• ই-পেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ এলাকার রাস্তা যেন মরণফাঁদ

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট আঞ্চলিক মহা সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সুমন শশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা দেয়। যাত্রা পথে তার মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিল ছেড়ে ২ সমর্থক আর্জেন্টিনায়

গোপালগঞ্জ প্রতিনিধি
মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিল ছেড়ে ২ সমর্থক আর্জেন্টিনায়
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিলের দীর্ঘদিনের সমর্থক হাসিব মুন্সি ও ওহিদুল শেখ এবার আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে ‘বিদায়’ জানিয়ে আর্জেন্টিনা শিবিরে যোগ দেন তারা।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে এ ঘটনাকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়দের সামনে দুধ দিয়ে গোসল শেষে তারা জানান, সেমিফাইনালে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য ও নেতৃত্বে মুগ্ধ হয়েই ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনাকে নিজেদের নতুন প্রিয় দল হিসেবে বেছে নিয়েছেন।

তাদের এই অভিনব ‘দলবদল’ ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। উপস্থিত অনেকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই নজর কাড়ে ফুটবলপ্রেমীদের।

নোয়াখালীতে ২ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ২ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
ছবি : কালের কণ্ঠ

নোয়াখালীতে বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলসহ দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- জেলার হাতিয়া উপজেলার শূন্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিনের রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

পুলিশ জানিয়েছে, ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এর দুই মাস আগে সোনাপুর থেকে জয়দেব নামে অপর এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। শুক্রবার চোর চক্রের সদস্য ফয়সাল জয়দেবের মোটরসাইলটি ফেরত দেওয়ার কথা বলে তার কাছ থেকে বিকাশ নম্বরে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা পাওয়ার পর মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করেন ফয়সাল।

একপর্যায়ে আরো টাকা দেওয়ার কথা বলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশে খবর দেন। এ সময় সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল ও জাহাঙ্গীরের কাছ থেকে প্রথমে আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রাতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরকাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ চক্র দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে। তারা নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরো কয়েকটি মোটরসাইকেল চুরি করে বলে ধারণা করছে পুলিশ।’

তিনি আরো বলেন, ‘এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার তাদের আদালতে পাঠানো হবে।’

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা প্রদান করা হবে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।