টানা বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লার বুড়িচংয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা নিতে ভিড় করেছেন শত শত মানুষ। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ ফ্রি আই ক্যাম্পে ৪৫০ জন চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শিকারপুর জামি'আ নূরে মোহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সে ষষ্ঠবারের মতো এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, চশমা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। চিকিৎসকদের পরামর্শে ৩৬ জন রোগীকে ছানি, টেরিজিয়াম, নেত্রনালির সমস্যা ও অন্যান্য জটিল চক্ষুরোগের অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে।
ক্যাম্প পরিচালনা করেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, অপটোমেট্রিস্ট, নার্স ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম। চিকিৎসক দলে সাতজন সদস্য ছিলেন। শিকারপুর মাদ্রাসার শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
চিকিৎসক দলের প্রধান বসুন্ধরা আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ আহনাফ শাহরিয়ার বলেন, ‘চক্ষু পরীক্ষার পর ৩৬ জন রোগীকে ছানি, টেরিজিয়াম, নেত্রনালির সমস্যা ও অন্যান্য জটিল চক্ষুরোগের অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত রোগীদের পরবর্তীতে ঢাকায় অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এনে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার, ওষুধ, থাকা-খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে।’
দত্তপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা ৮০ বছর বয়সী হাজেরা আক্তার বলেন, ‘বেশ কয়েকদিন ধরে চোখে ব্যথা করে। বাম চোখে কিছুই দেখি না। আজকে ডাক্তার স্যারেরা খুব সুন্দর করে দেখছে। ওষুধও দিছে। টাকা নেয়নি।’
ভারেল্লা গ্রামের ৭০ বছর বয়সী আনু মিয়া বলেন, ‘আমি গত পাঁচ বছর আগে স্ট্রোক করেছি। এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার খবর পাইছি। চোখে ব্যথা করে। পানি পড়ে। আজকে ডাক্তার দেখাইছি। ওষুধ আর চশমা দিছে।’
শিকারপুর গ্রামের আবদুর রহিম বলেন, ‘আমার ছানি ধরা পড়েছে। ডাক্তাররা বলেছেন, ঢাকায় নিয়ে গিয়ে অপারেশন করাবেন। আমার কোন টাকা লাগবে না। বসুন্ধরা কর্তৃপক্ষের জন্য দোয়া করি। তারা যেন আমার মতো দেশের আরও গরীব মানুষের উপকারে আসে।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মানবিক দিকনির্দেশনা এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই উদ্যোগের মাধ্যমে হাজারো মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন এবং মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
প্রসঙ্গত, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় নিয়মিত বিনামূল্যে আই ক্যাম্প পরিচালনা করছে। এসব ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চক্ষু পরীক্ষা, রোগ নির্ণয় এবং জটিল রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে, যা দেশের চক্ষুস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ এবং ভিশন কেয়ার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। ‘দেশ ও মানুষের কল্যাণে’—এই অঙ্গীকারকে ধারণ করে বসুন্ধরা গ্রুপ ভবিষ্যতেও মানসম্মত, মানবিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।



.jpg)
.jpg)

