• ই-পেপার

খাগড়াছড়িতে ৩ সড়কে যান চলাচল বন্ধ, অচল রাঙামাটি সড়ক

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ, ক্ষতিপূরণ দাবি

নোয়াখালী প্রতিনিধি
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ, ক্ষতিপূরণ দাবি

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিয়ে যান নোয়াখালীর এক তরুণ। অভিযোগে ম্যাচে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করার দাবি তুলে ওই তরুণ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম থানায় ওই অভিযোগ নিয়ে যান।

লিখিত অভিযোগে তিনি নিজেকে একজন সাধারণ ও আইন মান্যকারী ফুটবল সমর্থক হিসেবে দাবি করে বিবাদীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় শাস্তির দাবি জানান। অভিযোগে তিনি অভিযুক্ত হিসেবে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারি ছাড়াও আরও ১৫/২০ জন ওই ঘটনায় জড়িত বলে উল্লেখ করেন।

লিখিত অভিযোগে মো. রাকিব উল্লেখ করেন, গত মঙ্গলবার রাতে (৭ জুলাই) তিনি এবং তার এলাকার অন্যান্য ক্রীড়ামোদী শুভাকাঙ্ক্ষীরা স্থানীয় করমুল্যা বাজারে বসে রুপালী পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের মিশর বনাম আর্জেন্টিনার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করছিলেন। খেলা চলাকালীন ম্যাচের শুরু থেকেই বিবাদী রেফারি এবং ফিফা সভাপতি সুপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার লক্ষ্যে নানামুখী প্রতারণা ও পক্ষপাতমূলক আচরণের আশ্রয় নেন বলে অভিযোগ করেন।

অভিযোগে রাকিব দাবি করেন, ম্যাচের মাত্র ১৪তম মিনিটে মিশর একটি দর্শনীয় গোল করে এগিয়ে যাওয়ার পরপরই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরে ফিফা সভাপতির প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর ঠিক ৫ মিনিটের মাথায় তিনি আর্জেন্টিনাকে সম্পূর্ণ অন্যায্য একটি পেনাল্টি উপহার দিয়ে খেলায় সমতা আনেন। পরবর্তীতে ম্যাচের ২৫তম মিনিটে মিসর দলের আরেকটি বৈধ গোল রেফারি প্রথমে মেনে নিলেও, মাত্র ৩ মিনিটের মাথায় রহস্যজনক কারণে তা বাতিল ঘোষণা করেন, যা কোটি কোটি মিসর সমর্থকের হৃদয় ভেঙে দেয়।

অভিযোগে আরো বলা হয়, ম্যাচের শেষভাগে মিশরীয় ফুটবলাররা পুনরায় গোল করার চেষ্টা করলে রেফারি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের খেলোয়াড়দের একের পর এক হলুদ কার্ড এবং মিসরের প্রধান কোচকে অন্যায়ভাবে লাল কার্ড প্রদর্শন করে হয়রানি করেন। এতে মিসর দলের খেলোয়াড়দের মানসিক মনোবল ভেঙে পড়ে এবং আর্জেন্টিনার জন্য ম্যাচ জয়ের পথ সুগম করে দেওয়া হয়।

বাদী দাবি করেন, ফিফা কর্তৃপক্ষের এমন চরম পক্ষপাতিত্ব এবং রেফারিংয়ের নামে জালিয়াতির কারণে তিনি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মিসর সমর্থক চরম হতাশা ও মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। এই মানসিক আঘাতের ফলে অনেক সমর্থকের সামাজিক ও মানসিক বিপর্যয় ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই অপূরণীয় ক্ষতির কারণেই ফিফা থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করা এবং আন্তর্জাতিক আইনের আওতায় বিবাদীদের বিচারের মুখোমুখি করা অত্যন্ত জরুরি বলে তিনি এজাহারে উল্লেখ করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তরুণের অভিযোগ নিয়ে থানায় আসার বিষয়টি সত্য। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নওগাঁর রাণীনগর ও মান্দায় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর ও মান্দায় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তাহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, বুধবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশের নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাউজানে বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম ডাবুয়া এলাকায় বৃষ্টির জলাবদ্ধতা সৃষ্টি হওয়া পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. মোস্তাকিম। সে ওই এলাকার প্রবাসী মোহাম্মদ পারভেজ হোসেনের আড়াই বছর বয়সী আদরের সন্তান।

প্রতিবেশী মো. রহিম ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খাল। খালের পাশে শিশুটি খেলতে গিয়ে ঘরের পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার মিনহাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুর আড়াইটার দিকে আড়াই বছর বয়সী মোস্তাকিম নামের এক পানিতে পড়া শিশু হাসপাতালে আনা হয়। তবে শিশুটি হাসপাতালে আনার পর আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি সে মারা গেছে।’

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক
ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী করিমকে অফিসকক্ষে ঢুকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।

বুধবার (৮ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শাসন করে চড় দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার বাবা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকাকে মারধর করেন। পরে উপস্থিত ব্যক্তিরা তাকে সরিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রধান শিক্ষিকা কাবেরী করিম জানান, শিক্ষার্থীদের প্রয়োজন হলে শাসন করতেই হয়। তবে এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আবারও হামলার আশঙ্কা করছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।