• ই-পেপার

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড

পরীক্ষা দিতে যাচ্ছিল সিয়াম, মাস্ক পরে মোটরসাইকেলে এসে ছুরিকাঘাত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
পরীক্ষা দিতে যাচ্ছিল সিয়াম, মাস্ক পরে মোটরসাইকেলে এসে ছুরিকাঘাত
ছবি: কালের কণ্ঠ

যশোরের কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৫) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধ-বার্ষিকী পরীক্ষা দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

সিয়াম হোসেন মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুরের ছেলে। সে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে অর্ধ-বার্ষিকী পরীক্ষা দিতে বিদ্যালয়ে আসছিল সিয়াম। এসময় হেলমেড ও মুখে মাক্স পরা চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে সিয়ামের গতিপথ রোধ করে ছুরিকাঘাত করে। এতে দুই হাতে আঘাত পায় সে। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম।

মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, সিয়ামের বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের পরীক্ষা ছিল। দুর্বৃত্তদের ছুরিকাঘাতের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।

সিয়াম হোসেনের বাবা আব্দুস সবুর বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা ৪ ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসনা খাতুন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ঈশ্বরগঞ্জ আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর দপ্তর

নির্ধারিত সময়ে অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা

ময়মনসিংহ প্রতিনিধি
নির্ধারিত সময়ে অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা
ফাঁকা ঈশ্বরগঞ্জ আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর দপ্তর। নির্ধারিত সময়ে অফিসে আসেন না কর্মকর্তা-কর্মচারীরা। আজ বরিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তোলা ছবি। কালের কণ্ঠ।

নির্ধারিত সময়ে অফিসে না আসা নিয়মে পরিণত হয়েছে ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার সরকারি বাধ্যবাধকতা থাকলেও সকাল ১০টা পার হয়ে গেলেও দেখা মেলেনি সিংহভাগ কর্মকর্তা-কর্মচারীর।

আজ রবিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে সরেজমিনে গিয়ে এই চরম অব্যবস্থাপনার চিত্র দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, অফিসের মোট ১২ জন কর্মকর্তার মাঝে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম, নিম্নমান হিসাব সহকারী মুক্তারুজ্জামান ও লাইনম্যান এ বি এম কাইয়ুমকে ছাড়া আর কাউকে অফিসে পাওয়া যায়নি। সকাল ৯টা ৫৬ মিনিট পর্যন্ত আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী অফিসে না আসায় কর্মচারীদের অনুপস্থিতির ব্যাপারে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্মচারীদের অফিসে থাকার কথা। মনে হয় তারা নিচতলার অফিস কক্ষে আছেন। তবে নিচতলায় কর্মচারীদের অফিস রুমে গিয়ে দেখা যায়, সেখানে লাইনম্যান এ বি এম কাইয়ুম ছাড়া আর কেউ উপস্থিত নেই।

পরবর্তীতে তাদের অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য লাইনম্যান কাইয়ুমকে বলা হলে তিনি অন্য কর্মচারীদের মোবাইল ফোনে কল দেন। ফোনে ওয়েল্ডার এ হেদায়েত উল্লাহ জানান, সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি সোহাগী বাজারে আছেন। সাহায্যকারী সাইফুল ইসলাম সকাল ৯টা ৪৬ মিনিটে জানান, তিনি ঈশ্বরগঞ্জ বাজার থেকে অফিসের উদ্দেশে রওনা করছেন। এরপর সাহায্যকারী ঝর্ণা আক্তারকে সকাল ৯টা ৫০ মিনিটে ফোন দেওয়া হলে তিনি জানান, তিনি বাসায় আছেন। অফিসে না আসার ব্যাপারে ঝর্ণা আক্তার দাবি করেন, তিনি মুক্তারুজ্জামানের কাছে বলে ছুটিতে আছেন। তবে ঝর্ণা আক্তারের ছুটির ব্যাপারে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম ও নিম্নমান হিসাব সহকারী মুক্তারুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তারা জানান, ছুটির বিষয়ে তারা কিছুই জানেন না। বাকি অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সরকারি সেবা খাতের একটি গুরুত্বপূর্ণ অফিসে এমন চরম গাফিলতি ও চোর-পুলিশ খেলার ঘটনায় স্থানীয় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই অব্যবস্থাপনা দূর করে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সঠিক সময়ে অফিসে উপস্থিত না থাকার বিষয়ে ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী হামজা ইমামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এক্সচেঞ্জ অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে অফিসে আসতে ১১টা বেজে যায়।’

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার সোনাইছড়ি ও বাড়বকুণ্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপোসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িচাপায় নিহত হন। নিহতের বয়স আনুমানিক ৪২ বছর। দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে বাড়বকুণ্ড বাজারের অদূরে ইউনিয়ন পরিষদ সড়কসংলগ্ন ঢাকা-মুখী মহাসড়কে একটি বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। তিনি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জুদারপাড়া গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাশেম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

বীরগঞ্জে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বীরগঞ্জে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে জাকিরুল ইসলাম আলম (৫০) নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাকিরুল ইসলাম আলম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি রাশেদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাকিরুল ইসলাম আলমকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।