• ই-পেপার

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক কিবরিয়ার পদত্যাগ

কু‌ড়িগ্রা‌ম

মায়ের ঘরে অগ্নিসংযোগ, সেই মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
মায়ের ঘরে অগ্নিসংযোগ, সেই মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছে‌লে মো. মিজানুর রহমান শামিম‌কে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাশের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই সকালে নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে মাদকের টাকা না পেয়ে মিজানুর রহমান তার মায়ের শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে সাতটি টিনশেড ঘর, আসবাবপত্র এবং ব্যবসায়িক মালামাল পুড়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ‌মিজানুর রহমা‌নের মা মোছা. আফরোজা বেগম (৬৫) নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।  এজাহারে তিনি উল্লেখ করেন, শামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের মালামাল ও স্বর্ণালঙ্কার চুরি করতেন। এর আগে, গত ২ জুলাই ছোট ভাই মোস্তাফিজার রহমান শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে র‌য়ে‌ছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, আগুন দেওয়ার পর শামিম দেশীয় অস্ত্র হাতে ঘরের সামনে অবস্থান নেন এবং আগুন নেভাতে এগিয়ে এলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে কেউ আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যেতে সাহস পাননি। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি অভিযুক্ত মিজানুর রহমান শামিম ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পরে শুক্রবার বিকেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের মামলা, আটক ৬

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের মামলা, আটক ৬
ছবি: কালের কণ্ঠ

যশোরের অভয়নগরে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি জুট মিলের শ্রমিক।

শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইক চালক লিমন হাওলাদার বাদী হয়ে ছয় জনের নামসহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবির মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এজাহারনামীয় ছয় জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী (৩০), একই গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে হাসান মোড়ল (৩৮), মৃত বাকি সরদারের ছেলে সাজ্জাদ সরদার (৩৮), নূর মোহাম্মদ ওরফে আপন খানের ছেলে সাজিদ হোসেন (২৪), মৃত আমজেদ গাজীর ছেলে মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও মৃত সাত্তার মোল্যার ছেলে শফিক মোল্যা (৪৪)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লিমন হাওলাদারের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তিনি ওই কিশোরীকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে এজাহারনামীয় ছয় জনসহ অজ্ঞাতনামা দুই/তিন জন ইজিবাইক থামিয়ে লিমনকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামাদের সহযোগিতায় তার প্রেমিকাকে ধর্ষণ করে।

মামলার বাদী লিমন হাওলাদার বলেন, ‘ন্যায় বিচার পাওয়ার আশায় ছয় জনের নামসহ অজ্ঞাতনামা দুই-তিন জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদ দাবির মামলা করেছি।’

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘ধর্ষণসহ চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ছয় জনকে আটক করা হয়েছে। অজ্ঞাতনামাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন (৪০) ও আব্দুল শেখ (৩৬) নামের দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার পূর্ববিরোধের জের ধরে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় ছালিম হোসেন বাড়ি থেকে পালিয়ে গেলেও হামলাকারীরা ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন ও আব্দুল শেখকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন কালের কণ্ঠকে জানান, শুক্রবার বিকেলে দুই গ্রুপের মধ্যে প্রথমে মারামারি হয়। এর পর রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজবাড়ীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

রাজবাড়ীতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। চলতি মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার বালিয়াকান্দি উপজেলায় ছয়জন, পাংশা উপজেলায় তিনজন এবং কালুখালী উপজেলায় তিনজন  ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এপ্রিল মাস থেকে এ পর্যন্ত জেলায় ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪ জন পাংশা উপজেলার বাসিন্দা। এ ছাড়া বালিয়াকান্দিতে ১৭ জন, কালুখালীতে ৩ জন এবং অন্যান্য উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে পানি জমে থাকতে না দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশারি ব্যবহার ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল হান্নান বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। জ্বর, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’