• ই-পেপার

রংপুরে এলপিজি বাজারে অস্থিরতা : সরকারি দাম ১,৭২৮, বিক্রি ২,২০০ টাকায়

সন্দ্বীপ চ্যানেলে ডুবন্ত বাল্কহেডের ৪ শ্রমিক উদ্ধার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ চ্যানেলে ডুবন্ত বাল্কহেডের ৪ শ্রমিক উদ্ধার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে সন্দ্বীপগামী একটি কাঠের ট্রলার থেকে সাগরে ভাসমান চার ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বেলা ১১টায় কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা সন্দ্বীপ চ্যানেলে লাইফ জ্যাকেট পরিহিত চার জনকে সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা ডুবন্ত একটি বালুবোঝাই বাল্কহেডের শ্রমিক ছিলেন। পরে তাদের ট্রলারে করে সন্দ্বীপে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সন্দ্বীপকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি কোথা থেকে কোথায় যাচ্ছিল বা কী কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম মাঝিরহাট লাইটার শ্রমিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার তথ্য এখনো আমাদের কাছে আসেনি।’

সন্দ্বীপ থানার ওসি সুজন হালদারও জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো তথ্য পৌঁছায়নি।

নোয়াখালীতে মোটরসাইকেলযোগে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে মোটরসাইকেলযোগে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলযোগে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজারে ফেনী-চৌমুহনী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার সাইফুল ইসলাম (৩৯) ও একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়। পরে একই চক্রের সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনবাগে যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি বলে জানিয়েছে ডিএনসি। তার বিরুদ্ধে মাদক আইনে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ও আটটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার আফতাব উদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলাগুলো জেলার ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া, নগরের কোতোয়ালি ও সদরঘাট থানায় দায়ের হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটি জানতে পারে যে, চেক প্রতারণাসহ (এনআই অ্যাক্টের ১৩৮ ধারা) বিভিন্ন অপরাধের আটটি পৃথক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি আফতাব বায়েজিদের বনানী আবাসিক এলাকায় অবস্থান করছেন। এসব মামলার মধ্যে পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে মোট ১৩ বছরের সাজা ও জরিমানা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হালদা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধ জাল ও বড়শি জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হালদা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধ জাল ও বড়শি জব্দ
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ছয় হাজার পাঁচ শ মিটার দৈর্ঘ্যের সাতটি অবৈধ জাল ও দুটি বড়শি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য অফিস অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত ৮টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ, কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষা এবং হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে চালানো এ অভিযানে অত্র দপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী ও হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর, আদিল এবং আইডিএফের পাহারাদার ঝন্টু বড়ুয়া সহযোগিতা করেন। অভিযানে হালদা নদীর খলিফারগোনা অংশ থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান চালিয়ে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ছয়টি অবৈধ চরঘেরা ও একটি ভাসা জাল এবং দুইটা বড়শি জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ছয় হাজার পাঁচ শ মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদককে জানান, হালদা নদীর প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রংপুরে এলপিজি বাজারে অস্থিরতা : সরকারি দাম ১,৭২৮, বিক্রি ২,২০০ টাকায় | কালের কণ্ঠ