ক্যান্সার আক্রান্ত ১৫ বছরের ছেলেকে বাঁচাতে গর্ভে থাকা ৭ মাসের সন্তানকে নিয়ে লংমার্চে নেমেছেন মা মোসাম্মদ সুলতানা মিদু। পাবনা থেকে তিনি এসেছেন এই অনুভূতিহীন, স্বার্থপর নগরী ঢাকায়। মঙ্গলবার (২১ জুলাই) অপরিচিত আর উত্তপ্ত রাজধানীর রাজপথে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি পৌঁছেছেন সচিবালয়ের সামনে।
উনার লড়াইটা কেবল আমানতের জন্য নয়, উনার এই লড়াই আজ দুটি সন্তানের জীবনের জন্য! কিন্তু ব্যাংকে রাখা নিজের কষ্টার্জিত টাকা তুলতে গিয়েও উনাকে শুনতে হচ্ছে নির্মম বাক্য ‘মানুষ তো মরণশীল, মানুষ তো মরবেই!’
ভুক্তভোগী মা মোসাম্মদ সুলতানা মিদু বলেন, ব্যাংক থেকে বলছে, আপনার ছেলের মৃত্যু হলে আমার কিছু করার নেই। মৃত্যু সবার আছে। সেটার অডিও, ভিডিও রেকর্ড সব আমার কাছে আছে। তাহলে এ বৈষম্য কেন? আমার অ্যাকাউন্টে টাকা থাকতে কেন আমি এটা করব? আমার ছেলেকে আমি জিন্দা দাফন কেন দেবো?
যে বয়সে ১৫ বছরের ছেলেটার মাঠে খেলাধুলো করার কথা, সেই বয়সে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছটফট করছে। নাক-মুখ দিয়ে ঝরছে রক্ত। একমাত্র ছেলেকে বাঁচাতে ভিটেমাটি বিক্রি করেছেন। শেষ সম্বল ছিল ব্যাংকে রাখা কষ্টার্জিত ১২ লাখ টাকা।
পেটে ৭ মাসের সন্তান থাকায় নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগী মা বলেন, আমার হাঁটার অবস্থা দেখে আপনারা বুঝছেন, আমার শরীরের অবস্থা ভালো না। কেন? কেন এ বৈষম্য? আমার ছেলে মারা গেলে কেন কারো দায় থাকবে না? আমার ছেলের জীবন কি জীবন না? মাত্র ১৫ বছর, আমার ছেলের বয়স মাত্র ১৫ বছর!
কিন্তু টানা ৮ মাস ধরে ব্যাংকের দরজায় ঘুরে ঘুরে খালি হাতে ফিরে, আজ ক্লান্ত এই মা ঢাকার রাজপথে কান্নায় ভেঙে পড়েছেন।
মিদু বলেন, ১৫ বছরের একটা নাবালক সন্তান। তার মায়ের অ্যাকাউন্টে টাকা আছে। আমি আমার যা ছিল সোনা-দানা, জমি-জমা- আল্লাহ আমাকে যতটুকু দিয়েছিল, আমার ছেলের পেছনে দিয়ে দিয়েছি। শুধু ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে পা ধরিনি। বিবেকে বাঁধে।
আমানতের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ ব্যবস্থা দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাতিল করা এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা অবিলম্বে কার্যকর করার দাবিতে সম্মিলিত ইসলামি ব্যাংকের অধীন একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীরা এই লংমার্চের আয়োজন করেন। সেই লংমার্চে রাজপথে নামা এই অসহায় মা উনার বুকের হাহাকার ও কান্না পৌঁছে দিতে চান সরাসরি প্রধানমন্ত্রীর কাছে।
সবার সহযোগিতা চেয়ে মোসাম্মদ সুলতানা মিদু বলেন, আমাদের প্রধানমন্ত্রীও তো একজন বাবা। উনার কাছে আমার এই ফরিয়াদটা পোঁছিয়ে দেন, আর কোনোকিছু করেন, আর না করেন। আমি চাই আমার ছেলে সুস্থ্যভাবে বেঁচে উঠুক।




