• ই-পেপার

এবার হরর সিনেমা বানানোর ইঙ্গিত দিলেন ক্রিস্টোফার নোলান

এবার লিসবন মাতাবেন জেমস

বিনোদন প্রতিবেদক
এবার লিসবন মাতাবেন জেমস
সংগৃহীত ছবি

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ বাংলা সংগীতানুষ্ঠান ‘বাংলা লাইভ’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস। 

একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। এই প্রথমবারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন।

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমস তাঁর কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন। পাশাপাশি জায়েদ খানের পরিবেশনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবে বলেও আশা করছেন তারা।

এই কনসার্টের আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। ইতোমধ্যে লিসবনের প্রবাসী বাঙালিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

আয়োজকদের দাবি, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

বিনোদন ডেস্ক
কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড
সংগৃহীত ছবি

রাত পোহালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার ও তামিলনাডুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগণ’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়ে আলোচনায় এসেছে ছবিটি।

চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপির বেশি। তামিল সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় অগ্রিম বুকিং হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামীকাল ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘জন নয়াগণ’। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই বিজয়ের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। ফলে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং দ্রুত বাড়তে শুরু করে। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বৃদ্ধি পায়।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে তামিল সংস্করণ থেকে।

রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি।

পরিসংখ্যান বলছে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে জন নয়াগণ এখন বিজয়ের আগের দুই সফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে।

বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়বে। তাদের পূর্বাভাস, ভারতে প্রথম দিনেই ছবিটি ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে। শেষ মুহূর্তের বুকিং প্রত্যাশা ছাড়িয়ে গেলে সেই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের রেকর্ড গড়ে তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের নতুন নজিরও স্থাপন করতে পারে বিজয়ের বিদায়ী এই চলচ্চিত্র।

এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং ববি দেওলসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আতঙ্কিত কঙ্গনা

বিনোদন ডেস্ক
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আতঙ্কিত কঙ্গনা
সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আতঙ্কিত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তাজনিত কারণে ভবনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় দিল্লি পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘সিজেপি’। এতে কয়েক হাজার শিক্ষার্থী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনের অনেকেই পুলিশের পদক্ষেপের সমালোচনা করলেও কঙ্গনা রানাওয়াত ভিন্ন অবস্থান নেন।

কঙ্গনার দাবি, সংসদের অধিবেশন চলাকালে আন্দোলনকারীরা ভবনের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার স্বার্থে সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সে সময় প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন। বাইরে উত্তপ্ত পরিস্থিতি এবং নিরাপত্তাকর্মীদের তৎপরতায় ভেতরে উদ্বেগের পরিবেশ তৈরি হয় বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে ছিলাম। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাবে। দিল্লি পুলিশ সেদিন ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে।’

তিনি আরো বলেন, এ ধরনের আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে কঙ্গনা বলেন, ‘ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’

উল্লেখ্য, যন্তর মন্তরের ওই বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আয়োজন করা হয়। আন্দোলনকারীদের সংসদ অভিমুখে অগ্রযাত্রাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

১০ বছর পর পাল্টে গেল অস্কারজয়ী সিনেমা ‘লা লা ল্যান্ড’-এর পোস্টার

অনলাইন ডেস্ক
১০ বছর পর পাল্টে গেল অস্কারজয়ী সিনেমা ‘লা লা ল্যান্ড’-এর পোস্টার
সংগৃহীত ছবি

অবশেষে অবসান ঘটল রায়ান গসলিংয়ের বহু বছরের আক্ষেপের। হলিউড ব্লকবাস্টার সিনেমা ‘লা লা ল্যান্ড’-এর বিখ্যাত পোস্টারে নিজের হাতের অবস্থান নিয়ে বেশ লম্বা সময় ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন এই তারকা। সিনেমাটির মুক্তির ১০ম বার্ষিকী উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ‘লায়ন্সগেট’ পোস্টারের একটি নতুন ডিজাইন উন্মোচন করেছে, যেখানে গসলিংয়ের কাঙ্ক্ষিত ভঙ্গিতেই হাতটি সংশোধন করা হয়েছে।

২০১৬ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী মিউজিক্যাল ফিল্ম ‘লা লা ল্যান্ড’-এর মূল পোস্টারে এমা স্টোনের সঙ্গে নাচের একটি ভঙ্গিতে গসলিংয়ের হাত চ্যাপ্টা হয়ে ছিল। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে গসলিং জানান, ওই পোস্টারটি তাকে সব সময় তাড়া করে ফিরত এবং তিনি রসিকতা করে পোস্টারটির নাম দিয়েছিলেন ‘লা লা হ্যান্ড’। গসলিং বলেছিলেন, নাচের সময় হাতটি চ্যাপ্টা না রেখে বাইরের দিকে প্রসারিত রাখলে মূল ভঙ্গিটি বেশি নিখুঁত দেখাত। ১০ম বার্ষিকীতে লায়ন্সগেট অবশেষে নতুন পোস্টারে তার সেই ইচ্ছেটিকেই প্রাধান্য দিয়েছে।

১০ বছর পূর্তি উদযাপনে ১৬ই আগস্ট থেকে এএমসি থিয়েটার্সের ডলবি সিনেমায় ‘লা লা ল্যান্ড’ পুনরায় মুক্তি পাচ্ছে। মাত্র ৩০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ৪৪৭ মিলিয়ন ডলার ব্যবসা করে। সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রহণসহ এটি ৬টি অস্কার এবং রেকর্ড গড়ে ৭টি গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করে। সিনেমাটিতে ‘সেব’ চরিত্রে অভিনয়ের জন্য রায়ান গসলিং গোল্ডেন গ্লোব জেতেন, অন্যদিকে ‘মিয়া’ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেন এমা স্টোন। জনপ্রিয় এই সিনেমাটিকে কেন্দ্র করে  বর্তমানে একটি ব্রডওয়ে মিউজিক্যাল তৈরির কাজ চলছে, যার আনুষ্ঠানিক তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে।