• ই-পেপার

টাঙ্গাইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত, আহত ২

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া ওই গ্রামের কবির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তর গড়গড়ি গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক এবং একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার দুপুর ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে জিয়াউল হকের পক্ষের দুলাল মিয়া (৪০) এবং জমির আলীর পক্ষের সেলিম মিয়া (৬৫) ও রফিক মিয়া (৪০) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত সেলিম মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক কর্মকাণ্ডে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সামাজিক কর্মকাণ্ডে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন : তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত সামাজিক উদ্যোগ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই এ কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে।’

শুক্রবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।’ 

আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। পরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আমগাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর জনকল্যাণমূলক তৎপরতাও অব্যাহত রাখতে হবে। রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয় জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়াও বটে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটতে হবে।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে তিনি বললেন, এ সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে। সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।

এদিকে আগামী ১৩ জুলাই সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল জেলা সফর উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

সভায় বরিশাল জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যগন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক মতবিনিময়সভায় অংশগ্রহণ করেন।

ফেনী সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

নিজস্ব প্রতিবেদক
ফেনী সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ
ছবি : কালের কণ্ঠ

ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মুঠোফোনের (মোবাইল) ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। বিজিবির দাবি, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা।

শুক্রবার (১০ জুলাই) এক বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ পরশুরামের সীমান্তবর্তী এলাকায় বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা মালামাল ও অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে কূটনৈতিক ও অপারেশনাল উদ্যোগের পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বন্যায় কক্সবাজারে ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

অনলাইন ডেস্ক
বন্যায় কক্সবাজারে ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে চকরিয়া ও মাতামুহুরীতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। টানা পাঁচ দিনের ভারি বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে শতাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় এসব উপজেলায় প্রায় ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে চকরিয়ায় কাকারা ইউনিয়নে মাইজ কাকারা এলাকায় পানিতে ডুবে প্রাণ হারায় স্থানীয় সোলতান আহমদের ২ বছর বয়সী ছেলে মোহাম্মদ ওয়াকিম। একই দিন সকালে বন্যার পানিতে ভেসে গিয়ে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ৩ বছরের ছেলে পুষ্পের মৃত্যু হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ‘বন্যায় নিহত দুই শিশুর পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করায় জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে বলা হয়েছে।’ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি পানি দ্রুত নিষ্কাশনের জন্য উপকূলীয় ইউনিয়নগুলোর স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

 

মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বিপৎসীমার উপরে থাকায় চকরিয়ার বরইতলী, বমুবিলছড়ি, কাকারা, লক্ষ্যারচর, চিরিঙ্গা ও হারবাং ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে রয়েছে। এ ছাড়া নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, বিএমচর ও সাহারবিল ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

অন্যদিকে পেকুয়ার উজানটিয়া, মগনামা, বারবাকিয়া, মেহেরনামা এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে বন্যার পানি ঢুকে পড়েছে। সড়ক, কৃষিজমি ও চিংড়ির ঘের ডুবে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, বাঁকখালী নদীর পানি ৫ দশমিক ৮৮ মিটার এবং মাতামুহুরী নদীর পানি ৬ দশমিক ৫৪ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার চেয়ে বেশি। 

11

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘জেলার ৬৪৮টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার, ত্রাণ বিতরণ এবং জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।’ জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকে কন্ট্রোল রুমের ০১৮৭২৬১৫১৩২-এ সার্বক্ষণিক যোগাযোগ করার আহ্বান জানান জেলা প্রশাসক। 

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, গত ৫ দিনে জেলায় প্রায় ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।