• ই-পেপার

বারবার ব্যর্থ, অবশেষে স্বামী-স্ত্রী সেজে মাদক কারবারিকে ধরল পুলিশ

ফরিদপুরে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ফরিদপুরে বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে বজ্রাঘাতে সাব্বির মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে বৃষ্টি শুরু হলে সাব্বির তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই মাটিতে ছিটকে পড়ে। এতে সাব্বির গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু অক্ষত রয়েছে।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

সারজিস-তুষারকে ক্ষমা চাওয়ার আহ্বান পাবনা জেলা বিএনপির

পাবনা প্রতিনিধি
সারজিস-তুষারকে ক্ষমা চাওয়ার আহ্বান পাবনা জেলা বিএনপির
ছবি : কালের কণ্ঠ

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলমকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে পাবনা জেলা বিএনপি। সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই জানানো হয়েছিল এবং বিএনপি সহযোগিতামূলক মনোভাবও দেখিয়েছিল। ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে, তার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ পাবনার যেকোনো সভা-সমাবেশে সারজিস আলম আর সারোয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

এনসিপি নেতাদের বক্তব্যে জামায়াতের ইন্ধন আছে বলে দাবি করে মাসুদ খন্দকার বলেন, তাদের (এনসিপি) যে ভাষা আর জামায়াতের যে ভাষা, দুই ভাষা একই ভাষা। জামায়াত আর এনসিপি যেভাবে কথা বলে তাতে দুই সংগঠনের কথার মধ্যে আমরা ব্যাপক মিল পাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, বর্তমান যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা সেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও বর্তমান জেলা আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা প্রমুখ।

প্রসঙ্গত, গত ৯ জুলাই পাবনা সফর শেষে ১০ জুলাই নাটোরের পদযাত্রায় সারোয়ার তুষার অভিযোগ করেন-শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতাকে সরাসরি গুলিবর্ষণ করে দুই শিক্ষার্থীকে হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান ওরফে সাঈদ চেয়ারম্যানসহ পাবনার আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

বাগেরহাটে জালে আটকা পড়া অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জালে আটকা পড়া অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
সংগৃহীত ছবি

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি বিশাল অজগর মাছ ধরার জালে আটকা পড়ার পর উদ্ধার করে আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার খালে পেতে রাখা বুছনা জাল তুলতে গিয়ে আটকা পড়া অজগরটি দেখতে পান। এসময় খবর পেয়ে স্থানীয় সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। পরে এদিন বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় বন বিভাগের উপস্থিতিতে  অজগরটি অবমুক্ত করা হয়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, ‘সুন্দরবনসংলগ্ন মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার মাছ ধরার জন্য খালে বুছনা জাল পেতে রেখেছিলেন। সোমবার সকালে জাল তুলতে গিয়ে তিনি একটি বড় অজগর সাপকে জালে আটকা অবস্থায় দেখতে পান। এসময় খবর পেয়ে রাসেল কবিরাজ নামের এক ব্যাক্তি অজগরটি নিরাপদে উদ্ধার করেন এবং উপজেলা সদরে নিয়ে আসেন। পরে বন বিভাগের সদস্যরা সেখানে গিয়ে অজগরটি নিজেদের হেফাজতে নেন। বিকেলে সেটিকে সুন্দরবনের গুলিশাখালী টহল ফাঁড়ি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘বর্ষা মৌসুমে সুন্দরবনসংলগ্ন এলাকায় খাদ্যের সন্ধানে বা জোয়ারের পানির সঙ্গে ভেসে মাঝে-মধ্যেই বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের প্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।’

ফুফুবা‌ড়ি বেড়া‌তে এসে পা‌নি‌তে ডু‌বে প্রাণ গেল শিশুর

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
ফুফুবা‌ড়ি বেড়া‌তে এসে পা‌নি‌তে ডু‌বে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাইফান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ এলাকায় এ ঘটনা ঘটে। সাইফান একই ইউনিয়নের মহিদেব কাচারি এলাকার লিমন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, প্রায় চার দিন আগে সাইফান তার মায়ের সঙ্গে কেবলকৃষ্ণ গ্রামের ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকাল ১১টার দিকে শিশু‌টি বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।