হাসপাতালের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বাগবিতণ্ডার সময় ডা. মামুনুর রশীদকে উদ্দেশ করে ড্যাব নেতারা বলেন, ‘আপনি ড্যাবের নির্দেশনা অনুসরণ করেননি। গায়ের জোরে এখানে এসেছেন। আপনাকে কাজ করতে দেওয়া হবে না।’

আরো পড়ুন
একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

 

আরেকজন বলেন, প্রথম দিন আপনি অন্য জায়গার লোক নিয়ে এসেছেন, পরের দিন জনবল নিয়ে এসেছেন। আপনার কারণে বহিরাগতরা হাসপাতালে আসছে এবং কর্মপরিবেশ নষ্ট হচ্ছে।

এ সময় নিজের অবস্থান ব্যাখ্যা করে ডা. মো. মামুনুর রশীদ বলেন, আমাকে বদলি করে দেন, আমি রাজি আছি। আপনারা বদলি করে দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি হয়। পরে ডা. মামুনুর রশীদ দুই দিনের সময় চান। 

এ বিষয়ে হাসপাতাল প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।