• ই-পেপার

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : এসএম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : এসএম জিলানী
ছবি: কালের কণ্ঠ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রবিবার (২৬ জুলাই) কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমী হলরুমে  উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসএম জিলানী বলেন, ‘আমরা আমাদের নেতাকর্মীদের কখনো বলিনাই যে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোট দিবেন। আমরা নেতা-কর্মীদের বলেছিলাম, আপনারা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছেন। নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জাতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটারদের আঙ্গুল থেকে কালি মোছার আগেই তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন ১০ হাজার টাকা করে কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিবেন।নির্বাচিত হয়ে তিনি তা করেছেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি ও কৃষক কার্ডের কথা বলেছিলেন। ইতিমধ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড শুরু হয়েছে। অর্থাৎ বিএনপি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয় সেটি বাস্তবায়ন করে।’

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি'র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলার ১১ টি ইউনিয়ন ও  পৌরসভার সিরিয়ার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পটুয়াখালী প্রতিনিধি
কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংগৃহীত ছবি

পটুয়াখালীতে দুইটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই ব্যক্তির নামে মামলা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। 

পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকের আদালত মামলাটি সরাসরি গ্রহণ করে মামলার দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, দক্ষিণ বাদুরা এলাকার মো. মঞ্জু হাওলাদার (৫০) ও মো. জহির হাওলাদার (৪৫)। 

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকাল ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের চেড়া ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে। পরে তিনি বাদী হয়ে মামলা করেন। 

মামলার বাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

তিস্তার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
তিস্তার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও
তিস্তার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। ছবি : কালের কণ্ঠ

তিস্তার ভাঙন রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। ‘তিস্তা নদী পাড়ের এলাকাবাসী’ ব্যানারে রবিবার (২৬ জুলাই) সকালে আয়োজিত এ কর্মসূচিতে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন চরাঞ্চল থেকে আসা দুই শতাধিক ভাঙনকবলিত মানুষ এতে অংশ নেন। তারা প্রায় এক ঘণ্টা রংপুর জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত স্থায়ী নদী শাসনের দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বছরের পর বছর তিস্তার ভয়াবহ ভাঙনে হাজার হাজার হেক্টর কৃষিজমি ও শত শত বসতভিটা নদীগর্ভে বিলীন হলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মধ্যে কিছু জিওব্যাগ দেওয়া হলেও তা দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। জিও ব্যাগে বালু ভরাটের খরচও ভুক্তভোগীদের বহন করতে হচ্ছে। 

ভুক্তভোগী কৃষক আব্দুল কাদের বলেন, তিস্তার ভাঙনে আমার কয়েক বিঘা আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। এখন বসতভিটাও ভাঙনের মুখে। পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। আমরা আর সাময়িক ব্যবস্থা চাই না, দ্রুত স্থায়ী নদী শাসনের মাধ্যমে ভাঙন রোধের ব্যবস্থা চাই। তা না হলে আমাদের শেষ সম্বলটুকুও তিস্তা কেড়ে নেবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, কোথাও ভাঙন দেখা দিলে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জরুরি ভিত্তিতে কিছু সাপ্লাই বস্তা বা জিওব্যাগ দেওয়া হয়। এটি মূলত ফার্স্ট এইড বা তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং স্বেচ্ছাশ্রমের সহযোগিতায় এসব কাজ পরিচালিত হয়।

তিনি আরো বলেন, স্থায়ী প্রতিরক্ষা কাজের ক্ষেত্রে কাজের গুরুত্ব নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, বরাদ্দ অনুমোদন এবং ঠিকাদার নিয়োগসহ কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগে। তবে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ভাঙনরোধের ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে পর্যায়ক্রমে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ভালুকা উপজেলা শ্রমিক দল সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা উপজেলা শ্রমিক দল সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার
সংগৃহীত ছবি

বহিষ্কার আদেশ প্রত্যাহার করে শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া সৌমিক হাসান সোহাগকে উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তাকে স্বপদে পুনর্বহালের বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ময়মনসিংহ জেলা কমিটির অন্তর্ভুক্ত ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগকে ভালুকা উপজেলা শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বলেন, বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।

সৌমিক হাসান সোহাগ জানান, ২০২৫ সালের ২৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। রবিবার (২৬ জুলাই) তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে উপজেলা শ্রমিকদলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।