• ই-পেপার

তিস্তার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও

১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : এস এম জিলানী
ছবি : কালের কণ্ঠ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রবিবার (২৬ জুলাই) কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে  উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এস এম জিলানী বলেন, ‘আমরা আমাদের নেতাকর্মীদের কখনো বলিনাই যে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোট দেবেন। আমরা নেতাকর্মীদের বলেছিলাম, আপনারা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছেন। নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জাতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটারদের আঙুল থেকে কালি মোছার আগেই তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন ১০ হাজার টাকা করে কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেবেন। নির্বাচিত হয়ে তিনি তা করেছেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি ও কৃষক কার্ডের কথা বলেছিলেন। ইতিমধ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড শুরু হয়েছে। অর্থাৎ বিএনপি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয় সেটি বাস্তবায়ন করে।’

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি'র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলার ১১ টি ইউনিয়ন ও  পৌরসভার সিরিয়ার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পটুয়াখালী প্রতিনিধি
কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংগৃহীত ছবি

পটুয়াখালীতে দুইটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই ব্যক্তির নামে মামলা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। 

পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকের আদালত মামলাটি সরাসরি গ্রহণ করে মামলার দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, দক্ষিণ বাদুরা এলাকার মো. মঞ্জু হাওলাদার (৫০) ও মো. জহির হাওলাদার (৪৫)। 

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকাল ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের চেড়া ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে। পরে তিনি বাদী হয়ে মামলা করেন। 

মামলার বাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

ভালুকা উপজেলা শ্রমিক দল সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা উপজেলা শ্রমিক দল সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার
সংগৃহীত ছবি

বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া সৌমিক হাসান সোহাগকে উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তাকে স্বপদে পুনর্বহালের বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ময়মনসিংহ জেলা কমিটির অন্তর্ভুক্ত ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগকে ভালুকা উপজেলা শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বলেন, বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।

সৌমিক হাসান সোহাগ জানান, ২০২৫ সালের ২৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। রবিবার (২৬ জুলাই) তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে উপজেলা শ্রমিকদলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ
সংগৃহীত ছবি

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে গেট কারপাস জটিলতায় ভারত–বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা গেট কারপাস না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, এত দিন ধরে আমরা কোনো অবৈধ মালামালের দায়ভার না নিয়ে ভারতীয় আমদানীকৃত পণ্যবাহী ট্রাকের কারপাস (গেটপাস) দিয়ে গ্রহণ করে আসছি। তবে, গত শনিবার কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ নির্দেশনা জারি করেন, স্ব-স্ব সিএন্ডএফ এজেন্টের কর্মচারীদের দায়িত্ব নিয়ে ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাক গ্রহণ করতে হবে। ওই ট্রাকে কোনো অবৈধ মালামাল থাকলে সিএন্ডএফ প্রতিনিধিকে দায়ভার নিতে হবে। এসংক্রান্ত কোনো দায়ভার কাস্টমস কর্তৃপক্ষ নেবে না।

তিনি বলেন, এসংক্রান্ত কোনো দায়ভার না নেওয়ার শর্তে সিঅ্যান্ডএফের পক্ষ থেকে আমরা কোনো গেট পাস ইস্যু করছি না। যার কারণে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। 

বেনাপোল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে মালামাল রপ্তানি করেন। তারাই ভালো জানেন পণ্যের ভেতরে কী আছে। ভারতীয় ট্রাক ড্রাইভাররা পথিমধ্যে কোনো অবৈধ মালামাল তুললে তার দায়ভার কোনো সিঅ্যান্ডএফ এজেন্ট বা স্টাফরা নিতে পারে না। কাস্টমসের এ ধরনের সিদ্ধান্তের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন জানান, কারপাস জটিলতার কারণে শনিবার থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে রপ্তানি ও চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।