• ই-পেপার

সিএনজিচালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা

কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন (৪০) ও আব্দুল শেখ (৩৬) নামের দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার পূর্ববিরোধের জের ধরে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় ছালিম হোসেন বাড়ি থেকে পালিয়ে গেলেও হামলাকারীরা ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন ও আব্দুল শেখকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন কালের কণ্ঠকে জানান, শুক্রবার বিকেলে দুই গ্রুপের মধ্যে প্রথমে মারামারি হয়। এর পর রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজবাড়ীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

রাজবাড়ীতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। চলতি মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার বালিয়াকান্দি উপজেলায় ছয়জন, পাংশা উপজেলায় তিনজন এবং কালুখালী উপজেলায় তিনজন  ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এপ্রিল মাস থেকে এ পর্যন্ত জেলায় ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪ জন পাংশা উপজেলার বাসিন্দা। এছাড়া বালিয়াকান্দিতে ১৭ জন, কালুখালীতে ৩ জন এবং অন্যান্য উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে পানি জমে থাকতে না দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশারি ব্যবহার ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল হান্নান বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। জ্বর, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক কিবরিয়ার পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক কিবরিয়ার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া পদত্যাগ করেছেন । শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণে দলীয় পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

​গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবরে তিনি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রটি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের মাধ্যমে জমা দেওয়া হয়।

​পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও একাগ্রতার সঙ্গে জয়পুরহাট জেলা এনএসিপির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলা ছাত্ররাজনীতি ও মূল দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে বর্তমানে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক ব্যস্ততার কারণে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব যথাযথ ও সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদ থেকে অব্যাহতি নিলেও দলের একজন সাধারণ সমর্থক ও সদস্য হিসেবে তিনি দলের মঙ্গল ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

মারা শিশুদের বয়স ১০ মাসের নিচে। তারা হলো—কামরুল, কৃষ্ণা ও নিহাদ।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। তবে এ সময়ে ৬৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৮ জুলাই পর্যন্ত এই বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।