• ই-পেপার

একই সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেল তিন জমজ বোন

উখিয়া সীমান্তে সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
উখিয়া সীমান্তে সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার সময় এক রোহিঙ্গাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের চোরাইপথে মিয়ানমারের রাখাইন রাজ্যে সার ও ভোজ্যতেল পাচার করে বাংলাদেশে ফেরার সময় বিজিবির টহল দল তাদের আটক করে।

তিনি বলেন, আটকের পর তাদের দেহ তল্লাশি করে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আন্দোলনের মুখে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আন্দোলনের মুখে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাতিল
ডা. এস এম মনিরুজ্জামান শাহীন। সংগৃহীত ছবি

আন্দোলনের মুখে অবশেষে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার ৫ জুলাই-এর প্রজ্ঞাপনে ডা. এসএম মনিরুজ্জামান (কোড- ১০৯৯২৪), সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) বরিশাল বিভাগের বদলিপূর্বক পদায়নের অংশটি এতদ্দ্বারা নির্দেশক্রমে বাতিল করা হলো। 

পদায়নের আদেশ বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ নেই প্রজ্ঞাপনে। বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন পাওয়ার পর স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও শেরে বাংলা মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা তার প্রত্যাহার দাবিতে আন্দোলন শুরু করে। মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কার্যালয়ে তালাবদ্ধ করে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে ড্যাবের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম কালের কণ্ঠকে বলেন, জুলাই আন্দোলনের প্রকাশ্য বিরোধিতা করেছেন মনিরুজ্জামান শাহীন। তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসা পর্যন্ত নিজে দেননি। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল কার্যক্রমে অংশ নিয়েছেন। তাই আমরা তার প্রত্যাহার দাবিতে আন্দোলন করেছি। অবশেষে তাকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ৫ জুলাই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন করা হয় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে। ৬ জুলাই তিনি যোগদান করেন বরিশালে।

ওইদিন থেকেই তাকে জুলাইবিরোধী এবং ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে আন্দোলন শুরু করে বরিশাল ড্যাব এবং মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা। আন্দোলনকালে ডা. মনিরুজ্জামান শাহীনকে স্বাস্থ্য ভবন থেকে বের করে দিয়ে পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক থাকাবস্থায় জুলাই বিপ্লবে বিরোধিতা এবং শান্তি সমাবেশে অংশ নিয়েছিলেন ডা. এসএম মনিরুজ্জামান শাহীন। এ কারণে তার পদায়ন আদেশ বাতিল চেয়ে আন্দোলন করেন তারা। রবিবারও বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তার অপসারণ চেয়ে ব্যানার টানিয়ে মানববন্ধন করেন আন্দোলনকারীরা।

বাবাকে হারানোর ৯ দিন পর বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজপড়ুয়া ছেলের

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
বাবাকে হারানোর ৯ দিন পর বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজপড়ুয়া ছেলের
সংগৃহীত ছবি

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের ওয়াকিল (১৮) নামে এক কলেজছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত ছাত্র ওই গ্রামের মৃত জাকির মিয়ার ছেলে। সে দুয়ারিয়া এজিএস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

রবিবার (১২ জুন) বিকেলে চান্দিনায় তার (নিহতের) খালার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চান্দিনা খালার বাড়িতে বেড়াতে গিয়ে বিকেলে বাড়ির ছাদে ঘুরতে যায় ওয়াকিল। সেখানে গিয়ে পা পিছলে ছাদের একপাশে দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে পড়ে যায়। মুহূর্তে বিকট আওয়াজ হয় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, মাত্র ৯ দিন আগে নিহত ওয়াকিলের বাবা জাকির মিয়া মারা গেছেন। একটি শোক কাটিয়ে না উঠতেই আরেকটি শোক পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেননি। আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি। নিহতের পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

রামুতে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে পথচারীর মৃত্যু

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামুতে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে পথচারীর মৃত্যু
সংগৃহীত ছবি

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে পা ফসকে তলিয়ে গিয়ে নিরঞ্জন দাস (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

রবিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরঞ্জন দাস একই ইউনিয়নের দোছড়ি পূর্বদাশপাড়া গ্রামের মৃত সুধীর দাসের ছেলে।

নিহতের ভাই ডালিম দাস জানান, নিরঞ্জন দাস নাইক্ষ্যংছড়ির একটি দোকানে চাকরি করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টমটমে করে বাড়ি ফিরছিলেন। পথে নাইক্ষ্যংছড়ি-রামু গর্জনিয়া বাজার সড়কের ফাক্রিকাটা এলাকায় পৌঁছে দেখা যায়, সড়কের ওপর হাঁটুসমান পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। ঝুঁকির কারণে টমটমচালক পানি পার হতে রাজি না হলে নিরঞ্জন দাস হেঁটে সড়ক পার হওয়ার চেষ্টা করেন।

তিনি আরো জানান, ফাক্রিকাটা বিলসংলগ্ন সড়কের মাঝামাঝি অংশে পানির স্রোত বেশি ছিল। শারীরিকভাবে প্রতিবন্ধী নিরঞ্জন দাস রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় একটি গর্তে পা পড়ে ভারসাম্য হারিয়ে স্রোতের পানিতে তলিয়ে যান। আশপাশের লোকজন ছুটে এলেও মুহূর্তের মধ্যে তিনি পানির নিচে হারিয়ে যান।

খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহতের পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেছেন। এ ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে পাঠানো হয়। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করা হবে। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে এবং তাদের প্রতি সমবেদনা জানানো হবে।’

এদিকে টানা বর্ষণে পাহাড়ি ঢলের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রয়োজন ছাড়া ঢলপ্রবণ এলাকা ও স্রোতযুক্ত সড়ক পারাপার না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।