যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মাহফুজুল হক হিমেল (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে।
হিমেল সেখানে ‘ডোরড্যাশ’ নামের অ্যাপভিত্তিক একটি খাবার কম্পানিতে চাকরি করতেন। অনলাইনে অর্ডার দেওয়া খাবার ডেলিভারি করতে গিয়ে হামলার শিকার হন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িবাজার গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে বাবু মাস্টার ও মনোয়ারা বেগমের ছেলে হিমেল।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত ৯টার দিকে হিমেল গুলিবিদ্ধ হয়ে রাত ১০টার দিকে হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি শোনেন বলে নিশ্চিত করেছেন। তা বাংলাদেশ সময় গত বুধবার বিকেলের ঘটনা।
গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, বুধবার রাতে হিমেলের মৃত্যুর খবর পাই। তার বাবা গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব.)। তার মা গোমস্তাপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.)। তাদের আদি বাড়ি ছিল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকপুস্তম গ্রামে। হিমেলরা দুই ভাইবোন। হিমেল রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) থেকে এমবিবিএস পাস করেন। তার ৪ বছরের ছোট বোন বর্ষা রাজশাহী এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ করেন। হিমেল বিবাহিত ও তার এক ছেলে রয়েছে। তার স্ত্রী মিনারা রহমানও চিকিৎসক। তিনি আমেরিকাতে চাকরি করেন।
হিমেলের চাচা (তার বাবার আপন মামাতো ভাই) ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. বাবুল বলেন, প্রায় ১৫ বছর আগে প্রথমে কানাডা ও পরে পর আমেরিকা যান হিমেল। ৩/৪ বছর আগে শেষ বারের মতো সপরিবারে দেশে মাকে দেখতে আসেন তিনি। তার একমাত্র সন্তানের নাম মাকিন। তার বয়স ১৪। হিমেলের বোন বর্ষার বিয়ে হয় ইংল্যান্ড প্রবাসী ময়মনসিংহের এক ছেলের সঙ্গে। এখন বর্ষা সপরিবারে কানাডাতে থাকেন। হিমেলের মা গত রোজার ঈদের পর মেয়ের কাছে বেড়াতে যান। এখনও তিনি সেখানে রয়েছেন।
হিমেলের চাচাতো ভাই (বাবুল মেম্বারের ছেলে) কায়সার আহমেদ কানন বলেন, গত বুধবার বিকেলে হিমেল ভাইয়ার গুলিবিদ্ধ হবার সংবাদ পাই। সবুজ নামের ফিলাডেলফিয়ায় বসবাসরত ভেড়িবাজারের বাসিন্দা আব্দুস সালাম মাস্টারের ছেলে এ সংবাদ দেন। এ ছাড়া ভেড়িবাজারের অন্য একজনসহ আমেরিকায় বসবাসরত অন্য স্বজনেরাও ঘটনাটি নিশ্চিত করেন।
কানন আরো বলেন, যতটুকু জানা গেছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার জোহরের পর আমেরিকার নিউ জার্সিতে হিমেলের জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার ও কমিউনিটির লোকজন সেখানে চলে গেছেন। এরপর সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ কানাডা নিয়ে যাওয়া হবে। সেখানে মা ও বোনের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে। কারা কেন হিমেলকে হত্যা করল, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কেউ আটক হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানান কানন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, যুক্তরাষ্ট্রে মাহফুজুল হক হিমেলের গুলিবিদ্ধ হয়ে নিহত হবার বিষয়টি স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।





