তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত সামাজিক উদ্যোগ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই এ কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে।’
শুক্রবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।’
আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। পরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আমগাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর জনকল্যাণমূলক তৎপরতাও অব্যাহত রাখতে হবে। রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয় জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়াও বটে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটতে হবে।
প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে তিনি বললেন, এ সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে। সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।
এদিকে আগামী ১৩ জুলাই সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফর উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সভায় বরিশাল জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যগন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক মতবিনিময়সভায় অংশগ্রহণ করেন।