• ই-পেপার

ছিনতাইকারীর হামলায় বাকপ্রতিবন্ধী ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৫

ভোমরা স্থলবন্দরে ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি:
ভোমরা স্থলবন্দরে ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ আটক ২
ছবি: কালের কণ্ঠ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে অভিযান চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিজিবি এ তথ্য জানায়। এর আগে ৯ জুলাই বিকেলে ভোমরা চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সমরেশ দাস ও রাম মন্ডল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা নাকফুলগুলোর মূল্য প্রায় ৪৫ লাখ ৬২ হাজার টাকা। আর ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব ডায়মন্ডের নাকফুল বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের দুটি পৃথক স্থানে জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক ওষুধ বিতরণ করেছে সংগঠনটি।

এ দিন বিকেল সাড়ে ৩টায় হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড়স্থ খিল্লাপাড়া এলাকায় এবং বিকেল সাড়ে ৪টায় নগরের ষোলশহর রেল স্টেশন এলাকায় পৃথকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিস্কুট, পাউডার দুধ, ওরাল স্যালাইনসহ অন্যান্য জরুরি সামগ্রী। পাশাপাশি অসুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সহায়তার ব্যবস্থাও রাখা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় কেবল তাৎক্ষণিক ত্রাণ বিতরণ নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রমও পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রয়োজনে চট্টগ্রামের আরো ক্ষতিগ্রস্ত এলাকায় একই ধরনের সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিএআরএফের সভাপতি কালের কণ্ঠের নিজামুল হক, সম্পাদক কাওসার আজম

নিজস্ব প্রতিবেদক
বিএআরএফের সভাপতি কালের কণ্ঠের নিজামুল হক, সম্পাদক কাওসার আজম
সংগৃহীত ছবি

বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক কাওসার আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে বিএআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি নির্বাচন করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির অন্য পদাধিকারীরা হলেন— সহসভাপতি চপল মাহমুদ (আমাদের সময়), যুগ্ম সম্পাদক ফেরদৌস রহমান (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন (জাগো নিউজ), অর্থ সম্পাদক নুরে আলম (যায়যায়দিন), দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ (প্রতিদিনের বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক সাইফুল মাসুম (আজকের পত্রিকা)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), মুন্না রায়হান (ইত্তেফাক), ফয়জুল সিদ্দিকী (স্টার নিউজ), জাহিদুর রহমান (সমকাল) ও শাফিউল আল ইমরান (ডেসটিনি)।

নতুন কমিটির নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর ও কালবেলার ইউসুফ আরেফিন।

এর আগে দুপুরে বিদায়ি কমিটির সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় বিএআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২৬ সেশনের সাধারণ ও আর্থিক প্রতিবেদন পেশ করেন বিদায়ি কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন। প্রতিবেদনটি সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সাধারণ সভা শেষে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সৈনিক আবু হানিফার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
সৈনিক আবু হানিফার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় কর্তব্য পালনকালে প্রাণ উৎসর্গকারী সৈনিক মো. আবু হানিফার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী আজ। পাহাড়ে শান্তি-শৃংখলা ও সম্প্রীতি বিনিষ্টকারী অপচেষ্টা রুখতে তিনি সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বিরুদ্ধে চালানো অভিযানে অংশ নেন এবং দায়িত্ব পালনকালে নিজের জীবন উৎসর্গ করেন।

২০২৪ সালের গত ১০ জুলাই কেএনএর একটি সশস্ত্র দল বান্দরবানের তামলোপাড়া টিওবি ক্যাম্পে অতর্কিত আক্রমণ করলে সেখানে দায়িত্বরত সৈনিক আবু হানিফা বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে হেলিকপ্টারে চট্টগ্রাম সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আবু হানিফার অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক’-এ ভূষিত করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশকে সুরক্ষিত রাখার লক্ষ্যে পরিবার ও জীবনের মায়া ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীদের দমনে নিজের জীবন বিলিয়ে দেন। পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় তার এমন আত্মত্যাগ ও বীরত্ব সব সেনা সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।